শিক্ষক পরিমলের যাবজ্জীবন কারাদণ্ড
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগের মামলায় প্রতিষ্ঠানটির বহিষ্কৃত শিক্ষক পরিমল জয়ধরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুর ২টায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেউদ্দিন আহম্মেদ এ রায় দেন।
এর আগে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পরিমলকে আদালতে নেওয়া হয়। আদালত দুপুর ২টায় রায়ের সময় ধার্য করেন। এর পর দুপুর ২টা পর্যন্ত আদালতের হাজতখানায় রাখা হয় তাকে। রায়ের সময় পরিমল আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করছেন বিশেষ পিপি ফোরকান মিয়া ও আসামিপক্ষে আছেন অ্যাডভোকেট মাহফুজ মিয়া। গত ১ নভেম্বর উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেউদ্দিন আহম্মেদ।
আদালত সূত্র জানায়, এ মামলায় ৩৭ সাক্ষীর মধ্যে ২৮ জন বিভিন্ন সময়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলার একমাত্র আসামি পরিমল দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, ভিকারুননিসা নহৃন স্কুলের বসুন্ধরা শাখার দশম শ্রেণির এক ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ২০১১ সালের ২৮ মে ধর্ষণ করেন শিক্ষক পরিমল জয়ধর। মোবাইল ফোনে এ ঘটনার ভিডিওচিত্রও ধারণ করেন তিনি। ভিডিওটি বাজারে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই বছরের ১৭ জুন ছাত্রীটিকে আবারও ধর্ষণ করেন পরিমল। একপর্যায়ে বিষয়টি জানাজানির পর বিক্ষোভে ফেটে পড়ে ভিকারুননিসার ছাত্রী ও অভিভাবকরা। দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে এ ঘটনায়। বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ পরিমলকে বরখাস্ত করে।
২০১১ সালের ৫ জুলাই রাজধানীর বাড্ডা থানায় পরিমলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ধর্ষণের শিকার ছাত্রীর বাবা। পরদিন ঢাকার কেরানীগঞ্জের এক আত্মীয়ের বাসা থেকে পরিমলকে গ্রেফতার করা হয়। ওই বছর ২৮ নভেম্বর পরিমলের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুবে খোদা চার্জশিট জমা দেন। এতে ভিকারুননিসার বসুন্ধরা শাখার প্রধান লুৎফর রহমান ও অধ্যক্ষ হোসনে আরা বেগমকে অব্যাহতির সুপারিশ করা হয়।
২০১২ সালের ৭ মার্চ পরিমল জয়ধরের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে চার্জ গঠন করেন আদালত। গোপালগঞ্জের কোটালীপাড়ার লাটেংগা গ্রামের বাসিন্দা পরিমল ২০১০ সালে ভিকারুননিসার বসুন্ধরা শাখায় বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন।











