প্রথম দিনে রংপুর-চিটাগং, ঢাকা-কুমিল্লা মুখোমুখি
বিপিএলের তৃতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে শুক্রবার। কিন্তু টুর্নামেন্ট শুরু হচ্ছে রবিবার। এবারের আসরে গ্রুপ পর্বে প্রতিদিন থাকছে দুটি করে খেলা। একটি ম্যাচ দুপুর দুইটায়, অন্যটি সন্ধা পৌনে সাতটায় শুরু। প্রথম দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ডাইনামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু তিনি এখন দেশে নেই। যুক্তরাষ্ট্রে। নবাগত সন্তানের পাশে। তার অনুপস্থিতি বড় ব্যাপার রংপুরের জন্য। কারণ, দলটির টার্গেট গেল দুই আসরের ব্যর্থতা ঘুঁচানো। জাতীয় দলের সাবেক কোচ শেন জার্গেনসনকে কোচ করেছে তারা। তবে খেলবেন তো খেলোয়াড়রা। সেই দলে আছেন জাতীয় দলের সৌম্য সরকার, আরাফাত সানিরা। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পেসার আল আমিন হোসেনও তাদের দলে। অলক কাপালি, সাকলায়েন সজিবদের সাথে বিদেশী হিসেবে থাকছেন মিসবাহ উল হক, ড্যারেন স্যামি, লেন্ডল সিমন্স, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজরা।
চিটাগং ভাইকিংসে আছে দুই জোড়া ভাই। তামিম ইকবাল ও নাফিস ইকবাল। উমর আকমল ও কামরান আকমল। উমর আবার জাতীয় দলে ডাক পাওয়ায় প্রথম দিকে থাকছেন না। জাতীয় দলের এনামুল হক বিজয় আছেন। আছেন নাঈম ইসলাম, জিয়াউর রহমানরা। শ্রীলঙ্কার জিবন মেন্ডিস খেলার অনুমতি পেয়েছেন। আছেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। স্পিনে আছেন বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী এনামুল হক জুনিয়র। আছেন ইলিয়াস সানি। পাকিস্তানের সাঈদ আজমলও আছেন। তবে স্পট ফিক্সিং কেলেঙ্কারি থেকে মুক্তি পাওয়া পাকিস্তানেরই পেসার মোহাম্মদ আমিরের কাছে চিটাগংয়ের অনেক প্রত্যাশা থাকবে। তিনি সাথে পাবেন বাংলাদেশের চমক তাসকিন আহমেদকে। জাতীয় দলের সাবেক খেলোয়াড় শফিউল ইসলামও এই দলের।
দিনের দ্বিতীয় খেলার দল ঢাকা ডাইনামাইটস। ঢাকা গ্ল্যাডিয়েটর্স আগের দুই আসরের চ্যাম্পিয়ন। ঢাকার ওপর শিরোপা জেতার বাড়তি চাপ থাকবে। তাদের নেতৃত্ব দেবেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। নাসির হোসেন এই দলের আইকন খেলোয়াড়। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের চমকের প্রত্যাশা তো থাকবেই। আবুল হাসান, ফরহাদ রেজারাও আছেন। স্পিনে আছেন ইয়াসির শাহ। মোশাররফ রুবেল, নাবিল সামাদরাও এই দলে। নাসির জামশেদ, নাসির, শামসুর রহমান, রায়ান টেন ডোসকাটের ব্যাটিংয়ের সাথে তরুণ মোসাদ্দেক হোসেন, সৌকত আলী বা ইরফান শাক্কুররা থাকছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আসরের নতুন এই দলটির উপর তাই সবার আলাদা নজর থাকবে। সফল তরুণ কোচ মোহাম্মদ সালাউদ্দিন এই দলের কোচ। বিসিবির সাবেক সভাপতি আহম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল এই দলের মূল কর্ণধার। শক্তিশালী একটি দল। মাশরাফির পাশে দেশী খেলোয়াড় হিসেবে আছেন ইমরুল কায়েস, লিটন দাস, শুভাগত হোম, ধীমান গোষ, সানজামুল ইসলাম, আরিফুল হক, মাহমুদুল ইসলাম, নাঈম জুনিয়র, আল ফারাবিরা। কামরুল হাসান ইনজুরিতে। শোয়েব মালিক পাকিস্তান দলের সাথে। আহমেদ শেহজাদও সেখানে। তবে মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, ক্রিসমার সান্টোকিরা আছেন। আরো আছেন সুনিল নারিন।











