বগুড়ায় আনসারুল্লাহ বাংলা টিমের কমান্ডার গ্রেপ্তার
জামা’আতুল মোজাহিদীন বাংলাদেশ-জেএমবির পর বগুড়ায় এবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ্্ বাংলা টিম-এবিটি’। এজন্য গোপনে সদস্য সংগ্রহের কাজও শুরু করেছে নিষিদ্ধ ঘোষিত ওই সংগঠনটি। গোয়েন্দা সূত্রগুলো দাবি করেছে, একসময় ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিল এমন কয়েকজন ব্যক্তি বগুড়ায় এবিটিতে সংগঠিত হওয়ার কাজে যুক্ত হয়েছে। স্থানীয় জেলা কমান্ডারসহ দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তারের পর ওই সংগঠনটির তৎপরতা সম্পর্কে এসব তথ্য পেয়েছে পুলিশ। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলো আনসারুল্লাহ্্ বাংলা টিমের বগুড়া জেলা কমান্ডার মেহেদি হাসান জিহাদ ওরফে জিহাদ কাজী (২২) ও সহকারী কমান্ডার মুদাচ্ছির তানজিম (২০)। পুলিশ তাদের কাছ থেকে ৭৩২টি জিহাদি বই এবং বেশ কিছু ধারালো অস্ত্র আটক করেছে। এগুলোর মধ্যে রয়েছে দুটি চাকু ও তিনটি হাঁসুয়া। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
বগুড়ায় এক দশকেরও বেশি আগে জামা’আতুল মোজাহিদীন বাংলাদেশের (জেএমবি) মাধ্যমে প্রথম জঙ্গি তৎপরতা শুরু হয়। নিষিদ্ধ ওই জঙ্গি সংগঠনের তৎকালীন সামরিক শাখার অন্যতম কমান্ডার ছিলেন বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই। মূলত তারই তত্ত্বাবধানে বগুড়ায় জেএমবির উত্থান ঘটে। নিজ এলাকার অনেক যুবককে তিনি দলে ভিড়িয়ে ২০০৫ সালে দেশব্যাপী জঙ্গি তৎপরতা শুরু করেন। অবশ্য পরে আদালতের নির্দেশে বাংলা ভাইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর বগুড়ায় জেএমবির তৎপরতা অনেকটাই ঝিমিয়ে পড়ে। তার অনুসারীদেরও অনেকে আত্মগোপন করে। তবে বিভিন্ন সময় পুলিশের অভিযানে জেএমবির বেশ কিছু নেতা ধরা পড়ে।
বগুড়ায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে তারা বগুড়া সদরের মধ্যপালশা গ্রামে অভিযান চালান। এ সময় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আনসারুল্লাহ্্ বাংলা টিমের জেলা কমান্ডার মেহেদি হাসান জিহাদকে। সে ওই গ্রামের আবদুল মজিদ ওরফে শাহিনুরের ছেলে। তার বাড়ি থেকে জিহাদি বই ও ধারালো অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরে মেহেদি হাসান জিহাদের দেয়া তথ্য অনুযায়ী একই দিন দুপুরে জেলার কাহালু উপজেলার দেওগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় ওই সংগঠনের সহকারী জেলা কমান্ডার মুদাচ্ছির তানজিমকে। সে দেওগ্রামের ইয়াকুব আলীর ছেলে।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, আনসারুল্লাহ্্ বাংলা টিমের জেলা কমান্ডার মেহেদি হাসান জিহাদ একসময়ে সাংগঠনিকভাবে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিল। তবে পরে সে ছাত্রশিবির ত্যাগ করে জঙ্গি সংগঠনে নাম লেখায়। পড়ালেখায় অনিয়মিত জিহাদ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। তার বাবা আবদুল মজিদ ওরফে শাহিনুর পেশায় একজন ড্রাইভার। গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম বলেন, ‘ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।’
বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, কমান্ডার জিহাদ দুই বছর আগে শিবির ছাড়ে এবং চলতি বছরের মার্চে সে আনসারুল্লাহ্্ বাংলা টিমে যোগদান করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কিছুদিন আগে সে ওই সংগঠনের কমান্ডারের দায়িত্ব নেয়। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে গ্রেপ্তারকৃতরা জেলায় আনসারুল্লাহ্্ বাংলা টিমকে সংগঠিত করার চেষ্টা করছিল। এজন্য তারা গোপনে সদস্য সংগ্রহে তৎপরতাও চালাচ্ছিল।’ বড় ধরনের নাশকতার কোন ছক কষা হচ্ছিল কিনা- এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘এখন পর্যন্ত এ ধরনের কোন তথ্য পাইনি। তবে আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি।’











