তবু এ দেশ তাঁর স্বপ্নে, আত্মায়
একাত্তরের যুদ্ধশিশু শিখার মেয়ে ক্যাটরিনা। বাংলাদেশের প্রতি মায়ের মমত্ববোধ বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। গতকাল মুিক্তযুদ্ধ জাদুঘর থেকে তোলা ছবি ষ প্রথম আলোযুদ্ধশিশু শিখা কানাডার উদ্দেশে যখন বাংলাদেশ ছাড়েন তখন তাঁর বয়স মাত্র চার মাস। ওই বয়সের কোনো স্মৃতি কিংবা উপলব্ধি কারও স্মরণে আসার কথা নয়, যা তাঁকে আন্দোলিত করতে পারে। সেই শিখাই এ দেশকে আত্মায় ধারণ করে আছেন। তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন যে বাংলাদেশেই তাঁর শিকড়, এটাই তাঁর স্বপ্ন।
দেশ ছাড়ার ৪৩ বছর পর বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে শিখার হয়ে কথাগুলো বলছিলেন তাঁরই কন্যা ২১ বছরের ক্যাটরিনা। ১৯৭২ সালে কানাডার সমাজকর্মী বনি কাপুচিনো ফ্যামিলিজ ফর চিলড্রেন-এর পক্ষ থেকে ঢাকায় এসে যুদ্ধশিশুদের দত্তক নেওয়ার আয়োজন করেন। তিনি ও তাঁর সহকর্মীরা সে বছরের ১৯ জুলাই ১৫ জন যুদ্ধশিশু নিয়ে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন। এই পথ অনুসরণ করে যুদ্ধশিশুদের কানাডাসহ বিভিন্ন দেশে দত্তক হিসেবে নেওয়া শুরু হয়। যুদ্ধশিশুদের প্রথম দলে ছিলেন চার মাসের শিখা, যাঁকে দত্তক নিয়েছিলেন কাপুচিনো দম্পতি। তাঁরা শিখাকে গ্রহণ করেছিলেন নিজ পরিবারের মেয়ে হিসেবে।
একাত্তরের যুদ্ধশিশুদের মাতৃসম সেই বনির কাপুচিনোর সঙ্গে গতকাল শুক্রবার আলাপচারিতার আয়োজন করেছিল মুক্তিযুদ্ধ জাদুঘর। সেখানে তাঁরই সঙ্গে হাজির ছিলেন ক্যাটরিনা। ছিলেন বনির ছেলে রবিনহুড কাপুচিনো এবং নাতি কাইনান কাপুচিনো। আলাপচারিতায় নিজের মা শিখা সম্পর্কে ক্যাটরিনা বলেন, ‘আমার মা এ দেশটাকে তাঁর স্বপ্নে এবং আত্মায় লালন করেন। দুর্ভাগ্যজনকভাবে তিনি এখানে থাকতে পারেননি। কিন্তু তিনি আমায় বলেছেন, তাঁর শিকড় এখানেই।’
কথাগুলো বলতে গিয়ে বার কয়েক চোখ মুছলেন ক্যাটরিনা। বললেন, ‘চমৎকার এ দেশটাতে আমি আবার আসতে চাই আমার মা, বোনসহ।’
৮১ বছরের বনি কাপুচিনো বয়সের ভারে এখন অনেকটাই ন্যুব্জ। কিন্তু মানবতার প্রতি, অখ- মানবাত্মার প্রতি তাঁর দায়বদ্ধতা এখনো প্রবল। তাঁর নিজের দুই সন্তানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দত্তক নেওয়া ১৭ জন অনাথ শিশুকে তিনি লালন করেছেন সমান স্নেহে। যার মধ্যে শিখাও একজন। তিনি বলেন, যুদ্ধের অবস্থান সব সময়ই মানবতার বিরুদ্ধে। কেবল অহিংসা এবং ভালোবাসাই পারে এর বিপরীতে শক্তিশালী কিছু দাঁড় করাতে। আলাপচারিতায় বনি ও ক্যাটরিনা বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিনিধিদের নানা প্রশ্নের উত্তর দেন। আলাপচারিতার শুরুতে
মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘১৯৭১-এ যুদ্ধশিশুদের গ্রহণ করার মতো সামাজিক পরিস্থিতি ছিল না। আমাদের এ সীমাবদ্ধতা ছিল। কিন্তু মানবতার কোনো সীমা নেই। বনি কাপুচিনো সেটাই প্রমাণ করেছেন।’ আলাপচারিতা শেষে রবিনহুড কাপুচিনো প্রথম আলোকে বলেন, ‘আমার বাবা-মা প্রথম যখন সন্তান দত্তক নেন তখন আমার বয়স ১৮ বছর। আমি ভাগ্যবান যে আমি এমন বৃহৎ একটা পরিবারে বেড়ে উঠেছি যেখানে আছে ভালোবাসা, সৌহার্দ্যবোধ এবং সুখ-দুঃখ সবকিছু ভাগ করে নেওয়ার মানসিকতা।’
বনি দুস্থ শিশুদের পুনর্বাসনে নিরলসভাবে কাজ করছেন। চট্টগ্রামে তিনি প্রতিষ্ঠা করেছেন অনাথ আশ্রম ‘শিশুস্বর্গ’। নেপাল এবং ভারতেও রয়েছে তাঁর এমন কিছু প্রতিষ্ঠান।











