মুক্তি মিলেনি ব্রাহ্মণবাড়িয়া বিএনপি’র!
আমিরজাদা চৌধুরী : কারাগারের ফটক পেরুতে পারলেননা ব্রাহ্মণবাড়িয়া বিএনপি’র নেতারা। পুরনো মামলায় জামিন পেলেও নতুন মামলায় আটকে দেয়া হলো তাদের মুক্তি। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধশত নেতাকর্মী ধংসাত্বক ও নাশকতার ১২ মামলায় জেলে রয়েছেন এখন। ফলে জেলা শহর এখন বিএনপি’র নেতাকর্মী শূন্য। তবে শহরের আনাচা কানাচে মুক্তি চেয়ে সাটানো বাহারী রংয়ের পোষ্টারে নেতাদের চেহারা দেখা যাচ্ছে শুধু। দলীয় সুত্রে জানা যায়- গত ২৬ শে অক্টোবর বিভিন্ন ধরনের ১২ টি মামলার আসামী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাসহ ৪৬ জন আদালতে জামিন আবেদন করেন। তাদের মধ্যে ৪২ জন এর জামিন নামঞ্জুর করে আদালত জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন এনে গত ১৭ নবেম্বর নিম্ন আদালতে বেইলবন্ড জমা দেয়া হয়। এদিনই জামিনপ্রাপ্ত নেতাকর্মীদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৬(২) ধারার মামলায় (নং ৩৩,তারিখ ১১/১০/১৫ ইং) আবার গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মো: নাজমুল আলমের করা এই আবেদনে বলা হয়-‘আসামীগন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) নেতাকর্মী। আসামীগন তাদের সহযোগী এজাহারনামীয় অপরাপর আসামীদের সাথে একত্রিত হয়ে গত ১১ ই অক্টোবর রাত্রিকালীন মধ্যপাড়া ফখরুল মিয়ার বাড়িতে সরকার বিরোধী ধ্বংসাত্বক ও নাশকতামূলক কার্যকলাপ করার উদ্দেশ্যে গোপন মিটিং করা কালে রাত ৫ টার সময় এজাহারনামীয় আসামীদের গ্রেফতার করা হয়। বর্নিত আসামীরা তৎসময়ে পলায়ন করে মর্মে বিশ্বস্থসুত্রে জানা যায়। তদন্তে আসামীগন ঘটনার সঙ্গে জড়িত আছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। আসামীগন জিআর মামলায় জেল হাজতে আটক আছে মর্মে তদন্তে জানা যায়। সকল আসামীদেরকে সুত্রে বর্ণিত মামলায় গ্রেফতার দেখানোর প্রার্থনা করিলাম’। এই মামলার কারনে অন্যান্য মামলায় জামিন পেলেও বিএনপি’র নেতাকর্মীদের কারামুক্তি আটকে যায়। দলীয় সুত্র জানায়-জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক’শ নেতাকর্মীর বিরুদ্ধে ২০১৫ সালে মোট ১২ টি মামলা হয়। জেলা বিএনপি’র বর্তমান কমিটি,যুবদল,ছাত্রদল ও অন্যান্য সংগঠনের নেতাদের সবাইকে এসব মামলার আসামী করা হয়। তাদের মধ্যে গত ২৬ শে অক্টোবর জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি,সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন,সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি মো: শামীম মোল্লা,যুবদল সভাপতি মো: মনির হোসেন,ছাত্রদল সেক্রেটারী মো: ইয়াছিনসহ ৪৬ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এরমধ্যে ৪ জনের জামিন মঞ্জুর করে আদালত। বাকী ৪২ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয় । দলীয় সুত্র জানায়- আগের সব মামলায় উচ্চ আদালত থেকে নেতাকর্মীরা জামিন পান। নিম্ন আদালতে তাদের বেইলবন্ড জমা হওয়ার পর আরেকটি মামলায় গ্রেফতার দেখানোর কারনে কারগারে থাকা নেতাকর্মীদের আর মুক্তি মিলেনি। এই অবস্থায় কারাগারেই বন্দী হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া বিএনপি। এদিকে নেতাকর্মীরা জেলে যাওয়ার পর তাদের সমর্থকরা শহরে ব্যাপক পোষ্টার সাটিয়েছে মুক্তির দাবীতে। এসবেই শুধু নেতাকর্মীদের চেহারা দেখা যাচ্ছে। জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মঞ্জু বলেন- তাদের নেতাকর্মীদের সবাই মামলার আসামী। কয়েকজন ছাড়া এই মুহুর্তে সবাই জেলে রয়েছেন।
মুক্তির আকাঙ্ক্ষায় উদগ্রীব যে নেতারা: কারাগারে আটক নেতাকর্মীদের সবাই বেরিয়ে আসতে চান। তাদের মধ্যে একটু বেশি জলদিতে আছেন জেলা বিএনপির শীর্ষ ৩ নেতা। পৌরসভার নির্বাচনে দলের প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। তাদের মুক্তি চেয়ে সাঁটানো পোস্টারে একই সঙ্গে মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আকাঙ্ক্ষাও ব্যক্ত করা হয়েছে। নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনায় এই ৩ নেতাসহ দলের নেতাকর্মীরা মামলা থেকে ফ্রি হতে আগেভাগে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বলে দলীয় সূত্র জানায়।











