ক্ষতিপূরণ নয়, ঋণ দিচ্ছে দাতারা
বৈশ্বিক চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী জলবায়ু তহবিলে টাকা আসছে না। ঢাকঢোল পিটিয়ে কোটি কোটি ডলারের প্রতিশ্রুতি দিলেও শিল্পোন্নত দেশগুলো এ তহবিলে অর্থায়ন করছে না। জলবায়ু ঝুঁকির শীর্ষে থাকা বাংলাদেশ এ তহবিলের বড় দাবিদার হলেও গত পাঁচ বছরে কোনো অর্থ জোটেনি। গত শুক্রবার জাতিসংঘের জলবায়ু প্রতিষ্ঠান গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) বাংলাদেশের একটি প্রকল্পের অধীনে অনুদানের নামে কৌশলে ঋণ হিসেবে অর্থ অনুমোদন দিয়েছে। এ নিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, প্যারিস জলবায়ু সম্মেলনের আগে ক্ষতিপূরণের অর্থ ঋণ হিসেবে গছিয়ে দিয়েছে শিল্পোন্নত দেশগুলো।
জলবায়ু তহবিলে অর্থায়নে প্রতিশ্রুতি রাখছে না দাতারা। ২০১০ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত শিল্পোন্নত দেশগুলো জলবায়ু তহবিলে ৩৫ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও গত ১৫ অক্টোবর পর্যন্ত এ তহবিলে মাত্র ২ দশমিক ৬ বিলিয়ন ডলার দিয়েছে তারা। দাতাদেশগুলো তহবিলে অর্থ প্রদান না করায় অভিযোজন ও এলডিসিএফ তহবিল শূন্য হয়ে আছে দীর্ঘদিন। অর্থের অভাবে নতুন করে প্রকল্পও নিতে পারছে না জলবায়ু ট্রাস্ট ফান্ড। বাজেটে বরাদ্দের ওপরই সীমাবদ্ধ হয়ে পড়েছে জলবায়ু প্রকল্পের কাজ। চলতি বছরের ৩০ আগস্ট পর্যন্ত সবুজ জলবায়ু তহবিলে (জিসিএফ) শিল্পোন্নত ও উদীয়মান অর্থনীতির ৩৪টি দেশ ১০.দশমিক ২ বিলিয়ন ডলার প্রদানের ঘোষণা দিলেও, চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিশ্রুত অর্থের মাত্র ৩৭ শতাংশ দিয়েছে।
গত শুক্রবার জাতিসংঘের 'গ্রিন ক্লাইমেট ফান্ড' পেরু, মালাবি, সেনেগাল, ফিজি, মালদ্বীপ ও বাংলাদেশকে ১৬ কোটি ৮০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী শিল্পোন্নত দেশগুলো এ তহবিলে ক্ষতিপূরণ হিসেবে এ অর্থ দেওয়ার কথা থাকলেও নানা কৌশলে ঋণ হিসেবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে তা গছিয়ে দেওয়া হলো। একই সঙ্গে এডিবি, জার্মান ব্যাংক ও বিশ্বব্যাংকসহ বহুজাতিক অর্থ লগি্নকারী কয়েকটি প্রতিষ্ঠানকে এ তহবিলের ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঋণ অনুমোদনের পর ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে- ডিসেম্বরে প্যারিসে জলবায়ু সম্মেলনের আগে একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে পাঁচটি দেশকে ক্ষতিপূরণের নামে ঋণ দিয়ে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। উদাহরণ হিসেবে এ ঋণ অন্য ক্ষতিগ্রস্ত দেশগুলোকেও নিতে বাধ্য করা হতে পারে।
বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক তহবিল গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ঋণ দেওয়া হচ্ছে। তবে এমন কথা ছিল না। কথা ছিল, জলবায়ু তহবিল অনুদান হিসেবে দেওয়া হবে। এ বিষয়গুলোকেও প্যারিস সম্মেলনে তুলে ধরতে হবে।
গত ৬ থেকে ৭ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিত শিল্পোন্নত দেশগুলোর বৈঠকে ২০১৬ সালের মধ্যে ৬০ বিলিয়ন ডলার (জাতীয় আয়ের ১ শতাংশ) জলবায়ু তহবিলে অর্থায়নের অঙ্গীকার করা হলেও এ অর্থ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ না ঋণ হিসেবে দেওয়া হবে তা স্পষ্ট নয়। এ নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে দাবি উঠেছে 'ঋণ না অনুদান'- এ নিয়ে টালবাহানা শুরু করেছে শিল্পোন্নত দেশগুলো। অভিযোগ উঠেছে, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী শিল্পোন্নত দেশগুলো স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সরকারি উৎস থেকে জলবায়ু তহবিলে অনুদান হিসেবে অর্থায়ন করার প্রতিশ্রুতি দিলেও এখন তারা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণ হিসেবে অর্থ চাপিয়ে দিচ্ছে। ফার্স্ট স্টার্ট তহবিলে জাপান ১৫ বিলিয়ন ডলার দেওয়ার কথা বললেও প্রকৃত অর্থে তারা মাত্র ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার দিয়েছে। বাকি অর্থ আগেই ঋণ ও অনুদান হিসেবে বিভিন্ন দেশকে দেয় জাপান। অথচ এখন তারা এই অর্থও জলবায়ু তহবিলের অর্থ হিসেবে গছিয়ে দিচ্ছে এবং জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে এ অর্থ প্রদান করেছে বলে প্রচার করছে। এ সুযোগ নিয়ে শিল্পোন্নত অনেক দেশ জলবায়ু তহবিলে অর্থ দিচ্ছে, এ অজুহাতে উন্নয়ন সহায়তা একেবারেই কমিয়ে দিচ্ছে।
