শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বোচ্চ সতর্কতায় দেশ

news-image

পরপর দুই বিদেশি হত্যার পর রাজধানীর উত্তরায় বাসায় ঢুকে তাইওয়ান দম্পতির ওপর হামলা আরো ভাবিয়ে তুলছে প্রশাসনকে। বিদেশি হত্যার পর বেস কয়েকটি দেশ তাদের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে।
আর কয়েকটি দেশের সতর্কতা এখন বহাল আছে। এর মাঝে পুলিশের ওপর হামলা ও হত্যা, ব্লগার ও প্রকাশক হত্যা, হোসনি দালানে বোমা হামলার বিষয়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসন রয়েছে বিপাকে। দফায় দফায় বৈঠক করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বিভিন্ন বিমানবন্দরের নিরাপত্তা, চেকপোস্ট ও সশস্ত্র অবস্থায় সতর্ক রয়েছে পুলিশসহ সরকারের বিভিন্ন বাহিনী।
খুনের ঘটনা বেড়ে যাওয়ায় দেশের বর্তমান পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য ইকোনোমিস্ট’। তাদের ৭ নভেম্বরের সংখ্যায় নিবন্ধটি প্রকাশিত হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক বলেছেন, দেশের চলমান সংকট বিএনপি কিংবা কোন দলের নয়। এটা জাতীয় সংকট। এ সংকটের মূল কারণ হলো- গত ৫ই জানুয়ারির অগ্রহণযোগ্য নির্বাচন। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে সব রাজনৈতিক দল নিয়ে একটি জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি।
মানবজমিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সাবেক এই শিক্ষামন্ত্রী বলেন, গত ৫ই জানুয়ারির নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি। সেখান থেকেই মূল সমস্যার সৃষ্টি হয়েছে। তাই দেশের বাইরেও সরকারের কোন মূল্যায়ন নেই। গার্মেন্টস সেক্টরের অবস্থা খুবই খারাপ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এখন যেই ছিদ্রের কারণে বাঁধ ভেঙেছে, সেই ছিদ্র আগে বন্ধ করতে হবে। কেউ অস্থির অবস্থা সৃষ্টি করে সরকারকে ক্ষমতায় রাখতে চাচ্ছে।
নিহত প্রকাশক দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক জাতীয় গণমাধ্যমে বলেছেন, ‘আওয়ামী লীগ যদি ঘটনাক্রমে ক্ষমতায় না থাকে, দেশের অবস্থা আরও খারাপ হবে।’
একের পর এক ঘটনায় চারদিকে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে গেছে। উদ্বেগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও। নাশকতার আশঙ্কা উঠে এসেছে গোয়েন্দাদের তথ্যে। বিদেশি দূতাবাসগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে বিদেশিদের ওপর হামলার নির্ভরযোগ্য তথ্য তাদের কাছে রয়েছে। এমন অবস্থায় দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
দেশের সব কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় পুলিশ সদস্য নিহত হওয়ার পর পুলিশকেও বাড়তি সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশের ওপর হামলা হলে গুলি করার নিদের্শ দেয়া হয়েছে সরকারর তরফ থেকে।
সরকার ও আইনপ্রয়োগকারী সংস্থার সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হলেও থামছে না হামলা ও খুনের ঘটনা। এতে সাধারণ মানুষের নিরাপত্তা উদ্বেগ কাটছে না কিছুতেই।
এদিকে জনসমাগমস্থল, বাস, রেল, নৌ-টার্মিনাল, পাওয়ার স্টেশন, গ্যাস বিতরণকেন্দ্র, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিনোদনকেন্দ্র, বিদেশি নাগরিকদের অফিস ও বাসভবনে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। ঢেলে সাজানোর নির্দেশনা দেয়া হয়েছে পুলিশের চেকপোস্টগুলোকে। সর্বোচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। প্রয়োজনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশনাও দেয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই একটি মহল এসব ঘটনা ঘটাচ্ছে। সকল ঘটনারই রহস্য উদঘাটন এবং প্রতিরোধে পুলিশ ও গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছে। তিনি বলেন, হামলাকারীরা বিভিন্ন সময় বিভিন্ন নামে হামলা করলেও তারা সবাই আসলে এক। একই কায়দায় সব ঘটনা ঘটছে। একারণে পুলিশকে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশের ভারপ্রাপ্ত আইজিপি জাভেদ পাটোয়ারী বলেছেন, এসব হামলা পরিকল্পিত। পুলিশকে সতর্কতার সঙ্গে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে বিব্রত অবস্থায় পড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নানাভাবে চেষ্টা করেও সন্ত্রাসী গোষ্ঠীর টার্গেট কিলিং কিংবা বোমা হামলা ঠেকাতে পারছেন না।
১৫ দিন আগে রাজধানী ঢাকার অন্যতম প্রবেশ পথ গাবতলী ও বৃহস্পতিবার আশুলিয়ায় পুলিশের চেকপোস্টে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে হত্যার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন করে ভাবিয়ে তুলেছে।
এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দফায় দফায় বৈঠক করছেন। আলোচনা চলছে কর্মকৌশল নিয়ে। নির্দেশনা দেয়া হয়েছে পুলিশি চেকপোস্টে সদা সতর্ক থাকার জন্য। এছাড়া, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দর, বাস-রেল-নৌ টার্মিনালেও নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ সারাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সময় পার করছে আইনশৃঙ্খলা বাহিনী। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এমনিতেই দুই বিদেশি নাগরিক খুন হওয়ার কারণে বিশ্বে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। এ অবস্থায় আবার যদি কোন বিদেশি নাগরিক খুন হন তাহলে পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়ে যাবে। তৃতীয় কোন পক্ষ এই সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গোয়েন্দা সংশ্লিষ্টরা মনে করছেন, পুলিশের চেকপোস্টে হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে চেকপোস্টে দায়িত্বপালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মনোবল ভেঙে যেতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, রাজধানী ঢাকার পর আশুলিয়ায় পুলিশের চেকপোস্টে হামলার ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।
এসব পরিকল্পিত হত্যাকা-। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। যত দ্রুত সম্ভব এসব হত্যাকা-ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করাটা জরুরি হয়ে পড়েছে। সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে রাতের বেলা চেকপোস্টে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর শতভাগ সতর্কতা থাকার নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে কাউকে তল্লাশির সময় ‘গান পয়েন্টে’ থাকাসহ বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেটসহ আত্মরক্ষামূলক সব ধরনের সরঞ্জাম রাখতে বলা হয়েছে।
এছাড়া চেকপোস্টে দায়িত্বরতরা এমনভাবে দায়িত্ব পালন করতে হবে যাতে চারদিকই নজরদারি করা যায়।
গোয়েন্দা সংশ্লিষ্টরা বলছেন, মাঠ পর্যায়ের গোয়েন্দা তথ্যে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। তারা যে কোন মূল্যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়-এমন তথ্য রয়েছে গোয়েন্দা ভাষ্যে।
একারণে কারাগারগুলোতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা সূত্র জানায়, দেশের গুরুত্বপূর্ণ স্থান বা স্থাপনা, জনসমাগমস্থল, পাওয়ার  স্টেশন, গ্যাস বিতরণকেন্দ্র, বিনোদন কেন্দ্রে নাশকতার আশঙ্কা থাকায় এসব স্থানগুলোতে কড়া গোয়েন্দা নজরদারির নির্দেশনা দেয়া হয়েছে।  এসব স্থানের বহিঃবেষ্টনী ও আন্তঃবেষ্টনীতে নিরাপত্তা দেয়াল, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, গমনাগমন নিয়ন্ত্রণ ও ওয়াচ টাওয়ার বা সমজাতীয় ব্যবস্থাপনায় সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে। এ ছাড়া সিসিটিভি মনিটরিং ব্যবস্থা জোরদারের পরামর্শ দেয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রাজনৈতিক বিরোধী জোটের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। একারণে জঙ্গি সংগঠনগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, গত ২৬শে অক্টোবর পুলিশ সদর দপ্তর থেকে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, সব পুলিশ কমিশনার, স্পেশাল ব্রাঞ্চ, র‌্যাবসহ পুলিশের সব ইউনিটে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কারাবন্দি যুদ্ধাপরাধীদের মুক্ত করতে এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ করতে একটি ‘সন্ত্রাসী গ্রুপ’ যে কোন ভিআইপিকে অপহরণ ও হত্যার পরিকল্পনা করেছে বলে উল্লেখ করা হয়।
এই গ্রুপটি দেশের যে কোন বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান ছিনতাইয়েরও নীলনকশা করেছে বলে ওই চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। চিঠিতে সারা দেশে নিয়োজিত পুলিশ বাহিনীকে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিগুলো চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
এ জন্য বিমানবন্দর এলাকায় বাড়তি নিরাপত্তা পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যেকোন ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ভূমিকা পালন করছে। চেকপোস্টের মাধ্যমে জনসাধারণকে তল্লাশির পর বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে। পুরো বিমানবন্দর এলাকায় টহল জোরদার করা হয়েছে। দর্শনার্থীদের ভেতরে প্রবেশে এখনও নিষেধাজ্ঞা রয়েছে।