বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়র-চেয়ারম্যান প্রার্থীরা পাবেন দলীয় প্রতীক

news-image

আগামীতে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন রাজনৈতিক দলের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সিটি করপোরেশনে মেয়র, উপজেলা পরিষদে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীক বরাদ্দ পাবেন। গতকাল জাতীয় সংসদ অধিবেশনে এসংক্রান্ত ৩টি বিল পাস হয়েছে। রোববার  সংসদে বিলগুলো পাসের প্রস্তাব উত্থাপন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। পরে কণ্ঠভোটে ওই বিল পাস হয়। এরআগে বিলের উপর আনীত জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। এসংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন বিরোধী দল জাতীয় পার্টির ফখরুল ইমাম, সেলিম উদ্দিন ও পীর ফজলুর রহমান এবং স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী ও হাজী মো. সেলিম। পাস হওয়া বিল ৩টি হচ্ছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল-২০১৫, স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) (সংশোধন) বিল-২০১৫ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল-২০১৫। গত ১১ই নভেম্বর সংসদে বিল ৩টি উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিল পাসের আগে সিটি করপোরেশনের মেয়র পদের পাশাপাশি কাউন্সিলর পদে এবং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের পাশাপাশি মেম্বর পদে দলীয় প্রতীক বরাদ্দ দেয়ার বিধান অন্তর্ভুক্ত করতে সংশোধনী প্রস্তাব জমা দেন সরকারের শরীক দল ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্যরা। পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ ও টিপু সুলতান পৃথকভাবে এই সংশোধনী প্রস্তাব উত্থাপনের পর তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। তবে সরকারি দলের সদস্যদের উত্থাপিত কয়েকটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়। বিলগুলোর উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে জনগণ ও জনপ্রতিনিধিদের পক্ষ হতে সরাসরি অংশগ্রহণে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার দাবি উত্থাপিত হয়ে আসছে। জনগণের গণতান্ত্রিক এই প্রত্যাশার প্রতি গুরুত্ব প্রদান করে রাজনৈতিক দলসমূহের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে দলীয়ভাবে মনোনীত প্রার্থীরা নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবেন। এতে প্রার্থীদের দায়বদ্ধতা সৃষ্টি হবে এবং যথাযথভাবে রাজনৈতিক অঙ্গীকার পালনের সুযোগ সৃষ্টি হবে। বিলে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার আইনে নির্বাচনে প্রার্থিতার জন্য রাজনৈতিক দল কর্তৃক প্রার্থী মনোনয়নের সুযোগ নেই। এজন্য রাজনৈতিক দল মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ করার বিধান সংযোজন প্রয়োজন। এজন্য আইনের ২ ধারায় রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর সংজ্ঞা সুনির্দিষ্ট করা প্রয়োজন। এ ছাড়া নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন পরিচালনার জন্য বিধি প্রণয়নের প্রয়োজন। এজন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯, স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইন-১৯৯৮ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯-এর ধারা ২ সংশোধন করাসহ আইনের অপরাপর ৩টি ধারায় প্রয়োজনীয় অনুচ্ছেদ সংশোধনের জন্য এই বিল আনা হয়েছে। উল্লেখ্য, সংসদের চলতি অধিবেশনে স্থানীয় সরকার সংক্রান্ত ৫টি বিল উত্থাপন করা হয়। বৃহস্পতিবার স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০১৫ জাতীয় সংসদে পাস হয়। আর স্থানীয় সরকার (জেলা পরিষদ) (সংশোধন) বিল-২০১৫ গত ১৬ই নভেম্বর সংসদ থেকে প্রত্যাহার করে নেয়া হয়।