ঢাকার ইতিহাস
বুড়িগঙ্গা নদীর তীরে ব্যস্ত ঢাকা- ফ্রেডারিখ উইলিয়াম আলেকজান্ডার দ্য ফ্যাবেক আকা ছবি (১৮৬১)[১]
ঢাকা (ইংরেজি: Dhaka, ১৯৮২ সালের পূর্বে Dacca নামে লেখা হত) বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি শহর এবং বর্তমানে বাংলাদেশের রাজধানী। বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, খ্রিস্টিয় ৭ম শতক থেকে ঢাকায় লোক বসবাস শুরু করে। নবম শতকে সেন শাসন শুরু হওয়ার আগে ঢাকা বৌদ্ধ রাজ্য কামরূপ-এর অধীনে ছিল। [২] সেন পরবর্তী যুগে ঢাকা তুর্কি ও আফগান শাসনাধীন হয়। এসময় ঢাকা দিল্লী সালতানাত নির্ধারিত শাসকদের দ্বারা শাসিত হয়। ১৬০৮ সালে ঢাকায় প্রথম মুঘলদের পা পড়ে। ১৬১০ সালে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীর নগর। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যে দুর্বলতা দেখা দেয়ার সময়ে আঠারো শতকের শুরুতে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেয়া হয় মুর্শিদাবাদে। মুঘল পরবর্তীযুগে ঢাকা প্রায় ১৯০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকে। পরবর্তীতে ১৯৪৭ সালে ঢাকা পূর্ব বঙ্গের রাজধানি হিসেবে পাকিস্তানের অন্তর্গত হয়। ১৯৫৬ সালের ২৩ মার্চ ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে মর্যাদা দেয়া হয়। ১৯৭২ সালের সংবিধান অনুযায়ি ঢাকাকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষনা করা হয়।
মুঘল শাসন
মুঘল শাসনের পূর্বে বাংলা মুঘলবিরোধী বারো ভূঁইয়া কর্তৃক শাসন হত। বারো ভূইয়ার নিয়ন্ত্রণ থেকে বাংলাকে করতলগত করতে ১৫৭৬ থেকে ১৬০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বারবার চেষ্টা চালানো হয়। কিন্তু তারা সফল হয় না। মুঘল সম্রাট আকবরের সময় বাংলার রাজধানী ছিল বিহারের রাজমহল। ১৬০৮ খ্রিস্টাব্দে ইসলাম খান চিশতীকে সম্রাট জাহাঙ্গীর রাজমহলের সুবেদার নিয়োগ করেন। তিনি ১৬১০ সালে ঢাকা বিজয় করেন। এখানে উল্লেখ্য যে, বারো ভূইয়ার শাসনের সময় বাংলার প্রধান প্রশাসনিক কেন্দ্র ছিল সোনারগাঁও। দায়িত্ব নেবার পাঁচ বছরের মধ্যে ইসলাম খান চিশতী মুসা খাঁকে হত্যা করার মাধ্যমে বারো ভূইয়ার জমিদারি শাসনের অবসান ঘটান। বর্তমান চট্টগ্রামের কিছু অংশ বাদে পুরো সুবে বাংলা মোগল সাম্রাজ্যের অধীনে আসে। তিনি ১৬১০ খ্রিস্টাব্দে বাংলার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে রাজধানী রাজমহল থেকে সরিয়ে ঢাকায় স্থানান্তর করেন। অনেক ক্ষেত্রে জানা যায়, ঢাকা বিজয়ের ভবিষ্যৎ রাজধানীর সীমানা নির্ণয়ের উদ্দেশ্যে ঢাকিদের কয়েকজনকে নির্দেশ দেন সর্ব শক্তিতে ঢাক (বাদ্যযন্ত্র, ঢোল) বাজাতে আর তিনজন ঘোড়সওয়ার সৈন্যকে নির্দেশ দেন উত্তর, পূর্ব ও পশ্চিম দিকে ঘোড়া ছোটাতে। যে পর্যন্ত ঢাকের শব্দ শুনতে পাওয়া যায় সে পর্যন্ত গিয়ে নিশানা গেড়ে শহরের সীমানা নির্ধারণ করে তবেই তারা ফিরবে। ঢাকার নামকরণের ক্ষেত্রে অনেক গুলো মতবাদের মধ্যে এই মতবাদটিকেও ধরা হয়। যদিও এখন পর্যন্ত ঢাকার নামকরণের কোনো সুনির্দিষ্ট ইতিহাস নির্ণয় করা সম্ভব হয়নি। এখানে উল্লেখ্য, তৎকালীন মুঘল সম্রাট জাহাঙ্গীরকে সম্মান করে তার জীবতকাল পর্যন্ত ঢাকার নাম জাহাঙ্গীর নগর রাখা হয়েছিল।
১৬১০ সালে ঢাকা আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলেও এর মধ্যে অনেকবার সুবে বাংলার রাজধানী পরিবর্তন হয়। কয়েক বছর পরই ১৬৫০ খ্রিস্টাব্দে বাংলার সুবেদার নিয়োগ হাওয়ার পর শাহ্ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেন। কিন্তু ১৬৬০ সালে শাহ্ সুজার পতন ঘটে, মীর জুমলা আবারও ঢাকাকে রাজধানীর মর্যাদা ফিরিয়ে দেন। এরপর অনেক কাল ঢাকা নির্বিঘ্নে গৌরবের সাথে রাজধানীর মর্যাদায় অধিষ্ঠিত ছিল। ১৭১৭ সালে মুর্শিদ কুলি খান বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে স্থানান্তর করেন। এরপর ঢাকায় মোঘল শাসনামলে চলতো নায়েবে নাজিমদের শাসন। মীরজাফরের বিশ্বাসঘাতকতায় মুঘলদের পরাজয়ের পর আস্তে আস্তে ঢাকার গুরুত্ব কমতে থাকে।











