জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনা
লুকাস বিগলিয়ার একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে আর্জেন্টিনা। শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে জিতে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে জেরার্দো মার্টিনোর দল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে প্রথম ম্যাচ হারা আর্জেন্টিনা পরের দুটি ম্যাচ ড্র করে। সেই সঙ্গে দশ দলের মধ্যে তালিকায় নবম স্থানে নেমে যায়। কলম্বিয়ার বারানকুইয়ার স্টাডিও মেট্রোপলিটন স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত আড়াইটায় শুরু হওয়া এই ম্যাচে মেসি-আগুয়েরো-তেভেজ কেউই ছিলেন না। তবে এই তিনজনকে ছাড়াই আগের ম্যাচে ব্রাজিলের সঙ্গে ড্র করা আর্জেন্টিনা কলম্বিয়াকে থেকেই চেপে ধরে। সফলতাও আসে ম্যাচের ২০ মিনিটেই। দলীয় নৈপুণ্যে দারুণ এক গোলে লিড নেয় আর্জেন্টিনা।
মিডফিল্ডার বিগলিয়া নিজেদের অর্ধে বল পেয়েই টেনে নিয়ে গিয়ে ডি বক্সের সামনে এভার বানেগাকে দেন। বানেগা আবার ডান দিকে বল বাড়ান এজেকুয়েল লাভেজ্জির কাছে। কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড অসপিনা এগিয়ে আসলে লাভেজ্জি বল বাড়ান পোস্টের সামনে। ফাঁকা পোষ্টে বল জড়াতে কোনো ভুল করেননি বিগলিয়া।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুবর্ণ একটি পেয়েছিলেন ডি মারিয়া। কিন্তু কাজে লাগাতে পারেননি। গঞ্জালো হিগুয়েনের দারুণ এক পাস থেকে ফাঁকায় বল পেয়েছিলেন ডি মারিয়া। তার সামনে শুধু কলম্বিয়ান গোলরক্ষক অসপিনা। বাঁ পায়ের শটে অসপিনাকে ফাঁকি দিলেও বল জালে জড়াতে পারেননি ডি মারিয়া। পিএসজির এই তারকার শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।
এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে কলম্বিয়া। ৫০ মিনিটে আর্জেন্টিনার দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের সামনে থেকে জোরালো একটি শট নেন ফাবরা। তবে তার শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। ৬৬ মিনিটে স্বাগতিক স্ট্রাইকার মুরিয়েলের শট উড়ে যায় পোস্টের ওপর দিয়ে।
৭০ মিনিটে হিগুয়েনকে উঠিয়ে তরুণ পাওলো দায়বালাকে মাঠে নামান আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো। দশ মিনিট পরে একটি গোলও করেছিলেন দায়বালা। তবে অফসাইডের কারণে গোলটি হয়ে যায়।নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল প্রায় করেই ফেলেছিলেন দায়বালা। ডি বক্সে তাকে বল দিয়েছিলেন পেরেজ। দারুণভাবে কলম্বিয়ার এক খেলোয়াড়কে কাটিয়ে শট নিয়েছিলেন দায়বালা। কিন্তু বল গোলরক্ষকের পায়ে লেগে দিক পরিবর্তন করে পোষ্টে লেগে ফিরে আসে।
অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে সমতায় ফেরানোর দারুণ এক সুযোগ পেয়েছিলেন মুরিলো। বক্সের ডানদিকে ওপরে ওঠা বলে ধরেতে গিয়ে নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন আর্জেন্টিনার গোলরক্ষক রোমেরো। সেখান থেকে কলম্বিয়ার চাওসের শট প্রতিহত হলেও বক্সের সামনে বল পেয়ে যান মুরিলো। রোমেরো তখনও গোলপোস্টে আসতে পারেননি। কিন্তু বল উড়িয়ে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন কলম্বিয়ান স্ট্রাইকার। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন ডি মারিয়া, মাশচেরানোরা।











