বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটির নিমন্ত্রণে মেহজাবিন

news-image

সৌন্দর্য আর গুণের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন অনেক আগে। এখন অনেকেরই সেলুলয়েডের প্রিয় মুখের তালিকায় মেহজাবিনের নাম। অভিনয় আর মডেলিংয়ের মধ্য দিয়ে জয় করে চলেছেন দর্শকের মন। এ সময় একক ও ধারাবাহিক নাটক এবং নতুন বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত তিনি। তাকে নিয়ে লিখেছেন রাসেল আজাদ বিদ্যুৎ
নিখোঁজ। শব্দটা শুনলেই অনেকে আঁতকে ওঠেন। শব্দটা ভয় ধরানো বৈকি। এই শব্দটাই ক'দিন আগে শোনা গিয়েছিল অভিনেত্রী ও মডেল মেহজাবিনের সাক্ষাৎকার নিতে গিয়ে। মুঠোফোন ছিল বন্ধ। পরিচিতজনরা জানিয়েছিল, সে কোথায় তারা তা জানে না। আজকাল মিডিয়ার শাখা-প্রশাখার এত বিস্তার ঘটেছে যে, তারকা খেতাবধারীরা কোথায় গেল না গেল তা অনায়াসেই জানা যায়। কিন্তু মেহজাবিন কোনো কাজ ছাড়াই এমন কোথায় গেল, যার কোনো হদিস পাওয়া যাচ্ছে না? কয়েক দিনের অনুসন্ধানের পর পাওয়া গেল কাঙ্ক্ষিত মানুষটিকে। জানা গেল হঠাৎ উধাও হওয়ার ইতিবৃত্ত।   
mahajabin
'ছুটি। ছোট্ট একটি শব্দ। কিন্তু ছোট্ট এই শব্দটিই বাস্তব হয়ে ধরা দিতে চায় না। বহুদিন প্রতীক্ষায় থেকেও সফল হইনি। সে কারণে ব্যস্ততার তালিকা থেকে কিছু কাজ ছেঁটে ফেলে দিয়েছি। তবেই মিলেছে কয়েক দিনের ছুটি। আমার প্রাণপ্রিয় বাবা মোহম্মদ মহিউদ্দিন আরব আমিরাত থেকে দেশে ফিরছেন_একথা শুনেই, ব্যস্ততা থেকে কিছু সময়ের জন্য পালাতে চেয়েছি। অতঃপর পালিয়েছি। পরিবারের সবার সঙ্গে ঘুরে বেড়িয়েছি ভারতবর্ষের নানা প্রান্তে।' এ নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন এ সময়ের আলোচিত অভিনেত্রী ও মডেল মেহজাবিন। অবসরে তাহলে বেড়াতে পছন্দ করেন। আর কিছু ভালো লাগে না? গান শোনা, বই পড়া বা অন্য কিছু? চাই তো অনেক কিছু। কিন্তু সবকিছুর জন্য যে অবসর সময় দরকার সেটাই তো নেই। গল্প-কবিতা থাকে মোড়কবন্দি। পড়া হয় না। তার পরও বিস্মিত হই, কোনো কোনো গল্প-কবিতার শিরোনাম দেখে। মনে হয়, সেসব কাব্যের ছন্দবদ্ধ কথা কিংবা গল্পের পরতে পরতে কী লেখা আছে তা আমি জানি। কোনো এক সময় আমি তার ঘটনাপ্রবাহের সঙ্গে মিশে গিয়েছিলাম।

বহুকাল ধরেই যেন আমি সেসব কাহিনীতে পরিভ্রমণ করে আসছি। জানি, আমার কথাগুলো অনেকের বিশ্বাস হবে না। কিন্তু এটাই সত্যি। অন্তর্দৃষ্টি দিয়ে নয়, এটা সম্ভব হয়েছে অভিনয় জগতে পা রেখে।' মেহজাবিনের এ কথাগুলো কেন জানি গোলকধাঁধার মতো মনে হয়েছিল। ভেবেছিলাম, অবসরে বই পড়ার অভ্যাস নেই, সে কথা সরাসরি না বলে ঘুরিয়ে-পেঁচিয়ে বলছেন।

কিন্তু যখন তার কাজের রুটিনে চোখ রাখলাম তখন মনে হলো, বই যে পড়বে তারইবা সময় কোথায়। তাহলে কি মেহজাবিনের কথাগুলোই সঠিক? নিজের প্রশ্ন নিজের মধ্যে চেপে রেখে জানতে চেয়েছিলাম, কীভাবে তিনি নানা গল্প-কাহিনীর জগৎটা পরিভ্রমণ করছেন? মেহজাবিনও শুনিয়েছিলেন তার পরিভ্রমণের গল্প। 
'একজন মানুষ ছিল খুব কাছের, কিন্তু কখনোই সে আমাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চায়নি। সে জানতেও পারেনি তাকে নিয়ে কত শত স্বপ্ন বুনেছি আমি। যখন জানল তখন তার কিছু করার ছিল না। তবু আমার ভালোবাসাকে সম্মান জানিয়েছে সে।' ধরে নিন, এই সংলাপগুলো যার, আমি সেই তরুণী। এখন আমাকে যা করতে হবে, তা হলো সেই তরুণীর মানসিক যন্ত্রণার ছাপ চোখে-মুখে ফুটিয়ে তুলতে হবে। ভুলে যেতে হবে আমার প্রকৃত পরিচয়। সেই তরুণীর আগামী দিনগুলো যেসব ঘটনার মধ্য দিয়ে প্রবাহিত হবে তা একান্ত নিজের বলে মনে করতে হবে। তাহলে কিছুটা হলেও উপলব্ধি করা যাবে, মনের মানুষকে না পাওয়ার যন্ত্রণা কেমন।

