দুই বিদেশি হত্যাকাণ্ড প্রবাসী অর্থায়নে কিলিং মিশন!
ইতালির নাগরিক সিজারে তাভেল্লা ও জাপানের নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের আর্থিক লেনদেন হয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় বসবাসরত বিএনপি ও জামায়াতপন্থী কয়েকজন প্রবাসী ব্যাপক অর্থ ঢেলেছেন। হত্যাকাণ্ডের পেছনে অন্তত ১০ কোটি টাকার তহবিল ব্যবহার করা হয়েছে। এই প্রবাসীদের সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত কথিত 'বড় ভাইদের' সুসম্পর্ক রয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতেই প্রবাসীদের কাজে লাগিয়েছেন বড় ভাইয়েরা। তদন্তে নেমে সংশ্লিষ্ট একাধিক সূত্র এসব তথ্য পেয়েছে। সন্দেহভাজন কয়েকজনের ব্যাংক হিসাবের লেনদেন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দুই বিদেশিকে হত্যার জন্য অন্তত সাতজন প্রবাসী অর্থ দিয়ে বড় ভাইদের সহায়তা করেছেন বলে তদন্ত সংস্থাগুলো নিশ্চিত হয়েছে। তারা বিএনপি ও জামায়াতের মতাদর্শে বিশ্বাসী। তাঁদের মধ্যে চারজনের পরিচয়ও জানা গেছে। তাঁরা হলেন জুলহাস মোল্লা, রহিম উল্লাহ চৌধুরী, মোহাম্মদ একলাস আলী ও বরকত উল্লাহ পাটোয়ারী। যুক্তরাজ্যপ্রবাসী জুলহাস মোল্লার বাড়ি বগুড়া। আরেক যুক্তরাজ্যপ্রবাসী রহিম উল্লাহ চৌধুরীর বাড়ি সিলেটে। বাকি দুজনের মধ্যে একলাস আলী মালয়েশিয়াপ্রবাসী ও বরকত উল্লাহ পাটোয়ারী আমেরিকাপ্রবাসী।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, "দুই বিদেশি হত্যাকাণ্ডে ব্যাপক আর্থিক লেনদেন হয়েছে। বিদেশ থেকেও অর্থ এসেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। কিছু প্রবাসীর কর্মকাণ্ড আমরা আমলে নিয়েছি। সন্দেহজনক 'বড় ভাইদের' আটক করার চেষ্টা চলছে। যাঁরা অর্থ দিয়ে সহায়তা করেছেন, তাঁদের ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।" দুই বিদেশি হত্যার সন্দেহভাজন পরিকল্পনাকারী হিসেবে যে দুই 'বড় ভাইয়ের' নাম আলোচিত হচ্ছে তাঁদের মধ্যে বিএনপি নেতা এম এ কাইয়ুম ও হাবিব-উন-নবী খান সোহেলের ব্যাংক হিসাবে এক বছর ধরে অস্বাভাবিক হারে লেনদেন হয়েছে বলে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন। ইতিমধ্যে দুজনের অবস্থান সম্পর্কেও নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। তাঁরা বলছেন, সোহেল দেশেই অবস্থান করছেন। আর কাইয়ুমের সর্বশেষ অবস্থান ছিল মালয়েশিয়ায়। দলীয় ও পারিবারিক সূত্রও দাবি করছে, গত এপ্রিল থেকেই কাইয়ুম মালয়েশিয়ায় রয়েছেন। একটি ইংরেজি দৈনিকের কাছেও কাইয়ুম দাবি করেছেন, তিনি মালয়েশিয়াতেই আছেন। এপ্রিলের শেষ সপ্তাহে তিনি দেশ ছেড়েছেন। দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় সরকার তাঁকে বলির পাঠা বানাতে চাচ্ছে।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাড্ডার সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব হাবিব-উন-নবী খান সোহেলের ব্যাংক হিসাবে অস্বাভাবিক হারে লেনদেন হয়েছে বলে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন। আর পুলিশকে হাত করেই কাইয়ুম দেশের বাইরে চলে যান। এ ক্ষেত্রেও মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। সম্প্রতি পুলিশ ও র্যাব নিশ্চিত হয়েছে, মালয়েশিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে করেই তিনি দেশ ছেড়েছেন। অন্যদিকে কুনিও হত্যা মামলার অন্যতম আসামি হুমায়ুন কবির হীরার জবানবন্দিতেও উঠে এসেছে যে সোহেলের নির্দেশেই ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সোহেল দেশের ভেতরেই গা ঢাকা দিয়ে রয়েছেন। