বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে হামলে পড়তে আইএস স্বীকারোক্তির চেষ্টা: শেখ হাসিনা

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএস আছে এমন স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছে আন্তর্জাতিক মহল। বাংলাদেশের ওপর যেন হামলে পড়তে পারে সে কারণে এ ধরনের চেষ্টা হচ্ছে।

আজ রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নেদারল্যান্ডস সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এ কথা বলেন।

সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ওপর যেন হামলে পড়তে পারে সে জন্য দেশে আইএস আছে, জঙ্গি আছে এটা স্বীকার করানোর চেষ্টা হচ্ছে। এ ধরনের একটা পরিকল্পনা অনেকের আছে। এই যে বিভিন্ন গুপ্তহত্যা হচ্ছে। এর মাধ্যমে দেশের মধ্যে অস্থিতিশীলতা আনার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে যদি আইএস আছে, জঙ্গি আছে একবার স্বীকার করানো যায়, তাহলে বাংলাদেশের কী অবস্থা হবে, দেশের মানুষকে একবার ভেবে দেখতে হবে। সিরিয়া, মিশর, আফগানিস্তান, ইরাকে, পাকিস্তানে কী হচ্ছে। বাংলাদেশকে নিয়ে একটা ষড়যন্ত্র আন্তর্জাতিকভাবে যেমন আছে, বাংলাদেশের কিছু মানুষ তাদের সঙ্গে আছে। জাতি হিসেবে ঐক্যবদ্ধ না হলে আমাদের সর্বনাশ হবে।

শেখ হাসিনা বলেন, ‘আমার কথা স্পষ্ট, দেখতে পাচ্ছি, ঘটনা কারা ঘটাচ্ছে। যেই ঘটনা ঘটাচ্ছে দেখছি, একটি বিশেষ দলের সদস্য। ছাত্রজীবনে শিবির অথবা বিএনপি করত। আজকে বাংলাদেশ যখন সুখে আছে, তখন অনিরাপদ অনিরাপদ বলা হচ্ছে। জঙ্গি, আইএস আছে। এগুলো আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে। আমাদের দেশের মানুষ এ ধরনের না। ইমাম বাড়ায় যারা মারা গেল তারাও সুন্নি, যারা আহত হলো তারাও সুন্নি। খুঁজে বের করার চেষ্টা করছি, এসব ঘটনায় কারা অর্থায়ন করছে। একটা দল অর্থায়ন করছে, মাঠে থেকে খুন-খারাবি আরেকটা দল করছে। এটা একেবারে স্পষ্ট।’ এসব ঘটনা ঠেকাতে ভাইবারসহ কিছু অ্যাপস বন্ধেরও ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমি কাউকে পরোয়া করি না। অনেক বাধা অতিক্রম করছি। কাজেই আমাদের ভাবতে হবে, এই ষড়যন্ত্রে পা দেব কি না? হাঁড়ির ভাত একটা টিপলেই বোঝা যায়, এগুলো কারা করেছে কে করেছে। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ অনেক নিরাপদ।’ তিনি বলেন, বাংলাদেশে একটা চক্রান্ত তো হচ্ছেই। যে কারণে তালিকা করে সাংবাদিক বলেন, লেখক, প্রকাশক, রাজনীতিবিদদের তালিকা করে হত্যা করা হচ্ছে। আর সব তালিকার শীর্ষে তিনিই আছেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যতটুকু নিরাপত্তা দেওয়ার দরকার, তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কম্ববিং অপারেশন শুরু হয়েছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করা দরকার। এ জন্য দেশবাসিকে সহযোগিতা করতে হবে।

লেখালেখিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়

লেখালেখির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘লেখার ব্যাপারে একটা কথা বলব-আমরা সেক্যুলার ডেমোক্রেসিতে বিশ্বাস করি। সংবিধান প্রত্যেক ধর্মের পালনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। আমি একটা ধর্ম পালন করি। আমি আল্লাহকে মানি, নবী করিমকে (স.) মানি। আমি আমার ধর্মকে মানি। কিন্তু আমার এ ধর্মকে নিয়ে কেউ যদি বিকৃত লেখা লেখে। যদি কেউ নোংরামি করে, নোংরা লেখা লেখে। তাহলে আমার সেন্টিমেন্টে লাগবে, আপনার সেন্টিমেন্টে লাগবে। বা কোনো হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে লিখলে তাদের লাগবে, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের যিশুখ্রিষ্টের বিরুদ্ধে লিখলে তাদের লাগবে। কাজেই লেখালেখির বিষয়ে সতর্ক করা আর কিছু না; কারও ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে, এই ধরনের লেখা যেন প্রকাশ না করা হয়, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এই ধরনের কথা যেন বলা না হয়।

