দ্রুত রায় কার্যকর করতে চায় সরকার
মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির আদেশ যে কোন দিন কার্যকর হতে পারে। সরকার দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকর করার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই রায় কার্যকর করতে চাইছে। এখন আদালতের নির্দেশনা জানিয়ে এই সংক্রান্ত একটি চিঠি সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেলা প্রশাসক বরাবর চিঠি দিবেন ও কারাগার কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। কারা কর্তৃপক্ষ সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিদ্ধান্তের জন্য অবগত করবে। সেটা পৌঁছানোর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সময় জানালেই কারা কর্তৃপক্ষ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যদের তাদের সঙ্গে দেখা করার জন্য ডেকে পাঠাবে। তারা দেখা করে যাওয়ার পর ফাঁসির আদেশ কার্যকর করার আগে ফাঁিসর প্রস্তুতি, স্বাস্থ্য পরীক্ষাসহ আনুসঙ্গিক যে সব প্রক্রিয়া রয়েছে তা করে রায় কার্যকর করা হবে।
সূত্র জানায়, এখন সরকার অপেক্ষা করছে মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরী তাদের বিরুদ্ধে অভিযোগ শিকার করে নিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন কিনা। রেজিস্ট্রারের তরফ থেকে আদালতের আদেশ সংক্রান্ত চিঠি পাওয়ার পর কারা কর্তৃপক্ষ তাদের কাছে এই ব্যাপারে জানতে চাইবে। তারা প্রাণ ভিক্ষার আবেদন করলে সেই ক্ষেত্রে কয়েকদিন সময় লাগতে পারে। আর তারা যদি প্রাণ ভিক্ষার আবেদন না করেন তাহলে ফাঁসির আদেশ দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করতে কোন বাঁধা নেই। এই তথ্য জানা গেছে সরকারের নীতি নির্ধারক মন্ত্রী পরিষদের সদস্যর কাছ থেকে। তিনি এটাও বলেছেন, সরকার তাদের বিচার কাজ আন্তর্জাতিক মানের করার জন্য অভিযুক্তকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। এই সুবিধা দেওয়ার কারণে সরকার অপেক্ষা করছিল তাদের বিরুদ্ধে রিভিউ আবেদন নিস্পত্তির জন্য। সেটা নিস্পত্তি হওয়ায় এখনও সরকার তড়িঘড়ি করে কোন বিতর্ক তৈরি করতে চাইছে না। ফাঁিসর আদেশ কার্যকর করার আগে সব সুযোগ দিতে চাইছে। তবে কালবিলম্ব করতে চাইছে না।
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রিভিউ খারিজের আদেশের কপি এলে আইন অনুযায়ী রায় কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রায় কার্যকর করা হবে। তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কিনা এটাতো একটা প্রশ্ন রয়েছে। এই জন্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সময় রয়েছে। তিনি বলেন, এই রায় কার্যকর করার জন্য আমরা আইন মেনে সব ঠিক করবো ও আমরা ব্যবস্থা নেবো।
এদিকে এই রায়ের প্রতিবাদে জামায়াতের পক্ষ থেকে হরতাল আহ্বান করা হয়েছে বৃহস্পতিবার। বিএনপি কোন কর্মসূচী এখনও দেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত এখনও রাজনৈতিক দল হিসেবে বিদ্যমান। এই জন্য তারা হরতাল দিতে পারে। জামায়াতের হরতাল জনগণ মানেনি। এখনও বিএনপির অবরোধ চলছেই। তারা অফিসিয়ালি অবরোধ প্রত্যাহার করেনি। জামায়াতকে কেনো নিষিদ্ধ করা হচ্ছে না জানতে চাইলে মন্ত্রী বলেন, আদালতে মামলা রয়েছে। আদালতের মাধ্যমেই আমরা সিদ্ধান্ত নেবো।
বিশস্ত সূত্র জানায়, জামায়াত তাদের নেতার রায় কার্যকর করাকে কেন্দ্র করে তারা যে কোন ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে বলে সরকারের কাছে ও গোয়েন্দাদের কাছে খবর রয়েছে। এই কারণে তাদের বিষয়গুলো বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নিবে। মন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আমেরিকার চেয়েও ভালো। দু’একটি অপচেষ্টা হচ্ছে। যুদ্ধাপরাধের বিচার ঠেকানো ও অন্য কোনো উদ্দেশ্য আছে দেশকে অস্থিতিশীল করতে। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
বুধবার বেলা সাড়ে ১১ টার পর পর সর্বোচ্চ আদালত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ খারিজ করে ফাঁসির রায় বহাল রাখে। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই রায় কার্যকর করার ব্যাপারে সরকারি সিদ্ধান্ত অনুসারে। সরকার আইনি নির্দেশনা মেনেই রায় কার্যকর করবে।