এ বিষয়ে টিআইবির জলবায়ু অর্থায়নে সুশাসন (সিএফজি) বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জাকির হোসেন খান সমকালকে বলেন, আগামী ডিসেম্বরে প্যারিসে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনের জন্য তৈরি করা খসড়া চুক্তির একটি প্যারায় অর্থায়নকে ঋণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। জলবায়ু অর্থায়ন বিষয়ে সিএসআরএলের ভাইস প্রেসিডেন্ট জিয়াউল হক মুক্তা বলেন, জিএসএফ থেকে অর্থ পেতে অভ্যন্তরীণ যে ধরনের কাঠামো দরকার, বাংলাদেশ তা করতে পারেনি। এ কারণে বাংলাদেশ এ তহবিলের অর্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। অথচ জিএসএফের বিকল্প সদস্য হয়েও বাংলাদেশ তহবিল ব্যবস্থাপনায় সক্ষমতার প্রমাণ দিতে পারেনি। দেশীয় জলবায়ু প্রকল্পে অর্থায়ন ও স্বচ্ছতা দেখাতে না পারলে বাংলাদেশ কখনই জলবায়ু তহবিল থেকে টাকা পাবে না।
বৈশ্বিক জলবায়ু চুক্তির অধীনে শিল্পোন্নত দেশগুলোর ২০২০ সাল নাগাদ প্রতি বছর উন্নয়ন সহায়তার অতিরিক্ত ও নতুন অর্থ হিসেবে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার কথা থাকলেও তারা তহবিলে অর্থ সহায়তা দেয়নি। কোপেনহেগেন চুক্তির আওতায় ২০৩০ সাল পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার কথাও ভুলে গেছে তারা। অথচ ২০১৪ সালে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউনেপের তথ্য অনুযায়ী জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য বছরে ১৫০ বিলিয়ন ডলার প্রয়োজন। চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘে জমা দেওয়া বাংলাদেশের আইএনডিসি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত অভিযোজন কার্যক্রম পরিচালনার জন্য ৪০ বিলিয়ন ডলার প্রয়োজন। অথচ ২০১০ থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ১ দশমিক ৭৪ বিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।
যার মধ্যে শিল্পোন্নত দেশগুলো দিয়েছে বরাদ্দের মাত্র ৬৪ দশমিক ২ শতাংশ। এমনকি গত তিন বছরে এ তহবিলে এক ডলারও বরাদ্দ আসেনি। এ বিষয়ে নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর মিজানুর রহমান বিজয় বলেন, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাজ্য, জামার্নি, ফ্রান্স ১৯ বিলিয়ন ডলার ও চীন ৩ দশমিক ১ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে কবে নাগাদ এ অর্থ দেবে তা স্পষ্ট করেনি কোনো দেশই। ফলে শিগগিরই বাংলাদেশ জলবায়ু তহবিল থেকে অর্থ পাবে বলে মনে হয় না।
২০১০ সালে গঠিত বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডে (বিসিসিটিএফ) এবং বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়ান্স ফান্ড (বিসিসিআরএফ) থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত ৩০৫ প্রকল্প নেওয়া হলেও গত সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৬৫ প্রকল্পের কাজ শেষ হয়েছে। পিকেএসএফের মাধ্যমে দেশের ৬৩ এনজিও জলবায়ু তহবিলের প্রকল্প বাস্তবায়ন করছে। এতে বরাদ্দ রয়েছে ২০ কোটি ৯৯ লাখ টাকা।
টিআইবির এক জরিপেও দেখা গেছে, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দারিদ্র্যপীড়িত অঞ্চলে জলবায়ু তহবিলের প্রকল্প অনুমোদনে প্রাধান্য দেওয়া হয়নি। প্রভাবশালী মন্ত্রী ও নেতাদের এলাকায় জলবায়ু প্রকল্পের ছড়াছড়ি দেখা গেছে। এমনকি পৌরসভার ড্রেন নির্মাণও জলবায়ু তহবিলের অর্থায়নে করা হয়েছে।











