বিলবোর্ড ব্যানারে প্রচারণা শুরু
ডিসেম্বরে পৌরসভা নির্বাচন ঘোষণার পর থেকে পাবনার ৭ পৌরসভায় দলীয় ব্যানারে নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় মাঠ সরগম। পাবনা জেলার ৯ পৌরসভার মধ্যে বেড়া পৌরসভার সীমানা জটিলতায় ১৭ বছর ধরে নির্বাচন বন্ধ থাকার পর তিন মাস আগে এ পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। পরে আবারও হাইকোর্টের নির্দেশে তা বন্ধ হয়ে যায়।
এ ছাড়া আটঘরিয়া পৌরসভার সময় শেষ না হওয়ায় এ দুই পৌরসভার নির্বাচন হচ্ছে না। এ ছাড়া পাবনা সদর, ঈশ্বরদী, চাটমোহর, সাঁথিয়া, সুজানগর, ফরিদপুর ও ভাঙ্গুড়া পৌরসভার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে বিএনপি ও আওয়ামী লীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন পেতে মরিয়া হয়ে ওঠায় বিভক্ত হয়ে পড়েছেন দলের নেতাকর্মীরা। তারা এলাকায় বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন দিয়ে নিজেদের প্রার্থী হওয়ার আগমনী বার্তা ইতিমধ্যে ভোটারদের মধ্যে পৌঁছে দিয়েছেন। নানা কায়দায় ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। ৭টি পৌরসভা ও সম্ভাব্য মেয়র প্রার্থীরা হলেন-
পাবনা: পাবনা পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা। এ পৌরসভার বর্তমান মেয়র কামরুল হাসান মিন্টু বিএনপি থেকে বহিষ্কৃত। এর আগে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এবার তিনি বিএনপির মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার হাবিবুর রহমান তোতা, পৌর বিএনপির সভাপতি আলহাজ তৌফিক হাবিব, সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান ছিদ্দিক, পাবনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডওয়ার্ড কলেজের সাবেক ভিপি নূর মোহাম্মদ মাসুম বগা বিএনপির প্রার্থী হতে পারেন।
এ ছাড়া আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, গতবারের আওয়ামী লীগের প্রার্থী আবু ইসহাক শামীম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু, আওয়ামী লীগ নেতা আমিনুল হক টিপু, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন এবং শ্রমিক নেতা আতাউর হোসেন পিন্টু। এ ছাড়া জামায়াতের হাফেজ মাওলানা ইকবাল হোসাইন এবং আলহাজ আবিদ হাসান দুলাল, জাতীয় পার্টির মমতাজ হাজী, জাসদের হাবিবুল হক মিন্টু এবং ওয়ার্কার্স পার্টি থেকে জাকির হোসেন প্রার্থী হতে পারেন।
ঈশ্বরদী: ঈশ্বরদী পৌরসভার বর্তমান মেয়র মো. মোখলেছুর রহমান বাবলু বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এবারে তিনি বিএনপির একক প্রার্থী হতে পারেন। এ ছাড়া বিএনপির বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টু, আকবর বিশ্বাস, আজিজুর রহমান শাহিন ওরফে ভিপি শাহিন, এস এম ফজলুর রহমানের প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে। আওয়ামী লীগের সাবেক পৌর চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর জামাতা আবুল কালাম আজাদ মিন্টুকে ইতিমধ্যে একক প্রার্থী ঘোষণা করেছে। এ ছাড়া জামায়াতের মাওলানা জোবায়ের আহমেদ প্রার্থী হতে পারেন।
সাঁথিয়া: সাঁথিয়া পৌরসভার বর্তমান মেয়র মো. মিরাজুল ইসলাম প্রামাণিক আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এবারেও তিনি আওয়ামী লীগের প্রার্থী হবেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাধারণ সম্পাদক তপন হায়দার সান, সহসভাপতি আলহাজ রবিউল করিম হিরু, বিএনপি থেকে পৌর বিএনপির সভাপতি মাওলানা মো. ছিদ্দিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা আশিক ইকবাল রাসেল, জামায়াতের মাওলানা মোহাম্মদ আলী প্রার্থী হতে পারেন।
