ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্টের নির্বাচন হয়ে গেল ভোটাররা জানলেন না
নিজস্ব প্রতিবেদক : ১০ হাজার ভোটারের কেউই জানলেন না নির্বাচনের কথা। কিন্তু নির্বাচন হয়ে গেছে গতকাল মঙ্গলবার। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় হয়ে থাকা রেডক্রিসেন্টের ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের নির্বাচন হলো একেবারেই গোপনে। ভোটার দূরে থাক, কাকপক্ষীও টের পেলো না। মজার ব্যাপার হচ্ছে গতকাল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষদিনে দুপুরের পর থেকে ইউনিট অফিসে তালা ঝুলিয়ে রাখা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৭টি পদে সরকারি দল মনোনীত প্রার্থীরাই শুধু জানতে পেরেছেন মনোনয়নপত্র দাখিলের কথা। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্টের এই ইউনিটটির ভাইস চেয়ারম্যান আল মামুন সরকার বলেছেন- তারা তফসিল ঘোষণার পর এর ব্যাপক প্রচার করেন। স্থানীয় পত্রিকায়ও তা ছাপা হয়। তারা গোপন নির্বাচনের আয়োজন করেননি। তফসিল ঘোষণার বিজ্ঞপ্তিতে দেখা যায়- ইউনিটের ২০১৬-১৮ সালের নির্বাচনের জন্য গত ১লা নভেম্বর তফসিলটি ঘোষণা করা হয়। সে অনুসারে ২রা নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, পরদিন ভোটার তালিকায় আপত্তি দাখিল ও নিষ্পত্তি, ১২ই নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণের উল্লেখ রয়েছে। ১৫ই নভেম্বর প্রার্থী মনোনয়নপত্র বিক্রয় ও গতকাল ছিল প্রার্থী মনোনয়নপত্র দাখিল। কিন্তু গতকাল দুপুরে সরজমিন হাসপাতাল রোডের রেডক্রিসেন্ট কার্যালয়ে গিয়ে ইউনিটের ২ জন স্টাফ ছাড়া কাউকে পাওয়া যায়নি। না কোন প্রার্থী, না ভোটার। সুনসান নীরবতা। ইউনিটের ঐ দুই কর্মচারী একটি কক্ষে ব্যস্ত ছিলেন টাকা গুনতে। তাদের কাছে নির্বাচন বিষয়ে জানতে চাইলে বিরক্ত হয়ে বলেন এসব বিষয় জানেন মামুন সাহেব আর খোকন ভাই। আপনি তাদের সঙ্গে যোগাযোগ করেন। তাদের একজন নিজের নাম আবদুল করিম, পদ সহকারী পরিচালক বলে জানান। তার কাছে তফসিলটি চাইলে সেটি দিতেও অপারগতা প্রকাশ করেন। এর আধঘণ্টা পর ইউনিট তালা দিয়ে চলে যান সহকারী পরিচালক আর তার সহকর্মী। পরে আল মামুন সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি একটি তফসিল ঘোষণার বিজ্ঞপ্তি সরবরাহ করেন। এসময় তিনি বলেন, তারা গোপন নির্বাচনের আয়োজন করেননি। বিজ্ঞপ্তি সব সরকারি দপ্তরের নোটিশ বোর্ডে টানানো হয়েছে। থানায় দেয়া হয়েছে। পত্রিকায়ও দেয়া হয়েছে। তবে তিনি এও বলেন একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলে তারা অন্যদের বুঝিয়ে শুনিয়ে বসিয়ে দিতেন। প্রধান নির্বাচন কমিশনার গোলাম মহিউদ্দিন খান খোকন ৭টি পদের জন্য ৭ জনই মনোনয়নপত্র দাখিল করেছে বলে নিশ্চিত করেন। তবে তাদের নাম তিনি জানেন না বলে জানান। অন্যত্র খোঁজ নিয়ে জানা গেছে, ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ নেতা জায়েদুল হক ও অ্যাডভোকেট এমদাদুল হক চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেন। সদস্য পদে মনোনয়ন দাখিলকারী নজরুল ইসলাম শাহজাদা জানান, তিনি ১০ হাজার টাকা জামানত, ২ হাজার টাকা ভোটার লিস্ট ও মনোনয়ন বাবদ ৫’শ টাকাসহ মোট সাড়ে ১২ হাজার টাকা দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইউনিটের মোট ভোটার কতো তা তিনি ঠিক জানাতে পারেননি। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনায় হয়ে থাকে। দেশের বিভিন্নস্থানে বসবাসকারী ইউনিটের সদস্যরা ভোট দিতে ব্রাহ্মণবাড়িয়া জড়ো হন। এবারই যার ব্যতিক্রম ঘটলো। রেডক্রিসেন্টের নির্বাচন হয়ে গেছে মুখেমুখে এখবর ছড়িয়ে পড়লে সদস্যরা তাজ্জব হয়ে যান। সদস্যরা বলেন তারা নির্বাচনের বিষয়টি ঘুণাক্ষরেও জানেন না। পত্রিকায় কবে প্রকাশ হলো নির্বাচনের সিডিউল? সেদিনকার স্থানীয় পত্রিকা বাজারে এসেছিলো কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে সদস্যদের মধ্যে। ইউনিটের ব্রাহ্মণবাড়িয়া অফিসের নিচতলাতেই প্রেস ক্লাব। সাংবাদিকরাও জানলেন না ওপর তলার নির্বাচনের বিষয়টি।











