সরাইলে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি, ২৫ দিনে ভর্তি-১৮৪ জন
স্টাফ রিপোর্টার সরাইল : বর্ষার পানি নামার সাথে সাথে সরাইলে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গ্রামেগঞ্জেই রোগীর সংখ্যা বেড়ে চলেছে। গত ২৫ দিনে সরাইল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে ১৮৪ জন। বাড়িতে বসে চিকিৎসা নিয়েছে আরো শতাধিক রোগী। অথচ ২১ অক্টোবর থেকে শনিবার পর্যন্ত হাসপাতালে নেই আই ভি (ইন্ট্রা ভেনাস) স্যালাইন। রোগীর স্বজনরা বাহিরের ফার্মেসী গুলো থেকে লাইন ধরে স্যালাইন ক্রয় করছে। আর খেঁটে খাওয়া অসহায় দরিদ্র রোগীরা স্যালাইন ক্রয় করতে না পেরে হ্যাঁ হুতাশ করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর হাসপাতালের স্টকে ছিল ২০০ আইভি স্যালাইন। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের প্রত্যেককে ১টি করে দেয়া হত সরকারি স্যালাইন। কিন্তু ২০ অক্টোবরের পর শেষ হয়ে যায় স্যালাইন। ২১ অক্টোবর থেকে আইভি স্যালাইন শুন্য হয়ে পড়ে সরাইল হাসপাতাল। তখন ভর্তিকৃত রোগীদের মধ্যে স্যালাইনের জন্য কিছুটা অসন্তোষ দেখা দেয়। অনেক রোগী বাহিরের লোকজনের কাছে হাসপাতালে স্যালাইন না থাকার বিষয়টি অভিযোগ আকারে জানান। ২১ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত হাসপাতালে শুধু ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে ১৮৪ জন। এর মধ্যে ৪২ জন পূরুষ, ৪৫ জন মহিলা ও ৯৭ জন শিশু। তারা কেউই হাসপাতাল থেকে আইভি স্যালাইন পায়নি। বিত্তশালী রোগীরা লাইন ধরে হাসপাতাল সংলগ্ন ফার্মেসী গুলো থেকে আইভি স্যালাইন ক্রয় করছেন। আর সরকারি স্যালাইন না থাকায় দরিদ্র রোগীরা হতাশায় ভুগছে। বাড়িউড়া গ্রামের তাছলিমা বেগম (৩০) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। স্যালাইন না থাকায় তিনি বাহির থেকে ক্রয় করে ভর্তি না হয়ে বাড়িতে চলে যান। গতকাল শনিবার ও হাসপাতালে ভর্তিকৃত চিকিৎসাধীন ৮ জন রোগীর সকলেই সরকারি স্যালাইন না পাওয়ার বিষয়টি জানিয়েছেন। একাধিক রোগী ক্ষোভের সাথে বলেন, সরকারি হাসপাতালে এক মাস ধরে স্যালাইন নেই। তাহলে এখানে ভর্তি থেকে লাভ কি? ডাক্তার আর বিল্ডিং দেখলে তো ডায়রিয়া ভাল হবে না। স্যালাইন যখন নিজেরাই ক্রয় করতে হবে। বাড়িতে চলে যাওয়াই ভাল। হাসপাতালের ষ্টোর কিপার মো. ইসমাঈল মিয়া গত ২৫ দিন ধরে স্টকে আইভি স্যালাইন না থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী সপ্তাহের মধ্যে স্যালাইনের ব্যবস্থা করা হবে। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনা আখতার বেগম গত ৩ সপ্তাহের অধিক সময় ধরে স্যালাইন না থাকার বিষয়টি স্বীকার করে বলেন, আসলে কেন্দ্রীয় ভাবেই এতদিন স্যালাইন ছিল না। তবে আগামী ২/১ দিনের মধ্যে স্যালাইনের ব্যবস্থা হয়ে যাবে।











