বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনায় অযথা মন্তব্য কাম্য নয়

news-image


শায়খ ড. হুযাইফী

বিভিন্ন সময় দুর্ঘটনা ও বিপদাপদে মন্তব্য প্রদানে কয়েক শ্রেণীর মানুষ পাওয়া যায়। কিছু মানুষ আছে যারা না জেনেই সে ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করে। বাস্তবতাবিবর্জিত ও অসত্য অনেক বিষয়ে অপপ্রচার চালাতে থাকে। এসব মন্তব্য ও মুখরোচক কথাকে আড্ডার আনন্দের মাধ্যমরূপে গ্রহণ করে। কিছু নিজ থেকে বানায় আর কিছু শুনে তা পুনরাবৃত্তি করে। এনিয়ে ঠাট্টা বিদ্রূপে মেতে ওঠে। এ ধরনের পথ গ্রহণ করতে আল্লাহ তায়ালা নিষেধ করেছেন। তিনি বলেন, 'যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তার পেছনে পড় না। নিশ্চয় কান, চক্ষু ও অন্তঃকরণ এদের প্রত্যেকটিই জিজ্ঞাসিত হবে।' (সূরা বনি ইসরাঈল : ৩৬)। তিনি আরও বলেন, 'মোমিনরা, যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে, তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও।' (সূরা হুজরাত : ৬)।

আরেক ধরনের মানুষ রয়েছে, যারা কুমতলবি। তাদের চিন্তা-চেতনা ও ইচ্ছা-অভিপ্রায় অনেক হীন। অনেক নীচু। তারা সত্যকে অসত্যের চাকচিক্য দিয়ে পাল্টে দেয়। যেন সহজেই আপন উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে। কোনো কষ্ট ছাড়াই আপন লক্ষ্যে পৌঁছতে পারে। এক্ষেত্রে তারা নিরপরাধীকে অপরাধী বানায়, অন্যের ভালোকে ঢেকে রাখে। এমনকি ভালোকে খারাপে রূপান্তরিত করতে যারপরনাই চেষ্টা-সাধনা করে। সত্যকে মিথ্যা আর কল্যাণকে অকল্যাণের রূপ দেয়। এজাতীয় মানুষগুলো ন্যায়, ইনসাফ বলতে কিছু বোঝে না। লজ্জা ও শরম বলতে তাদের কিছু নেই। তারা মিথ্যা ও নিজেদের ওপর আরোপিত অপবাদকে আপন করে নেয়। তাদের মিথ্যা ও অপপ্রচার ফাঁস হয়ে গেলে তারা কিছুই মনে করে না। অপদস্ততা ও লজ্জাকে তারা থোড়াই ভয় করে। তারা আল্লাহর বান্দাদের নিয়ে বিভিন্ন খেলায় মত্ত থাকে। তাদের থেকে বেঁচে থাকতে আল্লাহ তায়ালা তাদের গুণাগুণ তুলে ধরেছেন। আল্লাহ তায়ালা বলেন, 'আপনার কোনো কল্যাণ হলে তারা মন্দবোধ করে এবং কোনো বিপদ উপস্থিত হলে তারা বলে, আমরা পূর্ব থেকেই নিজেদের কাজ সামলে নিয়েছি এবং ফিরে যায় উল্লসিত মতে। আপনি বলুন, আমাদের কাছে কিছুই পৌঁছবে না কিন্তু যা আল্লাহ আমাদের জন্য রেখেছেন তিনি আমাদের কার্যনির্বাহক। আল্লাহর ওপরই মোমিনদের ভরা করা উচিত।' (সূরা তাওবা : ৫০-৫১)। তিনি আরও বলেন, 'তারা আগে থেকেই বিভেদ সৃষ্টির সুযোগ সন্ধানে ছিল এবং আপনার কার্যসমূহ উলটপালট করে দিচ্ছিল। শেষ পর্যন্ত সত্য প্রতিশ্রুতি এসে গেল এবং জয়ী হলো আল্লাহর হুকুম, যে অবস্থায় তারা মন্দবোধ করল।' (সূরা তওবা: ৪৮)।

ঘটনা-দুর্ঘটনার ক্ষেত্রে আরেক ধরনের মানুষ রয়েছে, যারা মুসিবত থেকে বাঁচার জন্য বিভিন্ন আসবাব ও উপায় গ্রহণ করে। তবে ভাগ্যের জয়ে তাই ঘটে যা আল্লাহ চান। আল্লাহ তায়ালা প্রজ্ঞাবান, প্রশস্ত দয়া ও মেহেরবানির অধিকারী। তার সিদ্ধান্তের বিপরীত হয় না। এজাতীয় মানুষ আল্লাহ তায়ালার সিদ্ধান্ত ও তকদির বা ভাগ্যের লিখনকে মেনে নেয় এবং আল্লাহর নামে শরিয়তসম্মত বিভিন্ন উপায়ে সে সমস্যা থেকে বাঁচার চেষ্টা করে। অযথা মন্তব্য করা থেকে বেঁচে থাকে। এজাতীয় লোকেরা আল্লাহর তকদির ও সিদ্ধান্ত মেনে নেয়ায় প্রতিদানপ্রাপ্ত হবে। পুরস্কৃত হবে। আর এরাই মূলত বুদ্ধিমান ও সজাগ দৃষ্টির অধিকারী। আল্লাহ তায়ালা বলেন, 'এবং আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের, যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সানি্নধ্যে ফিরে যাব।' (সূরা বাকারা : ১৫৫-১৫৬)।

এ বছর হজ কার্যক্রম শেষে আল্লাহ তায়ালার শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনিই সুষ্ঠু ও সুন্দরভাবে হজের সব কার্যক্রম সম্পাদন করার তৌফিক দিয়েছেন। আল্লাহর মেহমানদের সার্বিক খেদমত ও সেবা প্রদানে এ দেশ কী ধরনের চেষ্টা করছে, কত ধরনের খেদমত দিচ্ছে তা বিশ্ববাসী দেখছে। হজ ব্যবস্থাপনায় কত ধরনের শক্তি ব্যয় করছে তা অবলোকন করছে। এদেশের শাসক ও নেতারা সহজে হজ পালনে বিভিন্ন ব্যবস্থা করেই চলেছেন। প্রতিটি পদক্ষেপে উন্নত সেবা প্রদানের চেষ্টা অব্যাহত রয়েছে।

এতদসত্ত্বেও কিছু মানুষ তা অস্বীকার করে। বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনায় অযথা মন্তব্য করে। সার্বিক হজ ব্যবস্থাপনা ও সেবার বিরুদ্ধে কুৎসা রটনা করে। মূলত তারা যেন দিনের সূর্যকেই অস্বীকার করছে। তাদের বিবেক-বুদ্ধি প্রশ্নবিদ্ধ। আল্লাহ তায়ালা ভালো জানেন। তিনি যা ইচ্ছা তা করতে পারেন। 'তার কাজের জন্য তিনি জিজ্ঞাসিত হবেন না, তবে তারা জিজ্ঞাসিত হবে।' (সূরা আম্বিয়া : ২৩)।

১১ জিলহজ ১৪৩৬ হি. মদিনার মসজিদে নববিতে প্রদত্ত জুমার খুতবার

সংক্ষিপ্ত ভাষান্তর করেছেন মহিউদ্দীন ফারুকী