কবে নাগাদ এই রায় কার্যকর করা হতে পারে এই ব্যাপারে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনই কোন দিনক্ষন বলতে চাইছে না। কারণ এই ব্যাপারে সরকারের শীর্ষ পর্যায় থেকে সিদ্ধান্ত পাওয়ার পরই তারা সিদ্ধান্ত নিবে। তবে একটি সূত্র জানায়, সকল প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত তম সময়ের মধ্যে রায় কার্যকর করা হবে। দেশের পরিস্থিতি তারা খারাপ করতে চাইছে এই জন্য সরকার বেশি সময় নিয়ে ঝুঁিক বাড়াতে চাইছে না।
এদিকে এই রায় কার্যকর করার ব্যাপারে অ্যাটর্নী জেনারেল এডভোকেট মাহবুবে আলম বলেছেন, সরকার সিদ্ধান্ত নিলে সেই মোতাবেক জেল কর্তৃপক্ষ যেকোনো সময় ফাঁসি কার্যকর করতে পারবে। তিনি এটাও বলেন যে, এই রায় কার্যকর করার জন্য রিভিউর রায়ের কোনো শর্টকপিও লাগবে না।
তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় হওয়ার পর আদালতের কাছে জাজমেন্টের শর্টকপি চেয়েছিলাম। কিন্তু প্রধান বিচারপতি বলেছেন, রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ায় এই জাজমেন্টের শর্টকপির দরকার নেই। এটাও বলেছেন, স্থগিতাদেশ থাকলে শর্টকপি দরকার হতো। কোনো স্থগিতাদেশ নেই। তাই রায় কার্যকর করতে পারবে কারা কর্তৃপক্ষ।
অ্যাটর্নী জেনারেল আরো বলেন, আপীল বিভাগের রায় হওয়ার পর কারাগারে ডেথ রেফারেন্স পাঠানো হয়েছে। এই জন্য নতুন করে কোন পরোয়ানা পাঠাতে হবে না। আইন অনুযায়ী রিভিউ আবেদন করার সঙ্গে সঙ্গে তা স্থগিত হয়েছিল। রিভিউ খারিজ করার কারণে এখন তা নেই। কারা কর্তৃপক্ষ সরকারের আদেশে যেকোনো সময় মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করতে পারবে।
জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহম্মদ মাবরুর বলেছেন, তার বাবার সঙ্গে সাক্ষাতের পর প্রাণভিক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। রায়ের পর সাংবাদিকদের কাছে জানান, পরিবারের পক্ষ থেকে বাবার (মুজাহিদ) সঙ্গে দেখার করার চেষ্টা করা হবে। তার ইচ্ছার কথা জানালেই কেবল এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি অভিযোগ করেন, রায়ে আমরা হতাশ, অভিযোগের প্রমাণ মেলেনি, তারপরও ফাঁসি বহাল থাকলো। এতদিন আইনি প্রক্রিয়া চলছিল। তাই প্রাণভিক্ষার বিষয়ে ভাবা হয়নি। তবে এ ব্যাপারে এখনও পরিবারের কোনো সিদ্ধান্ত নেই। তবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের তরফ থেকে এই ব্যাপারে এখনও কিছু বলা হয়নি।
আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, আসামিরা প্রাণভিক্ষা না চাইলেও রাষ্ট্রপতি স্বপ্রণোদিত হয়ে দ- মওকুফ করতে পারেন। আসামীকে আবেদন করতেই হবে এমনই নয়।
অ্যাটর্নী জেনারেল বলেছেন, আসামির আবেদন ছাড়া রাষ্ট্রপতি দ- মওকুফ করতে পারেন না। এটি একটি সাংবিধানিক ক্ষমতা। এটা স্বপ্রণোদিত হয়ে রাষ্ট্রপতি দ- মওকুফ করতে পারেন না। ক্ষমা চাইতে হলে তাদেরকে আবেদন করতে হবে। এখন অপেক্ষা করতে হবে তারা ক্ষমা চান কিনা। তারা যদি কোনো ক্ষমা ভিক্ষা চান সেই কথা আলাদা।
ফাঁসি কার্যকর করার আগে কতদিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে এমন কোন সময় আছে কিনা জানতে চাইলে এ্যাটর্নী জেনারেল বলেন, আইনে নির্দিষ্ট করে কোনো সময় দেওয়া নেই। ক্ষমা চাওয়ার ব্যাপারে ওই দুইজনের কাছে জানতে চাইবে কারা কর্তৃপক্ষ। তারা ক্ষমা চাইলে সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর ক্ষমা না চাইলে অর্থ্যাৎ তাদেরকে ক্ষমা চাওয়ার আবেদন করার ব্যাপারে তারা যদি না জবাব দেন তাহলে তাদের রায় কার্যকর করা যাবে যে কোন সময়ে।
উল্লেখ, বুধবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ দুই রিভিউ আবেদনের রায় ঘোষণা করে। দুই ক্ষেত্রেই প্রধান বিচারপতি বলেন, ডিসমিসড। দুই শুনানিতেই আসামিপক্ষে ছিলেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আর সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এদিকে এই দুই নেতার রায় কার্যকর করার জন্য ও পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে গোটা দেশজুড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দারাও মাঠে রয়েছে। হামলার আশঙ্কায় সকল গুরুত্বপূর্ণ স্থাপনা, গির্জা, মন্দিরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। তল্লাশি চৌকিও বাড়ানো হয়েছে।
আমাদের সময়.কম











