ডিসেম্বরে চালু হচ্ছে টঙ্গী-ভৈরব রেলের ডাবল লাইন
গাজীপুরের টঙ্গী থেকে ভৈরব বাজার পর্যন্ত ৬৪ কিলোমিটার রেলের ডাবল লাইনের কাজ শেষ হয়েছে। ২ হাজার ২১৩ কোটি টাকা ব্যয়ে ডাবল লাইনটি আগামী ডিসেম্বর চালু হচ্ছে। এর ফলে পূর্বাঞ্চলের ট্রেন চলাচলের গতি বৃদ্ধি পাবে। বিশেষ করে ডাবল লাইনে উন্নীতকরণের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট এবং ঢাকা-ভৈরব-ময়মনসিংহ এই ৩টি করিডোরের লাইন ক্যাপাসিটি বৃদ্ধি পাবে।
বর্তমানে এ সেকশনে লাইন ক্যাপাসিটিতে ২২টি আন্তঃনগর, ১৮টি মেইল এক্সপ্রেস ও ৬টি কন্টেইনার ট্রেনসহ ৪৪টি ট্রেন চলাচল করছে। আর ডাবল লাইনটি চালু হলে লাইন ক্যাপাসিটি প্রায় দ্বিগুন হবে। ফলে অধিক সংখ্যক ট্রেন চালু করা সম্ভব হবে বলে রেলকর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।
এই ৩টি করিডোরের পাশাপাশি লাকসাম-চিনকি আস্তানা এবং ভৈরব ও দ্বিতীয় তিতাস সেতু নির্মাণ কাজও শেষ। সেতু দুটির নির্মাণ কাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম করিডোরে অধিক সংখ্যক কন্টেইনার ট্রেন পরিবহন করা সম্ভব হবে।
এতে করে পরিবহন মাধ্যমসমূহের মধ্যে রেলওয়েতে যাত্রী ও মালামাল পরিবহন বৃদ্ধি পাবে।
এছাড়া চট্টগ্রাম পোর্ট হতে বিভিন্ন অঞ্চলে আমদানী মালামাল ও চট্টগ্রাম পোর্টে বিভিন্ন রপ্তানি মালামাল স্বল্পমূল্যে পরিবহন করা যাবে। ফলে রেলওয়ের আয় বাড়বে এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে বলেও তাদের অভিমত।
জানা গেছে, নতুন এই ডাবল লাইনটি আগামী ডিসেম্বর মাসে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে রেলপথ মন্ত্রণালয় থেকে উদ্বোধনের তারিখ ও সময় চেয়ে ও প্রকল্প সম্পর্কে একটি সামারিও পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারিখ সময় দিলেই উদ্বোধনের দিন তারিখ ঠিক করা হবে। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে উদ্বোধন হতে পারে বলে রেল কর্তৃপক্ষ ধারণা করছেন।
প্রকল্পটির কাজ ২০১৪ সালের ৩১ ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। দেশে রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রকল্পটির কাজে বাধা সৃষ্টি হয়। সে কারণে প্রকল্পটির মেয়াদ বাড়াতে রাজি হয় দাতা সংস্থা এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সে হিসাবে প্রকল্পের নির্মাণকাজ গত অক্টোবর মাসে শেষ হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারিখ দিলেই যাত্রী চলাচলের জন্য ডাবল রেল লাইনটি খুলে দেয়া হবে।
উদ্বোধনের দিন থেকেই যাত্রীরা কম সময়ে স্বল্প খরচে টঙ্গী-ভৈরব রুটে ট্রেনে চলাচল করতে পারবে বলে তারা মনে করছেন।
রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, প্রকল্পের মূল কাজ শেষ হয়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্রসহ ৪টি নদীর ওপর ব্রিজের কাজ শেষ। মাটি ভরাটের কাজও শেষ হয়েছে। ডাবল লাইনের ট্রেন চলাচল শুরু হলে যাত্রীরা সহজে কম সময়ে স্বল্প মূল্যে চলাচল করতে পারবে। ট্রেনের সংখ্যাও বাড়বে। প্রধানমন্ত্রী সময় দিলেই আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করবো। এ ব্যাপারে আমরা প্রস্তুত আছি। খুব দ্রুতই আমরা এ লাইনে ট্রেন চালাতে পারবো।’
রেলওয়ে সূত্র জানায়, ২০০৬ সালে ১ জুলাই টঙ্গী-ভৈরব বাজার পর্যন্ত ডাবল লাইনের কাজের প্রক্রিয়া শুরু হয়ে গত বছর ৩১ ডিসেম্বর নির্মাণ কাজ শেষ করার কথা ছিল। কিন্তু বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধের কারণে নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি।
ঢাকা-চট্টগ্রাম পর্যন্ত ডাবল লাইনের অংশ হিসেবে টঙ্গী থেকে ভৈরব বাজার পর্যন্ত প্রকল্পটির ৬৪ কিলোমিটার রেললাইনের (লুপ লাইনসহ ৮৪ কিলোমিটার) কাজ শুরু হয় ২০১১ সালে। ঢাকা চট্টগ্রাম ৩২০ কিলোমিটারের মধ্যে টঙ্গী-ভৈরব ৬৪ কিলোমিটার একটি উপপ্রকল্প।
২ হাজার ২১৩ কোটি টাকা ব্যয়ে সিগন্যালিংসহ টঙ্গী থেকে ভৈরব বাজার পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্প অনুমোদিত হয় ২০১১ সালের জুলাই মাসে। কাজটি শুরু হয় ২০১১ সালের ২ নভেম্বর। এডিবি সহজ শর্তে এ প্রকল্পে ঋণ দেয়।
জানা গেছে, প্রকল্পের ভৌত অবকাঠামোর অগ্রগতি ১০০ ভাগ বলে দাবি করেছে রেল কর্তৃপক্ষ। এ পর্যন্ত এ প্রকল্পের রেললাইন বসানোর কাজ শেষ হয়েছে একইসঙ্গে প্রয়োজনীয় মালামাল সংগ্রহের কাজও শেষ হয়েছে। এ লাইনে ১১টি নতুন স্টেশন বিল্ডিং ও ২টি সিগন্যালিং ইক্যুইপমেন্ট ভবন নির্মাণ শেষ হয়েছে। ১৩টি স্টেশনের ২৩টি প্লাটফর্মের মধ্যে ২২টির কাজ সম্পন্ন হয়েছে। ১১টি স্টেশনে সিগন্যালিং তৈরির কাজ শেষ পর্যায়ে। এ ছাড়া ৫টি লেভেল ক্রসিং গেটের কাজ শেষ হয়েছে।
ইতোমধ্যে গত ৭ নভেম্বর টঙ্গী স্টেশন ও পূবাইলের ২টি ক্রসিং গেট উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। ১১টি পুরাতন লেভেল ক্রসিংয়ের আপগ্রেডের কাজ প্রায় শেষ হয়েছে বলে দাবি করেছে রেল কর্তৃপক্ষ।
চীনের ঠিকাদার প্রতিষ্ঠান সিআরএসসি ও সাব-কন্ট্রাকটর কোরিয়ার এল এস আইএস এবং দেশি সংস্থা ম্যাক্স ও তমা কনসোর্টিয়াম যৌথভাবে এ প্রকল্পের কাজটি করছে।