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুই হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ, আলামত সংগ্রহ এবং প্রযুক্তির সাহায্য নিয়ে সন্দেহভাজন বড় ভাইদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। দুই বিদেশি হত্যাকাণ্ডের পেছনে কী পরিমাণ টাকা লেনদেন হয়েছে তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তাভেল্লা হত্যা মামলায় তিন আসামিকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের জন্য টাকার চুক্তি হয়েছিল- এমন কথা স্বীকার করলেও টাকার পরিমাণ নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও গতকাল একটি অনুষ্ঠানে বলেছেন, 'তাভেল্লা ও কুনিও হত্যার মদদদাতাদের তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা হবে। সন্দেহভাজনদের শনাক্ত করা হয়েছে।' তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দুই বিদেশি হত্যার পর কোন গোষ্ঠী বেশি লাভবান হয়েছে তা নিয়ে বিশ্লেষণ চলছে। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থা এবং সরকারের নীতিনির্ধারকরা বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছেন যে সরকারকে ঘায়েল করতে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই তাভেল্লা ও কুনিওকে হত্যা করা হয়েছে। সরকারবিরোধীরাই এসব ঘটনা ঘটিয়েছে। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর অংশ হিসেবেই বিদেশিদের হত্যা করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো ব্যাপক তদন্ত করে ইতিমধ্যে তাভেল্লা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে। কুনিও হত্যার তদন্তও প্রায় শেষ পর্যায়ে।
অর্থদাতারাও নজরদারিতে : তদন্তকারী সংস্থাগুলো নিশ্চিত হয়েছে যে দুই বিদেশিকে হত্যা করার জন্য ব্যাপক আর্থিক লেনদেন হয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার অন্তত সাত প্রবাসী এ জন্য কথিত 'বড় ভাইদের' অর্থ দিয়ে সহায়তা করেছেন। সন্দেহভাজনদের মোবাইল ট্র্যাক করা হয়েছে, তাঁদের ব্যাংক লেনদেনও নজরদারি করেছে গোয়েন্দা সংস্থাগুলো। যেসব প্রবাসী বড় ভাইদের সহায়তা করেছেন তাঁরা সবাই বিএনপি ও জামায়াতে ইসলামীর মতাদর্শী। সূত্র জানায়, সাত প্রবাসীর মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- জুলহাস মোল্লা, রহিম উল্লাহ চৌধুরী, মোহাম্মদ একলাস আলী ও বরকত উল্লাহ পাটোয়ারী। যুক্তরাজ্যপ্রবাসী জুলহাসের বাড়ি বগুড়া। আরেক যুক্তরাজ্যপ্রবাসী রহিম উল্লাহর বাড়ি সিলেটে। একলাস আলী মালয়েশিয়ায় থাকেন। আর বরকত উল্লাহ পাটোয়ারী যুক্তরাষ্ট্রে থাকেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, দুই বিদেশি হত্যাকাণ্ডে অন্তত ১০ কোটি টাকার লেনদেন হয়েছে। যেসব প্রবাসী অর্থ দিয়ে বড় ভাইদের সহায়তা করেছেন তাঁদের পূর্ণাঙ্গ প্রোফাইল সংগ্রহ করা হচ্ছে। তাঁরা কয়েকটি মানি এক্সচেঞ্জের মাধ্যমে অর্থ লেনদেন করেছেন। দুই হত্যাকাণ্ডেই ভাড়াটে খুনিদের ব্যবহার করা হয়েছে। রংপুরে কুনিওর ব্যবসায়িক অংশীদার হুমায়ুন কবির হীরার জবানবন্দিতে সোহেলসহ অনেকের নামই এসেছে। আর কয়েক দিন অপেক্ষা করুন, জাতি অনেক কিছু জানতে পারবে। কাইয়ুম ও সোহেলের ব্যাংক অ্যাকাউন্টে এক বছর ধরে অস্বাভাবিক লেনদেন হয়েছে। তাঁদের অ্যাকাউন্টে বিদেশ থেকে কয়েক কোটি টাকা এসেছে। তাঁরা কোন কোন খাতে টাকাগুলো খরচ করেছেন সেই বিষয়ে তদন্ত চলছে। আশা করি অল্প সময়ের মধ্যেই তা পরিষ্কার হয়ে উঠবে।
পুলিশকে হাত করেই দেশ ছাড়েন কাইয়ুম : সূত্র মতে, চলতি বছরের এপ্রিলেই বিএনপি নেতা এম এ কাইয়ুম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মালয়েশিয়ায় যান। তিনি মালয়েশিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইট ব্যবহার করেন। নাশকতাসহ একাধিক মামলা থাকায় তিনি পুলিশকে, বিশেষ করে ইমিগ্রেশন পুলিশের একটি অংশকে হাত করেই দেশ ছেড়েছেন বলে একাধিক সূত্র কালের কণ্ঠকে নিশ্চিত করেছে।
এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'আমরাও নিশ্চিত হয়েছি, কাইয়ুম মালয়েশিয়ায় চলে গেছেন। তিনি ওই দেশে থেকেই তাভেল্লা হত্যাকাণ্ডের কলকাঠি নেড়েছেন। তবে হাবিব-উন-নবী সোহেল দেশেই আছেন। তিনি যেন দেশ ছাড়তে না পারেন সে জন্য দেশের সবগুলো সীমান্তবর্তী এলাকা ও বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।'











