টেলিযোগাযোগ নীতিমালায় ব্যাপক পরিবর্তন আসছে
ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে টেলিযোগাযোগ নীতিমালায়। নতুন ১৯টি বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য-প্রশাসনিক ট্রাইব্যুনাল বা আপিল বডি গঠন, স্পেকট্রাম রোডম্যাপ নির্ধারণ, প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগের সুযোগ বাড়ানো, রেগুলেটরের কর্মপরিধি পুনঃনির্ধারণ, কোয়ালিটি অব সার্ভিসের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা। এসব বিষয় নিয়ে সুপারিশ করেছেন টেলিযোগাযোগ বিষয়ে লাইসেন্সধারী বিভিন্ন অ্যাসোসিয়েশন ও এ সেক্টর নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন টিআরএনবি। নতুন এসব বিষয় নীতিমালায় যুক্ত হতে যাওয়ায় টেলিকম সেক্টর আগের সব দুর্বলতা কাটিয়ে উঠবে বলে জানান সংশ্লিষ্টরা।
দীর্ঘ ১৭ বছর পর পরিবর্তন আনা হচ্ছে জাতীয় টেলিযোগাযোগ নীতিমালায়। সময় ও চাহিদার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রায় ঢেলে সাজানো হচ্ছে নীতিমালাকে। এ জন্য রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। নীতিমালায় অন্তর্ভুক্ত বিষয় নিয়ে বুধবার সচিবালয়ে একটি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ১৬ই নভেম্বর সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের টেলিযোগাযোগ নীতিমালা পর্যালোচনা করে। পরে বাংলাদেশের প্রেক্ষাপট ও ব্যবসার গুরুত্ব অনুধাবন করে নীতিমালা উপযোগী করা হয়েছে। এ প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রায়হান আখতার মানবজমিনকে বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে প্রাথমিকভাবে নীতিমালাটি চূড়ান্ত করা হবে।
সবকিছু ঠিক থাকলে সরকারের অনুমোদনের জন্য পরবর্তী মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থাপন করা হবে। তিনি বলেন, নীতিমালাটি নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের সঙ্গে বৈঠক করা হয়েছে। তাদের কাছ থেকে মতামত নেয়া হয়েছে। যেগুলো সময়োপযোগী মতামত বা সুপারিশ তা প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে নীতিমালায়। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের অপেক্ষায় রয়েছে। এটি উৎক্ষেপণ সম্পন্ন হলে স্যাটেলাইট থেকে প্রাপ্ত সেবা নতুন সম্ভাবনার দরজা খুলবে। যে কারণে নতুন নীতিমালায় স্যাটেলাইট ব্যবস্থাপনা এবং প্রাপ্ত সেবা সম্পর্কিত বেশকিছু বিষয় সংযুক্ত করা হচ্ছে। প্রযুক্তি নিরপেক্ষতার নীতির পাশাপাশি বেতার তরঙ্গ বা স্পেকট্রাম সম্পদের কার্যকর ব্যবহারের দিকনির্দেশনা থাকছে নীতিমালায়। কোন প্রতিষ্ঠানের কাছে অব্যবহৃত বেতার তরঙ্গ থাকলে তা গ্রহণযোগ্য উপায়ে ফেরত নিয়ে কার্যকর ব্যবহার নিশ্চিত করার ব্যবস্থা রাখা হচ্ছে।
এছাড়া নতুন নীতিমালায় সাধারণ মানুষের সাইবার জগতে অবাধ ও নিরাপদে কাজ করার পরিবেশ সৃষ্টির জন্য এ ব্যবস্থাপনায় দেশে ডাটা সার্ভার তৈরি, তথ্যের নিরাপত্তা এবং সাইবার অপরাধ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়গুলো সুনির্দিষ্ট করা হচ্ছে। ১৯৯৮ সালে সরকার প্রথম টেলিযোগাযোগ নীতিমালা তৈরি করলেও পরবর্তীতে ২০০১ সালে টেলিযোগাযোগ আইন করা হয়। সময়ের প্রয়োজন অনুভব করলেও দীর্ঘ সময়ে এ নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েও কোন সরকার তা বাস্তবায়ন করতে পারেননি। সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী দায়িত্ব নেয়ার পরপরই নীতিমালা পরিবর্তনের ঘোষণা দেন। কিন্তু এ নিয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ৭ই মে দেশের বর্তমান টেলিযোগাযোগ নীতিমালা সংশোধন করার ঘোষণা দেন। এরপরই নড়েচড়ে বসে মন্ত্রণালয়। তারা বিষয়টি নিয়ে দ্রুত কাজ শুরু করেন। সদ্য নিয়োগ পাওয়া প্রতিমন্ত্রী তারানা হালিম এখন ব্যস্ত সময় পার করছেন এ নিয়ে। নীতিমালার ওপর