শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লড়াইয়ে সু চি বনাম ক্ষমতাসীন ইউএসডিপি

news-image

আড়াই দশকের বেশি সময় পর মিয়ানমারে সব দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন হতে যাচ্ছে। রবিবারের এই নির্বাচনে ৯২টি দল অংশ নিচ্ছে। তবে মূল লড়াই যে ক্ষমতাসীন দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেমোক্রেটিক পার্টির (ইউএসডিপি) সঙ্গে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মধ্যে হবে, তা স্পষ্ট।

রাজধানী ইয়াঙ্গুনের ডাউন টাউনশিপ, তাকিতা টাউনশিপ ও হলিং টাউনশিপ এর বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলে এই আভাস পাওয়া গেছে। নির্বাচনে প্রায় তিন কোটি ভোটার; তাদের ভোটে নির্বাচিত হবেন ৪৪০ আসনের পার্লামেন্টের প্রতিনিধিরা। নির্বাচনে ইউএসডিপি, এনএলডি ছাড়া ন্যাশনাল ইউনিটি পার্টি, ন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টি, ডেমোক্রেটিক পার্টিসহ ইউনিয়ন নির্বাচন কমিশন (ইউইসি) নিবন্ধিত ৯২টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে; যেগুলোর মধ্যে আঞ্চলিক রাজনৈতিক দলও রয়েছে।suchhi
 
সেনা সমর্থিত ইউএসডিপি দেশটিতে 'ব্যাপক উন্নয়ন করেছে'– এই ভরসায় আসন্ন নির্বাচনে দলটি ৭৫ শতাংশ আসন পাবে বলে মনে করছেন সমর্থকরা। এনএলডি সমর্থকদের প্রত্যাশা, সু চির জনপ্রিয়তাকে ভর করে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে তারা। ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র উ মান সেইন বলেন, 'এটা ঠিক চার বছরের ইউএসডিপির সরকারের সাফল্য অনেক। মিয়ানমারকে ঐক্যবদ্ধ রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শিল্প খাতের উন্নয়নসহ প্রবৃদ্ধি বাড়াতে অনেক যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে। কেবল তাই নয়, সব দলের অংশগ্রহণে একটি নির্বাচনের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে- এটা এই সরকারের সাফল্য। ভোটারা সেজন্য শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতার পক্ষেই রায় দেবে বলে আমার বিশ্বাস।'
 
তবে সশস্ত্র সংগ্রামরত বিভিন্ন বিদ্রোহী গ্রুপকে বশে না আনতে পারার কথাও স্বীকার করেন ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র। 'বিশেষ করে চীন ও থাইল্যান্ডের সীমান্তবর্তী রাজ্যগুলোতে গৃহযুদ্ধ বন্ধ করা পুরোপুরি সম্ভব হয়নি। আশা করছি, এই নির্বাচন রাজ্যগুলোতে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

 

নির্বাচনে এনএলডির স্লোগান ‘টাইম ফর চেঞ্জ’। সু চির জনপ্রিয়তাকে ভর করে দলটি সংখ্যাগরিষ্ঠ আসন প্রত্যাশা করছে বলে জানান ডাউন টাউনের বাসিন্দা দিউ মং। তিনি বলেন, 'মিয়ানমারের জনগণ গণতন্ত্র ও মানবাধিকার চায়। উন্নয়ন কিছুটা হলেও তা শহরকেন্দ্রিক। গ্রামীণ জনপদে উন্নয়নের কোনো ছোঁয়া নেই। সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশেষ করে জাতি-গোষ্ঠী ভিত্তিক অঞ্চলের মানুষ সেই অন্ধকারে রয়ে গেছে। সু চির নেতৃত্বে এবার ক্ষমতার পালাবদলের প্রত্যাশায় আছি আমরা।' সংবিধান অনুসারে এই নির্বাচনে সংসদীয় আসনের ২৫ শতাংশ সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত। এ কারণে সংখ্যাগরিষ্ঠতা পেতে যেসব আসনে ভোট হবে তার ৬৭ শতাংশ আসনে জয়ী হতে হবে সু চির এনএলডিকে।
 
ভোটে এনএলডি জিতলেও বিদেশিকে বিয়ে করায় মিয়ানমারের বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান হতে পারবেন না সু চি। তবে তিনি বলেছেন, দল জিতলে রাষ্ট্রপতির চেয়ে বড় কিছু হবেন তিনি। নির্বাচনে কারচুপি হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। 
১৯৬২ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর সামরিক একনায়তন্ত্রের অধীনে ১৯৯০ সালে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছিল এনএলডি। সামরিক সরকার নির্বাচনী ফল প্রত্যাখ্যান করায় সে সময় ক্ষমতাগ্রহণ তো দূরে থাক, গৃহবন্দিত্ব থেকে মুক্তি মেলেনি সু চির। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে গৃহবন্দি সু চি ১৯৯১ সালে শান্তিতে নোবেল পেলে এনএলডির জনপ্রিয়তা শীর্ষে উঠে আসে। ২০১২ সালের উপ-নির্বাচনে ৪৫টি আসনের মধ্যে ৪৩টিতে জয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী দল হয় দলটি।

 
এর আগে ২০১০ সালের ৭ নভেম্বর পার্লামেন্ট নির্বাচন হলেও তাতে অংশ নেয়নি এনএলডি। এর ছয় দিনের মাথায় সু চি গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান। এবার প্রথম থেকেই মুক্তভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পেরেছেন গণতন্ত্রের লড়াইয়ের জন্য শান্তিতে নোবেল বিজয়ী এই নেত্রী।