সরাইল বিশ্বরোড মোড় থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া মহাসড়কের বেহাল
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পুলিশ ফাঁড়ি পর্যন্ত ৪৩ কিলোমিটার বেহাল হয়ে পড়েছে। বিভিন্ন অংশে পিচ উঠে গেছে। এর মধ্যে ১০টি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যান চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এতে যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
জনদুর্ভোগ কমাতে এসব গর্তের কোথাও কোথাও জরুরি ভিত্তিতে ইট ও বালু ফেলা হলেও তা খুব একটা কাজে আসছে না। কারণ, ভারী যান চলাচলের কারণে সংস্কার করা স্থানগুলোতে আবারও গর্ত হচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড় থেকে কুমিল্লার ময়নামতি পর্যন্ত ৮৩ কিলোমিটার মহাসড়কের মাত্র ২৯ কিলোমিটার অংশ মেরামত করা হয়। ৫০ থেকে ৬০ বছর আগে একসময় এটি ইটের রাস্তা ছিল। পরে এর ওপর অল্প অল্প পিচ ঢালাইয়ের কাজ করে মহাসড়ক নির্মাণ করা হয়। বিশ্বরোড মোড় থেকে ময়নামতি পর্যন্ত মহাসড়কের সংস্কারকাজের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থ সহায়তায় সমীক্ষা করা হয়েছে। এতে দেখা গেছে, নিচের অংশের স্তর ও অবকাঠামো খুব দুর্বল। এ কারণে ওপরের অংশে কাজ করার কিছুদিন পর তা সহজেই নষ্ট হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই মহাসড়কে আখাউড়া স্থলবন্দর হয়ে আগরতলা থেকে ঢাকামুখী যাত্রীবাহী বাস চলাচল করে। এ ছাড়া কুমিল্লা-সিলেটগামী, ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বাসও যাতায়াত করে। সিলেটের জাফলংয়ের পাথর ও বালুভর্তি শত শত ট্রাক এই মহাসড়ক দিয়ে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় যায়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ঘাটুরা, পীরবাড়ি, বিরাসার, কাউতলী পুলিশ সুপারের কার্যালয় এবং সওজ কার্যালয়ের সামনের অংশে খানাখন্দে ভরে গেছে। ভাদুঘর ফাটা পুকুরপাড় এলাকার অংশে পিচ উঠে গেছে। ভাদুঘর হুজুর বাড়ি এলাকায় খোয়া-ইট বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও ছোট-বড় গর্ত হয়েছে।
মহাসড়কের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অংশ সদর উপজেলার উড়শিউড়া সেতু-সংলগ্ন এলাকা ও সুলতানপুর পঞ্চবটী এলাকা। উড়শিউড়া এলাকায় পিচ ঢালাই একেবারেই উঠে গেছে। সেখানে প্রায় ৪০০ ফুট এলাকায় সড়ক দেবে উঁচু-নিচু হয়ে গেছে। উপজেলার সুলতানপুর ইউনিয়নের পঞ্চবটী এলাকায় পিচ ঢালাই উঠে খানাখন্দে ভরে গেছে। উপজেলা সদরের রাধিকা, সুলতানপুর, উজানিসার এবং আখাউড়ার ধরখার, তন্তর, তিললাখফির, দরগাবাড়ি, খাড্ডা বাসস্ট্যান্ড ও কসবার মনকসাই ও কুটি এলাকায় মহাসড়কের অবস্থা খুবই খারাপ।
সুলতানপুর লায়ন ফিরোজুর রহমান কলেজের প্রভাষক লিটন মিয়া প্রথম আলোকে বলেন, ‘এই মহাসড়কের মতো এত খারাপ রাস্তা দেশের আর কোথাও আছে বলে আমার জানা নেই। সদর থেকে সুলতানপুরে বাসে আসা-যাওয়া করতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। যাত্রীদের এই দুর্দশা দেখার যেন কেউ নেই!’
যমুনা পরিবহনের চালক মিজান মিয়া বলেন, এই মহাসড়কে খুব ধীরগতিতে গাড়ি চালাতে হয়। একটু এদিক-সেদিক হলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পড়ার আশঙ্কা অনেক বেশি।
সওজের ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বলেন, ‘বিশ্বরোড থেকে কুমিল্লার ময়নামতি পর্যন্ত পুরো মহাসড়ক নতুন করে সংস্কার করতে মন্ত্রণালয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাবের জন্য আবেদন করেছি। প্রস্তাবটি পাস হতে সময় লাগবে। তবে মানুষের কষ্ট কমানোর জন্য মহাসড়ক সচল রাখতে সাময়িক মেরামত অব্যাহত থাকবে। মহাসড়কের নানা অংশের গর্ত মেরামত করা হচ্ছে। আরও মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।