অনলাইনে মতামত নেয়ার কাজ এরইমধ্যে শেষ হয়েছে। গত ১২ই আগস্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ৭ দিনের জন্য নীতিমালার খসড়া দিয়ে মতামত চাওয়া হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৫০টি মতামত দিয়েছেন বিভিন্ন সেক্টরের সংশ্লিষ্টরা। বেশিরভাগ মতামতই খুব গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। নীতিমালায় স্থানীয়ভাবে টেলিযোগাযোগ পণ্য উৎপাদনের অনুকূল পরিবেশ সৃষ্টি, উন্মুক্ত প্রতিযোগিতামূলক বাজার, গ্রাহক অধিকার সুরক্ষা, সাইবার স্পেস ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ২০২১ সালের মধ্যে সকল ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন নীতিমালার খসড়ায় দেশে প্রথমবারের মতো বেতার তরঙ্গবিষয়ক আলাদা ইনস্টিটিউট স্থাপনের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি টেলিযোগাযোগ খাতে মানবসম্পদ উন্নয়নে পৃথক আরও একটি ইনস্টিটিউট স্থাপনেরও লক্ষ্য রয়েছে। লক্ষ্যমাত্রায় আরও রয়েছে ২০২১ সালের মধ্যে ৫০ শতাংশ এবং ২০২৫ সালের মধ্যে ৯০ শতাংশ মানুষকে ইন্টারনেট সেবার আওতায় আনা। মানসম্মত সেবা না পেলে গ্রাহক কিভাবে তার প্রতিকার পাবেন সে বিষয়টি সুনির্দিষ্ট করা হচ্ছে। ১১ই আগস্ট টেলিকম নিয়ে নিয়মিত কাজ করেন এমন সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সদস্যদের সঙ্গে বৈঠক করে মতামত নেয়া হয়েছে। সেসব মতামত এরইমধ্যে মন্ত্রীকে জানানো হয়েছে। তিনি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ওয়েবসাইটে সব শ্রেণী, পেশার মানুষের মতামত নেয়া শেষ হয়েছে। পরে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব ও বিভিন্ন অ্যাসোসিয়েশন যেমন আইসিএক্স, এনটিটিএন, পিএসটিএন ও আইজিডব্লিউ-এর প্রধানদের সঙ্গে বৈঠক করা হয়।
নীতিমালায় যেসব বিষয় প্রাধান্য দেয়া হচ্ছে: সবচেয়ে বেশি মতামত দেয়া হয়েছে টেলিযোগাযোগ নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিআরএনবি)-এর পক্ষ থেকে। তাদের দেয়া ১৩টি পরামর্শ আমলে নিয়েছে মন্ত্রণালয়। উল্লেখযোগ্য হচ্ছে- ডাটা সিকিউরিটি শক্তিশালী করা, প্রশাসনিক ট্রাইব্যুনাল বা আপিল বডি প্রতিষ্ঠা, প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগের সুযোগ বাড়ানো, এনটিপিতে সোশ্যাল মিডিয়া বিষয়ে কিছু দিকনির্দেশনা অন্তর্ভূক্ত, ব্রডব্যান্ড ও হাইস্পিড ইন্টারনেটের সংজ্ঞা অন্তর্ভুক্ত, রেগুলেটরির কর্মপরিধি পুনঃনির্ধারণ ইত্যাদি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ মেহেদি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ। এদিকে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটস (এমটব)-এর দিদারুল আলম তিনটি মতামত দেন।
এগুলো হচ্ছে-মার্জার অ্যান্ড অ্যাকুইজেশনের বিষয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে, লক্ষ্যসমূহ কনজারভেটিভ করা হয়েছে। টার্গেটের হার বৃদ্ধি করা যেতে পারে এবং সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবহারের মাধ্যমে দেশব্যপী কমন ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপন করা যেতে পারে। ফাইবার এট হোমের পক্ষে মইনুল দুটি মতামত তুলে ধরেন। প্রথমত কোয়ালিটি অব সার্ভিসের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা অন্তর্ভুক্ত করা যেতে পারে এবং বিনিয়োগ ও নিরাপত্তার দিকটি নিশ্চিত করতে হবে। নভোটেলের হাসিবুর রশীদ তার মতামতে বলেন, ইউনিফাইড লাসেন্স মনিটর করার ক্যাপাসিটি বিদ্যমান না থাকায় এ পর্যায়ে ইউনিফাইড লাইসেন্স চালু করা যথার্থ হবে না। ম্যাংগো টেলিকমের মান্নান খান বলেন, আমদানিকৃত সকল সফটওয়্যার ও হার্ডওয়্যারের ক্ষেত্রে দেশীয় ভেন্ডার প্রতিষ্ঠানের সক্ষমতা ও অংশগ্রহণ করার লক্ষ্যে বাধ্যতামূলকভাবে ১০ থেকে ১৫ শতাংশ বাংলাদেশের অভ্যন্তরে ভ্যালু এডিশন নিশ্চিত করা যেতে পারে।