চাটমোহর : চাটমোহর দ্বিতীয় শ্রেণীর পৌরসভা। এ পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগ নেতা মির্জা রেজাউল করিম দুলাল। এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করায় তিনি বেশ জনপ্রিয়। এবারও তিনি আওয়ামী লীগের প্রার্থী হবেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসেন সাখো, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান ও পৌর বিএনপির সভাপতি এ এম জাকারিয়া প্রমুখ প্রার্থী হতে পারেন।
সুজানগর: সুজানগর পৌরসভার বর্তমান মেয়র তরুণদের কাছে জনপ্রিয় মো. তোফাজ্জল হোসেন তোফা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করায় এলাকায় তিনি বেশ জনপ্রিয়। তিনি পৌরসভার আয় বাড়িয়ে দ্বিতীয় শ্রেণীর পৌরসভা থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করেন। এবারও তিনি আওয়ামী লীগের প্রার্থী হবেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ আবদুল ওহাব, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে সরদার রাজু আহমেদ, শাহিনুজ্জামান শাহিন, পৌর আওয়ামী লীগ সভাপতি মাহমুদুজ্জামান মানিক, সাবেক সভাপতি আফসার আলী মোল্লা আওয়ামী লীগের প্রার্থিতা চাইতে পারেন।
বিএনপি থেকে সাবেক পৌর চেয়ারম্যান কামাল হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আযম আলী বিশ্বাস, পৌর বিএনপি সভাপতি আলহাজ নিজামুদ্দিন প্রামাণিক ও প্রফেসর মোনায়েম সরকার প্রার্থী হতে পারেন। এ ছাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি টুটুল বিশ্বাস প্রার্থী হতে পারেন।
ভাঙ্গুড়া: ভাঙ্গুড়া পৌরসভার বর্তমান মেয়র ইঞ্জিনিয়ার আবদুর রহমান প্রধান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এ পৌরসভায় সাবেক উপজেলা চেয়ারম্যান এবং পৌর চেয়ারম্যান বাকিবিল্লাহ, সাবেক পৌর চেয়ারম্যান ওসমান গনি ও স্থানীয় এমপি মকবুল হোসেনের ছেলে মো. গোলাম হাসনায়েন রাসেল আওয়ামী লীগের প্রার্থী হতে পারেন। বিএনপির উপজেলা সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান বিএনপির প্রার্থী হতে পারেন।
ফরিদপুর: ফরিদপুর পৌরসভার বর্তমান মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এ পৌরসভায় সাবেক উপজেলা চেয়ারম্যান প্রফেসর গোলাম হোসেন গোলাপ, আবদুল খালেক প্রার্থী হতে পারেন। এ ছাড়া এখানে পৌর বিএনপির সভাপতি আবদুল হাকিম খান, বিএনপির নতুন মুখ এনামুল হক প্রার্থী হতে পারেন।
পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার হাবিবুর রহমান তোতা বলেন, দল সিদ্ধান্ত নিলে আমরা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছি। পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু বলেন, এলাকার মানুষ চাইলে ভোটে অংশ নেব। সুষ্ঠু ভোটে জনগণ যাকে নির্বাচিত করবে আমরা মেনে নেব। চাটমোহর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম দুলাল বলেন, দলীয় ব্যানারে নির্বাচন আমাদের জন্য অনেক সুবিধা হবে।
জনগণ বিভ্রান্ত কম হবেন। দলের জন্য আজীবন কাজ করে যাচ্ছি। দল আমাকেই মনোনয়ন দেবে। সুজানগর পৌরসভার বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন তোফা বলেন, এলাকায় জনগণের জন্য যেভাবে কাজ করেছি, তাতে দল আগামীতে আমাকেই মেয়র পদে দলীয় মনোনয়ন দেবে বলে আশা করি। সাঁথিয়া পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক বলেন, তৃতীয় শ্রেণী থেকে পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা বানিয়েছে। এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করায় দল তাকেই মনোনয়ন দেবেন বলে তিনি আশা করেন।











