ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল
বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে ১৬ সদস্যের জিম্বাবুয়ে ক্রিকেট দল।
সোমবার সন্ধ্যায় হযরত শহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এল্টন চিগুম্বুরার নেতৃত্বাধীন দলটি।
৪ নভেম্বর অনুশীলন করবে সফরকারীরা। আর ৫ নভেম্বর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। এরপর ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু’দল। ওয়ানডে সিরিজ হবে ৭, ৯ ও ১১ নভেম্বর। ১৩ ও ১৫ নভেম্বর দুটি টি-টোয়েন্টি। পাঁচটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী বছর জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল জিম্বাবুয়ের। আর গত ২৮ সেপ্টেম্বর দুটি টেস্ট ম্যাচ খেলতে টিম অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে নিরাপত্তার ইস্যুতে অস্ট্রেলিয়া তাদের পূর্বনির্ধারীত বাংলাদেশ সফর বাতিল করে। এর পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে সাড়া দিয়ে প্রায় একবছর পর আবার ঢাকায় এলো জিম্বাবুয়ে। ১৬ নভেম্বর দেশে ফিরে যাওয়ার কথা জিম্বাবুয়ে দলের। এরপর আগামী জানুয়ারিতে টেস্ট সিরিজ খেলতে আবার বাংলাদেশে আসবে তারা।
সম্প্রতি ঘরের মাঠে আফগানিস্তানের কাছে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ হেরেছে জিম্বাবুয়ে। এই ব্যর্থতার প্রভাব পড়েছে তাদের দলেও। বাংলাদেশ সফরের জন্য ঘোষিত জিম্বাবুয়ে দলে তাই বড় ধরনের পরিবর্তন এসেছে। পরিবর্তিত চেহারার দল নিয়েই ঢাকায় এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
এদিকে, দেশের মাটিতে টানা পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারানোর পর এবার ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ে। তবে অন্যদের তুলনায় দুর্বল প্রতিপক্ষ হলেও আসন্ন সিরিজটাকে বেশ গুরুত্বেরসঙ্গেই নিচ্ছে বাংলাদেশ। এ সিরিজকে সামনে রেখে রোববার প্রথম দুই ওয়ানডের জন্য মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।
জিম্বাবুয়ে দল : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, চামু চিভাবা, তেন্দাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, নেভিল মাদজিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুমবামি, তাউরাই মুজারাবানি, জন নিউম্বু, তিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার ও শন উইলিয়ামস।