শেখ হাসিনা বলেন, আমি নিজের ধর্মকেও বিশ্বাস করি, অন্যের ধর্মকেও সম্মান করি। কারণ সেক্যুলারিজম মানে ধর্মহীনতা না। কেউ যদি ধর্ম মানতে না চায়, তাহলে সেটা তার ব্যাপার। তার সেই বিশ্বাস নিয়ে সে থাকবে। কিন্তু অন্যের ধর্মকে আঘাত দিতে পারবে না। এটাই হচ্ছে মানবিক গুণ। কিন্তু বিকৃত করে লেখা কোনো মানবিক গুণ না। এটা বিকৃত। এটা বিকৃতি লালসা চরিতার্থ করা। সেইগুলি বন্ধ করতে হবে। এটাই বলা হয়েছে। লিখতে কাউকে বন্ধ করতে বলা হয়নি। সতর্কতা অবলম্বন করতে বলা হয়নি। একটা কথা বলা হয়েছে, কারও ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না করা হয়।’ প্রধানমন্ত্রী নামাজ পড়েন এবং কোরআন তেলোয়াতের মাধ্যমে তাঁর দিন শুরু করেন বলেও জানান।

শেখ হাসিনা বলেন, ‘আমি বললাম তো আমি খুব খোলামেলা কথা বলি। আমার যেটা অনুভূতিতে আসে সেটা বলি। যেটা আমি উপলব্ধি করি, সেটা বলি। কারণ আমি সব ধর্মকে সম্মান করি। জানি না কার মাঝে কি শক্তি আছে। কারণ বিচার তো করবেন আল্লাহ। উনিই শেষ বিচার করবেন। সেটাই বলা হয়েছে, অন্যভাবে নেবেন না। একটা দুটি ঘটনা-ঘটিয়ে উদ্দেশ্য চরিতার্থ করানোয় ওদের উদ্দেশ্য। ওরা ওটাই চাচ্ছেন। তাহলে কেন আমরা ওটা হতে দেব। মনোবল ভেঙে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালানো হচ্ছে।’

সরকার নিরাপত্তা নিচ্ছে

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার সেটা দিয়ে যাচ্ছি। আমরা দিয়ে যাব। কিন্তু আমি মনে করি, এ জন্য প্রত্যেকের মনে মধ্যে সাহস থাকতে হবে। যেকোনো অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। রাষ্ট্র আপনাকে যেভাবে নিরাপত্তা দেবে, একই সঙ্গে আপনাকেও সতর্ক থাকতে হবে। আমরা নিশ্চয় নন্দলাল হতে চাই না। নন্দলাল তো একদা করিল ভীষণ পণ, যে করেই হোক সে রাখিব জীবন। সেই রকম হতে চাই না। এ অবস্থা যারা সৃষ্টি করছে, সব সচেতন নাগরিক মিলে এটা মোকাবিলা করতে হবে, তাদের ধরতে হবে।

সাংবাদিকদের করা অপর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘উনি বলেছেন, জাতীয় সংলাপ করা হলে-এটা বন্ধ করা হবে। তার মানে এখানে তাঁর হাত আছে। অথবা ওনার গুণধর পুত্রের সঙ্গে মিলে গোট পাকাচ্ছেন। ওনার বক্তৃতা-বিবৃতিতে যেখানে তিনি জাতীয় সংলাপ কিংবা ঐক্যবদ্ধ হতে বলেছেন সেখানে আমাকে কী নামে অভিহিত করা হয়েছে, সেটাও আপনারা দেখেছেন। তিনি যদি ওই নামে অভিহিতও করেন, আবার বসতেও চান-এটা কেমন কথা।’

বিএনপি-জামায়াতের লোক আ.লীগে দরকার নেই

শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘আমি আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা-কর্মীকে আহ্বান জানাচ্ছি, আমাদের যথেষ্ট লোকবল আছে, সমর্থন আছে। ওই বিএনপি-জামায়াতের লোক ভালো হয়েছে মনে করে যুবলীগ, ছাত্রলীগ বা স্বেচ্ছাসেবক লীগে যোগদান করানো না হয়। কারণ এরা যে অপরাধ করেছে, এরা মানুষের জাত না। অনেক সময় গ্রুপিংয়ে দল ভারী করার জন্য নেয়, আমি কিন্তু এর বিপক্ষে। বিএনপি-জামায়াতের কাউকে আর আওয়ামী লীগে গ্রহণ করা হবে না।

মুক্তিযোদ্ধাদের বিচার চাওয়ার বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিকে ‘গর্হিত’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যুদ্ধাপরাধীদের বিচার জাতির দাবি, বিচার করতেই হবে, দ্রুত করতে হবে। সুতরাং কে কি বলল, কে কার পক্ষে সাফাই গাইল তাতে কিছু আসে যায় না।

সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান