বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেয়ে সেই গাড়িতে এমপি লিটন এলাকায়

news-image

'মোর ভয় নাগব্যার নাগচে' 

চতুর্থ শ্রেণির ছাত্র শিশু শাহাদাত হোসেন সৌরভকে (৯) গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় অবশেষে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দেশজুড়ে বহুল আলোচিত গাইবান্ধা-১ আসনের (সুন্দরগঞ্জ) আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন। চলতি সংসদ অধিবেশন চলাকালীন পর্যন্ত এ জামিন বহাল থাকবে বলে তাঁর আইনজীবীদের সূত্রে জানা গেছে।

গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার সকাল ১১টা ৫ মিনিটে পূর্বনির্ধারিত দিনে জামিন শুনানি শুরু হয়। সোয়া ১১টায় শুনানি শেষে ওই আদালতের বিচারক অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুল হাসান ইউসুফ অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ প্রদান করেন।

এ সময় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে আদালতে হাজির করা হয়নি। এমপি লিটনের বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা ও বাড়ি ভাঙচুরের দুটি মামলায় একই আদালতে গত বুধবার জামিনের আবেদন করা হয়। সে দিন হাফিজার রহমানের বাড়ি ভাঙচুরের জিআর ২৭৫ নম্বর মামলায় জামিন মঞ্জুর করলেও বিচারক সৌরভ হত্যাচেষ্টা জিআর ২৭১ নম্বর মামলায় জামিন নামঞ্জুর করেন। পরের দিন বৃহস্পতিবার ওই আদালতেই চতুর্থ দফায় জামিনের আবেদন করেন এমপি লিটনের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু। পরে বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুল হাসান ইউসুফ রবিবার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন।

 

আমলি আদালতের কোর্ট (জিআরও) মো. আবদুল মজিদ এমপি লিটনের জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু হত্যাচেষ্টা মামলায় বিচারক অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুল হাসান ইউসুফ এমপি লিটনকে ১০০ টাকার বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

 

এমপি লিটনের জামিন শুনানিকে কেন্দ্র করে রবিবার গাইবান্ধা আদালত চত্বর ও সংলগ্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে। আদালতের সিদ্ধান্ত জানতে আদালত চত্বর এবং প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয় সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য আদালতের বাইরে অপেক্ষা করছিলেন। এমপি লিটন সমর্থক দলীয় নেতাকর্মী এবং আত্মীয়-স্বজনরাও উল্লেখযোগ্য সংখ্যায় হাজির ছিলেন। রায় ঘোষণার পর তারা উৎফুল্ল হয়। তার সমর্থকরা দ্রুত শহরতলির ঝিনেশ্বর এলাকায় কারাগার প্রাঙ্গণে ছুটে যান।

সংবাদকর্মীরাও সেখানে ছুটে যান। কারাগারের উল্টোদিকে দোকানপাট ও রাস্তার পাশে মানুষের ভিড় জমে। তখন লিটনের কয়েকজন আইনজীবী আদালতের আদেশসবলিত কাগজপত্র নিয়ে জেল কর্তৃপক্ষের অফিসে প্রবেশ করেন। দুপুর ১২টার পর একটি লাল রঙের পাজেরো জিপে চড়ে এমপি লিটনের স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি ও অন্য আত্মীয়স্বজন কারাগার প্রাঙ্গণে প্রবেশ করে।

এর পরপরই লিটন ভেতর থেকে বেরিয়ে আসেন। ক্লিনসেভড লিটনের পরনে ছিল সাদা ফুলহাতা শার্ট ও কালো প্যান্ট। তিনি বের হয়ে ঘনিষ্ঠ দু-একজনের সঙ্গে কুশল বিনিময় করেন। সমর্থকরা তাকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান। সাংবাদিকরা এ সময় প্রশ্ন করার চেষ্টা করলে তিনি কোনো উত্তর না দিয়ে দ্রুত গাড়িতে উঠে পড়েন। দেখা যায় যে গাড়িতে চড়ে এমপি লিটন শিশু সৌরভের পায়ে গুলি করেছিলেন সেই গাড়িতেই এসে ওঠেন তিনি। পুলিশের একটি গাড়ি ও সমর্থকদের মোটরসাইকেল এ সময় তাঁকে অনুসরণ করে।

গাড়িটি গাইবান্ধা শহরের আওয়ামী লীগদলীয় এক নেতার বাড়িতে আসে। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে তিনি সুন্দরগঞ্জের বামনডাঙ্গাসংলগ্ন উত্তর শাহবাজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। জামিনপ্রাপ্তির পর এমপি লিটনের অন্যতম আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু জানান, রবিবার থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে এমপি লিটন যাতে অংশ নিতে পারেন সে জন্যই আদালতের কাছে জামিন আবেদন দাখিল করা হয়। শুনানি শেষে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। সংসদ অধিবেশন চলাকালীন পর্যন্ত এ জামিন বহাল থাকবে।

 

লিটনের এলাকায় আসার খবর সুন্দরগঞ্জ ও তাঁর গ্রামের বাড়ি বামনডাঙ্গাসহ আশপাশের এলাকায় পৌঁছলে সেখানে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তবে এতে মানুষের মধ্যে বাড়তি কোনো আগ্রহ লক্ষ করা যায়নি। তাঁর সমর্থকদের দাবি, লিটন আগের মতোই এমপি হিসেবে তাঁর দায়িত্ব পালন করবেন। তবে লিটনবিরোধী আন্দোলনের অন্যতম নেতা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, লিটন জামিন পাওয়ার পর তাঁর সমর্থনে একটি মহল আবারও তৎপর হয়ে উঠেছে। তারা লিটনের ওই অপকর্মের বিরোধিতাকারীদের হুমকি দিতে শুরু করেছে। এমনকি তাঁকেও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে নিজের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন।