চলমান অসুখের দাওয়াই রাজনীতিতে খুঁজতে হবে’
রাজনৈতিক শূন্যতার কারণেই বাংলাদেশে ষড়যন্ত্র চলছে বলে একমত পোষণ করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক সলিমুল্লাহ খান এবং নিউ এজ সম্পাদক নূরুল কবীর। গতরাতে চ্যানেল-২৪-এর একটি টক শোতে অংশ নিয়ে তারা এ মত দেন। বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ সলিমুল্লাহ খান বলেন, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে গণতন্ত্র লঙ্ঘিত হয়। যে কোন কারণে গণতন্ত্র লঙ্ঘিত হলে সংবিধান লঙ্ঘিত হয়। এখন দেশে যা ঘটছে এ অসুখের দাওয়াই রাজনীতিতে খুঁজতে হবে। প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। এখন ঝিরঝিরে বাতাস বইছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। শিয়াদের ওপর যে হামলা হয়েছে তা অশ্রুত না হলেও অভূতপূর্ব। আমাদের এখানে ৪০০ বছরে এ ধরনের ঘটনা ঘটেনি। এখন যেসব ঘটনা ঘটছে তাতে আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ধর্ম-সাম্প্রদায়িকতা মানুষের কাছে বড় হয়ে উঠছে রাজনৈতিক অসুখের কারণেই।
নূরুল কবীর বলেন, গণতন্ত্রের প্রধান প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমতা। রাষ্ট্র পরিচালিত হবে জনগণের সম্মতির ভিত্তিতে। এখানে ন্যূনতম গণতন্ত্র নেই, রাজনীতি নেই। ৫ই জানুয়ারি কোন নির্বাচন ছিল না। মানুষের সাধারণ ইচ্ছার প্রতিফলন হচ্ছে সংবিধান। টেকনিক্যালিটি গণতন্ত্র নয়। গণতন্ত্র একটি জীবনাদর্শ। তিনি বলেন, আমাদের এখানে রাজনীতি অনুপস্থিত, গণতন্ত্র নেই। ক্ষমতার যারা বাইরে থাকে, যারা ক্ষমতায় যেতে চায়, তারা যদি প্রতিবাদ করতে না পারে, যদি মত প্রকাশ করতে না পারে তাহলে ষড়যন্ত্র চলতে বাধ্য। আঁধার ঘরে সাপ মানে যেকোন জায়গাতেই সাপ থাকতে পারে। সলিমুল্লাহ খান বলেন, আধুনিক গণতন্ত্র হচ্ছে- প্রত্যেক মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং সমান ও সমান থাকে। সমতা যদি না থাকে তাহলে গণতন্ত্র থাকে না। আমাদের এখানে আমরা জাতি ও রাষ্ট্রকে এক করে ফেলেছি। ভারতবর্ষে বলা হয় রাষ্ট্রপিতা আর আমাদের এখানে বলা হয় জাতির পিতা। জনগণ যখন জানেন তারা ৫ বছর পরপর প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারবেন তখন তাদের আশা থাকে। আর যখন এ আশা পূরণ হবে না তখনই ষড়যন্ত্র চলে।
নূরুল কবীর বলেন, মূলধারার রাজনীতি কাজ করতে না পারলে চরমপন্থার উত্থান হয়। আমাদের এখানে মিডিয়ার এমন একটা স্বাধীনতা তৈরি হয়েছে যে, আপনার শুধু সরকারের সঙ্গে একমত হওয়ারই স্বাধীনতা আছে। কোনভাবে আপনি দ্বিমত পোষণ করলে নানাভাবে আপনাকে হেনস্তা করা হবে। আমাদের নিজেদেরও দায় রয়েছে। আমাদের এখানে অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষক এমনভাবে কথা বলেন যা শুনে আমি শিউরে উঠি।











