‘মামলা-ওয়ারেন্ট ছাড়াই গণগ্রেপ্তার চলছে’
কোন সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা ছাড়াই বিরোধী মত ও পক্ষের লোকজনকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. খন্দকার মাহবুব হোসেন। অবিলম্বে এই গণগ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খন্দকার মাহবুব বলেন, আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন, সারা দেশে হাজার হাজার লোক গ্রেপ্তার করা হচ্ছে।
যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের বিরুদ্ধে কোন মামলা নেই-ওয়ারেন্ট নেই, অথচ গ্রেপ্তার হয়েছেন। এ কারণে দেশে বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, এ গণগ্রেপ্তারের ফলে গ্রাম পর্যায়ে মানুষকে আইন-শৃঙ্খলা বাহিনীর ভয়ে গ্রাম ছাড়া হয়ে বন-জঙ্গলে আশ্রয় নিতে হচ্ছে। মামলা-মোকদ্দমা ছাড়া অবিলম্বে গণহারে গ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই সভাপতি বলেন, যে দেশে সংবিধান ও আইনের শাসন রয়েছে বলা হয়, সে দেশে মানুষের মৌলিক অধিকার খর্ব করে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। সংবিধানে যে মৌলিক অধিকার ও আইনের শাসনের অধিকার দেয়া হয়েছে, তা থেকে একটা বিপরীত ধর্মী অবস্থানে চলছে দেশ। খন্দকার মাহবুব বলেন, সবচেয়ে বেশি আতঙ্ক হয়, একজন আইনজীবী হিসেবে যখন কাউকে গ্রেপ্তার করে কোন রকম তদন্ত, চার্জশিট ও বিচারিক আদালতের কোন রায় ছাড়াই তাকে জঙ্গি বলা হয়।
দোষী সাব্যস্ত ব্যক্তিকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত হিসেবে টেলিভিশনের সামনে হাজির করা হয়। বিচারের আগেই তাদের অপরাধী বলে জনসম্মুখে ছবি দেখানো হয়। এটা মানুষের মৌলিক অধিকারের পরিপন্থি, আইনের শাসনের পরিপন্থি। বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদকে ঘৃণা করে জানিয়ে খন্দকার মাহবুব বলেন, সত্যিকার অর্থে যারা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদে জড়িত তাদের নির্মূল করার জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। কাউকে ক্রসফায়ারে দিয়ে সন্ত্রাস দমন করা যায় না বলে মন্তব্য করে এ ব্যাপারে সরকারকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি। সম্মেলনে সরবরাহ করা সমিতির সভাপতি খন্দকার মাহবুব ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকনের স্বাক্ষর করা লিখিত বক্তব্যে বলা হয়, পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১২ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কাদের গ্রোর করা হচ্ছে এমন প্রশ্নে খন্দকার মাহবুব বলেন, বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধীপক্ষ।
এ সময় সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, রাজনৈতিক বিরোধী পক্ষকে নিয়ন্ত্রণ করার জন্যই সম্ভবত সরকার এটা করছে। আইন অনুসরণ না করে সরকার গণগ্রেপ্তার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ শওকাত আরা দুলালী ও সদস্য মির্জা আল-মাহমুদ উপস্থিত ছিলেন।











