বিমান বিধ্বস্তের ঘটনায় রহস্য ঘনীভূত, তদন্ত শুরু
সিনাই উপত্যকায় ২২৪ জন আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্তের ঘটনায় আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীর জড়িত থাকার দাবিকে নাকচ করে দিয়েছে মিশর সরকার। দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল শরীফের দাবি, যান্ত্রিক অকার্যকারিতাই বিমানটি বিধ্বস্ত হওয়ার অন্যতম সম্ভাব্য কারণ। বিমানের কো-পাইলটের স্ত্রীও দাবি করেছেন, বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ছিল বলে সন্তানদেরকে ফোনে বলেছিলেন তার স্বামী। অন্যদিকে যান্ত্রিক ত্রুটির অভিযোগ নাকচ করে দিয়েছে বিধ্বস্ত বিমানটির মালিক প্রতিষ্ঠান কোগালিমাভিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আর এমন পরিস্থিতিতে বিমান বিধ্বস্তের কারণ কি আদতে সন্ত্রাসী হামলা? নাকি যান্ত্রিক ত্রুটি? নাকি অন্য কিছু? এমন সব প্রশ্ন নিয়ে পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হয়ে উঠেছে।
বিমান বিধ্বস্তের কারণ নিয়ে ভিন্ন ভিন্ন দাবির প্রেক্ষিতে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। উদ্ধার হওয়া বিমানের ব্ল্যাকবক্সটি বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। মিশরের নেতৃত্বাধীন ওই তদন্তে রুশ এবং ফরাসি তদন্তকারীরাও যোগ দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এছাড়া এয়ারবাস কোম্পানির বিশেষজ্ঞরাও এতে অংশ নিচ্ছেন। মিশরের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে এ পর্যন্ত ১২৯টি মরদেহের সন্ধান পাওয়ার খবর নিশ্চিত করেছে বিবিসি।
শনিবার বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রুশ বিমানটি গুলি করে নামানোর দাবি জানিয়েছিল সিনাই উপত্যকায় তৎপর থাকা আইএস সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো। তবে মিশরীয় প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল ওই দাবি নাকচ করে দিয়ে বলেন, বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন বিমানটি যে উচ্চতায় উড়ছিল সেখান থেকে গুলি করে ভূপাতিত করা যায় না। একইসঙ্গে যান্ত্রিক ত্রুটিকে বিমান বিধ্বস্ত হওয়ার অন্যতম সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
ছবি: এপি (ঘটনাস্থল পরিদর্শন করছেন মিশরের প্রধানমন্ত্রী)
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গেল শেষ সেপ্টেম্বরের শেষের দিকে সিরিয়ায় আইএসকে লক্ষ্য করে রাশিয়ার বিমান হামলা শুরুর পরই দেশটির বিভিন্ন স্থাপনায় হামলার হুমকি দেয় আইএস। তবে ৩০ হাজার ফুটেরও বেশি উপর দিয়ে উড়ন্ত একটি বিমানকে ভূপাতিত করার মত অস্ত্র সশস্ত্র গোষ্ঠীর কাছে আদৌ আছে কিনা সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
মিশরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী হোসাম কামাল বলেছেন, বিধ্বস্ত হবার আগে বিমানটিতে কোন সমস্যার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে এর আগে কিছু প্রতিবেদনে বলা হয়েছিল বিমানটির পাইলট জরুরী অবতরণের অনুরোধ করেছিলেন।
রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম এনটিভিকে দেয়া সাক্ষাতকারে বিধ্বস্ত বিমানের কো পাইলট সের্গেই ত্রুখাশেভের স্ত্রী নাতালিয়ার দাবি, ফ্লাইটটি ছেড়ে যাওয়ার আগে বিমানটির ত্রুটিপূর্ণ অবস্থা নিয়ে অভিযোগ করেছিলেন তার স্বামী। ফ্লাইটটি শার্ম আল শেখ বিমানবন্দর ছেড়ে যাওয়ার আগে মেয়েদেরকে ফোনে সের্গেই এ কথা বলেছিলেন বলে দাবি করেন নাতালিয়া।
ছবি: ইপিএ (বিমান বিধ্বস্তে নিহতদের শোকাহত স্বজন)
তবে যান্ত্রিক ত্রুটির অভিযোগ নাকচ করে দিয়েছে বিমান কর্তৃপক্ষ। বিমান সংস্থার মুখপাত্র দাবি করেছেন, ১৮ বছরের পুরনো বিমানটি আকাশে ওড়ার জন্য শতভাগ উপযোগী ছিল। এছাড়া বিমানের পাইলটের ১২ হাজার ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা ছিল বলেও দাবি করেন তিনি। এরইমধ্যে কোগালিমাভিয়া এয়ারলাইন্সের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। বিমান পরিচালনা আইন না মানার দায়ে এ মামলা হয়। পুলিশ বিমান কোম্পানির অফিসে তল্লাশি চালিয়েছে।
এদিকে বিমান বিধ্বস্তের কারণের ব্যাপারে আরো নিশ্চিত তথ্য পাওয়ার আগ পর্যন্ত সিনাই উপত্যকার ওপর দিয়ে বিমান উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস, এয়ার ফ্রান্স এবং লুফথানসা এয়ারলাইন্স।
শনিবার মিশরের শারম আল-শেখ বিমানবন্দর থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে যাত্রা শুরু করার পরপরই এ-৩২১ মডেলের বিমানটি সিনাই উপত্যকার মধ্যাঞ্চলে বিধ্বস্ত হয়।
শুরুতে বিমানটির পরিণতি কী হয়েছে তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কেউ কেউ বলছিলেন, বিমানটি সাইপ্রাসের উপর দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়েছে।
তবে পরে মিশরের প্রধানমন্ত্রী শরীফ ইসমাইলের কার্যালয়ের তরফে দেয়া এক বিবৃতিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোজাভিয়াতসিয়া এক বিবৃতিতে জানায়, রাশিয়ার স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটের দিকে শারম আল শেখ বিমানবন্দর থেকে ৭কে ৯২৬৮ ফ্লাইটটি ছেড়ে যায় এবং দুপুর ১২ টা ১০ মিনিটের দিকে সেন্ট পিটার্সবার্গের পুলকভো বিমানবন্দরে বিমানটির অবতরণ করার কথা ছিল। উড্ডয়নের ২৩ মিনিটের মধ্যেই সাইপ্রাস বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয় বিমানটি।
রাশিয়ার পরিবহন কর্তপক্ষের বরাতে বিবিসি জানায়, বিমানটিতে থাকা সর্বমোট ২২৪ আরোহীর মধ্যে ২৫ জনই শিশু এবং ৭ জন বিমান ক্রু। ২১৭ যাত্রীর মধ্যে ২১৩ জনই রাশিয়ার নাগরিক। আর বাকি চারজন ইউক্রেনের।











