শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসমা কিবরিয়া আর নেই

news-image

সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া আর নেই। গতকাল সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি… রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 


আসমা কিবরিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ রাজনীতিক ও বিশিষ্টজনরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোক বার্তায় বলেন, আসমা কিবরিয়ার মৃত্যুতে দেশ একজন সমাজসেবী ও গুণী চিত্রশিল্পীকে হারালো। প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার সহধর্মিণী আসমা কিবরিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে তিনি বলেন, আসমা কিবরিয়ার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মরহুমা একজন চিত্রশিল্পী হিসেবে দেশের চিত্রকলার ইতিহাসে তার নাম উল্লেখযোগ্য অবস্থানে থাকবে। তার অবদান বাংলাদেশের চিত্রকলাকে অনেক সমৃদ্ধ করেছিল। তার মৃত্যুতে দেশের চিত্রকলার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি চেয়ারপারসন।


আসমা কিবরিয়ার প্রথম নামাজে জানাজা গতকাল বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ জানাজায় শরিক হন। মরহুমা আসমা কিবরিয়ার দ্বিতীয় নামাজে জানাজা বাদ মাগরিব বনানী কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর বনানী কবরস্থানে স্বামীর কবরের পাশেই সমাহিত করা হয় তাকে। ১৯৩৭ সালে জন্ম নেয়া আসমা কিবরিয়া নিউ ইয়র্কের উন আর্ট স্কুল ও ওয়াশিংটনের কোরকোরান স্কুলে চিত্রকলা নিয়ে পড়াশোনা করেন। তিনি ছিলেন একজন খ্যাতনামা চিত্রশিল্পী। একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে স্বামী শাহ কিবরিয়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সহযোগিতা করে গেছেন স্ত্রী আসমা কিবরিয়া। রাজনৈতিক ব্যক্তিত্ব না হলেও সমাজ সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন তিনি। কিবরিয়া দম্পতির পুত্র ড. রেজা কিবরিয়া একজন স্বনামখ্যাত অর্থনীতিবিদ। কন্যা ড. নাজলী কিবরিয়া বস্টন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। 


২০০৫ সালের ২৭শে জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের ছোড়া গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন। আহত হন প্রায় অর্ধশত। গ্রেনেড হামলায় শাহ কিবরিয়া মারা যাওয়ার পর জনসম্মুখে আসেন আসমা কিবরিয়া। স্বামী হত্যার বিচারের দাবিতে তিনি রাজপথে নামেন। ‘শান্তির স্বপক্ষে নীলিমা’ ও ‘রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর’ নামে অভিনব ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করেন তিনি। তার এ শান্তিপূর্ণ কর্মসূচি সারা দেশে সর্ব মহলে প্রশংসিত হয়।