আরেকটা গল্প বলি, 'একটি চলচ্চিত্র নির্মাণের জন্য একটি দল ব্যাংকক গিয়েছে। সে দলে আমিও আছি। বেশ কয়েকটি দ্বীপে শুটিং হবে। সে লক্ষ্যেই দলটি সমুদ্র পথে যাত্রা শুরু করে। দ্বীপে পা রাখতে না- রাখতেই বিপদের মুখে পড়ে তারা। একের পর এক ঝড়-ঝাঞ্ঝা মোকাবেলা করে দেশে ফেরে তারা।' মূল গল্প এটুকুই। কিন্তু এর বিস্তার অনেক বেশি। বাস্তব জীবনে ভিনদেশে আমি তেমন কোনো বিপদের মুখে পড়েনি। কিন্তু চরিত্র বাস্তব করে তুলতে আমাকে দেখাতে হবে আমি প্রতিকূল অবস্থার মধ্যে রয়েছি। সে কারণে আমি কাহিনীকে নিছক গল্প না ভেবে বাস্তব ঘটনা বলে ভাবতে থাকি, বিশ্বাস করতে থাকি বিপদটাই সত্য। এতে আপনা আপনি চোখে মুখে এক আতঙ্ক আর দুর্ভাবনার ছায়া পড়ে। সংলাপের নামে যা বলি তা সত্য বলে মনে হয়। গল্প-কাহিনীর পরতে পরতে ভ্রমণটা এভাবেই হয়।


শুধু ভ্রমণ নয়, কাহিনী আর চরিত্রের মাঝে মিশে যেতে পারেন বলেই তার অভিনয় দর্শক মনে গেঁথে যায়। ক'দিন আগেও তার প্রমাণ পাওয়া গেছে রুম্মান রুনির 'সোনায় সোহাগা' নাটকটি দর্শক নন্দিত হওয়ায়। এ নাটকে মেহজাবিন অভিনয় করেছেন তোতলা এক মেয়ের চরিত্রে। অন্যদিকে ওয়াসিম সিতারের 'আনম্যারিড' নাটকে তাকে দেখা গেছে একই সঙ্গে একজনের প্রেমিকা এবং একজনের স্ত্রী রূপে। রূপক বিন রউফের 'ব্রেকআপ ব্রেকডাউন' রুনির 'ছিনতাই' নাটকে অভিনয় করেও তিনি অনেকের প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি মুঠোফোনের বিজ্ঞাপনের মডেল হয়েও নজর কেড়েছেন অনেকের। দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকের সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। যদিও একসময় বলেছিলেন, ধারাবাহিক নাটক আর নয়, তার পরও হঠাৎ কী মনে করে ধারাবাহিক নাটকে অভিনয় করছেন? এর জবাবে মেহজাবিন বলেন, 'গত ক'বছর ধরে একক নাটকের কাজ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে, ধারাবাহিকে অভিনয়ের সুযোগ ছিল না, সে কারণেই বলেছিলাম ধারাবাহিক নাটকে আপাতত অভিনয় নয়; কিন্তু এটা বলিনি যে, ধারাবাহিক নাটকে কখনোই অভিনয় করব না।

একক নাটকের প্রতি এক ধরনের দুর্বলতা আছে সত্য; কিন্তু ভালো গল্প ও চরিত্র পেলে ধারাবাহিকে কাজ করতেও আপত্তি নেই। রায়হান খানের 'সুপারস্টার' নাটকের গল্প ভালো লেগেছিল, অন্যদিকে হাতে খানিকটা সময় পাওয়ায় এতে অভিনয়ে আগ্রহী হয়েছি।' আগ্রহী ছিলেন না তার পরও গল্প-চরিত্র ভালো লাগায় ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। ভিন্নধর্মী কাজের সুযোগ পেলে চলচ্চিত্রেও নিশ্চয়ই আপনাকে দেখা যাবে? এর উত্তরে মেহজাবিন শোনালেন নিরাশার কথা। তিনি বলেন, 'সত্যি বলতে কী, চলচ্চিত্রে অভিনয় নিয়ে আমি মোটেও ভাবছি না। যে ধরনের গল্প নিয়ে হরহামেশা চলচ্চিত্র নির্মিত হচ্ছে তা আমার মনে দাগ কাটে না। আবার এমন কোনো ছবিতেও অভিনয় করতে চাই না, যার গল্প ভালো কিন্তু বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনা কম। আবার অনেক ভালো কাজও দর্শকের দৃষ্টির আড়ালে থেকে যায়। সেটি মানসম্পন্ন চলচ্চিত্র কি-না, সে প্রশ্নের চেয়ে তা বাণিজ্যিকভাবে কতটা সফল সে আলোচনাই প্রাধান্য পায়। এ জন্যই ছোট পর্দার অভিনয় নিয়েই আপাতত ব্যস্ত থাকতে চাই। এর বেশি প্রত্যাশা নেই আমার।'