শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কয়েক হাজার মানুষকে ইউরোপে পাচার

news-image

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানী কয়েক হাজার মানুষকে ইউরোপে পাচার করা হয়েছে। তাদেরকে সার্কাসের লোক, অ্যাক্রোবেট, জাদুকরের মতো পেশার লোক দেখিয়ে পাচার করা হয়েছে। এক্ষেত্রে পুলিশ তাদের কাছ থেকে কমপক্ষে ১০ হাজার পাউন্ড ঘুষের বিনিময়ে পাঠিয়ে দিয়েছে ইউরোপের আকর্ষণীয় দেশ ইতালিতে। এমনই এক ঘটনায় ৩ বাংলাদেশী সহ মোট ৪১ জনকে আটক করা হয়েছে অপারেশন গোল্ডেন সারকাসে। আটক অন্যদের মধ্যে ২৮ জন ইতালির নাগরিক, ৮ জন ভারতীয়। একজন পাকিস্তানি। একজন রোমানিয়ার নাগরিক। এ খবর দিয়েছে লন্ডনের প্রভাবশালী পত্রিকা দ্য ডেইলি মেইল।

এতে বলা হয়েছে, সিসিলির পুলিশ বলেছেÑ ইতালি প্রবেশের জন্য অভিবাসীরা অসৎ পথ বেছে নিয়েছে। এক্ষেত্রে তাদেরকে নতুন নতুন সব পারফরমার, নৃত্যশিল্পী, সার্কাস ব্যবসার প্রযুক্তিবিদ সাজিয়ে চালিয়ে নেয়া হচ্ছে এ ব্যবসা। এ জন্য সিসিলির আঞ্চলিক কর্তৃপক্ষ ওইসব অভিবাসীকে অর্থের বিনিময়ে ভুয়া ভিসা দিচ্ছে। সার্কাসে যোগ দেয়ার কথা বলে যারা যাচ্ছেন তাদের প্রতিজনের কাছ থেকে আদায় করা হচ্ছে দুই হাজার থেকে তিন হাজার ইউরো। এ তথ্য দিয়েছেন তদন্তকারীরা। অপারেশন গোল্ডেন সারকাসে যাদেরকে আটক করা হয়েছে তার মধ্যে রয়েছেন একজন কাউন্সিল কর্মী। তিনি বিনোদন সেক্টরে কাজের অনুমতি বিষয়ক প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। যারা ইউরোপীয় ইউনিয়নের অভিবাসী নন তারা এই অনুমতি নিয়ে ইতালির ভিসা পেতে পারেন। এসব তথ্য যখন ফাঁস হয়ে পড়েছে তখন ১৮টি সার্কাসের মালিকের বিরুদ্ধে অবৈধ অভিবাসী নেয়া নিয়ে তদন্ত চলছে। পালেরমো পুলিশ ফ্লাইং স্কোয়াডের প্রধান রোদোলফো রুপার্টি এ বিষয় তদন্ত করছেন।

তিনি বলেন, হাজার হাজার ইউরোর বিনিময়ে বাংলাদেশী, ভারতীয় ও পাকিস্তানি অভিবাসীরা ওয়ার্ক ভিসার আওতায় ইতালিতে প্রবেশ করছে। এক্ষেত্রে শ্রম বিষয়ক আঞ্চলিক অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তারা সহযোগিতা করছেন। আমরা ধারণা করছি, কমপক্ষে ৫০০ বিদেশী ৭০ লাখ ইউরো ঘুষ দেয়ার সঙ্গে জড়িত। ফলে এখন যেসব খাতে এভাবে অভিবাসীদের কাজ দেয়া হচ্ছে তার সবই তদন্ত করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর কম করে হলেও ১২ লাখ অবৈধ অভিবাসী সীমান্ত পেরিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন।