রূপকথার নয়, গ্রহের এক অবিশ্বাস্য প্রাণী ‘নারহোয়েল’
বলা হয়ে থাকে, নারহোয়েল এক রূপকথার প্রাণী। এক শিংয়ের ঘোড়া যেমন ইউনিকর্ন মিথলজির প্রাণী, তেমনই শিংওয়ালা তিমির নাম নারহোয়েল। মজার বিষয় হলো, এটা মোটেই মিথলজির প্রাণী নয়। এরা সত্যিই রয়েছে পৃথিবীতে। আর্কটিকের এক আইকনিক প্রাণী নারহোয়েল। শত শত বছর ধরে বিজ্ঞানীরা এদের পেছনে লেগে রয়েছেন। বিশাল আর্কটিকে তারা শীতকালের অন্ধকারে সময় কাটায়। এরা যে পানিতে থাকে সে পানিতে বরফ ভাসে। তাই কদাচিৎ এদের দেখা মেলে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ মার্টিন নুইয়া জানান, অধিকাংশ মানুষই বিশ্বাস করেন না যে নারহোয়েল রয়েছে। বাচ্চাদের কাছে তো এটা রূপকথার জগতের প্রাণী। মুখ থেকে বেরিয়ে আসা এদের বিশালাকৃতির দাঁত সত্যিই বিশ্বাসযোগ্য নয়। দাঁতসহ এদের ইউনিকর্ন বলেই মনে হয়। বিশেষ করে পুরুষ প্রজাতির দাঁত দেখা যায়। তবে স্ত্রী প্রজাতিরও দেখা যায়। কয়েকটির আবার দুটো দাঁতও দেখা যায়। অধিকাংশের মতে, এ দাঁত তারা ব্যবহার করে খাবার বিদীর্ণ করার জন্যে।
এদের দাঁত ২-৩ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এরা সাধারণত ছোট আকারের প্রাণীদেরই ধরে খায়। কিন্তু এমন একটি দাঁত দিয়ে শিকার ধরে খাওয়া খুব কঠিন বলেই মনে হয়। অনেকে বলেন, নারহোয়েল তাদের খাবার চিবিয়ে খায়। এদের সাধারণত দাঁতবিশিষ্ট তিমি বলে পরিচয় দেওয়া হয়। নুইয়া বলেন, আমাদের দাঁতের বহিরাবহণ অপেক্ষাকৃত শক্ত এবং ভেতরের দিকে নরম। কিন্তু নারহোয়েলের দাঁতের বাইরের দিকটা নরম এবং ভেতরের দিকে প্রচণ্ড শক্ত হয়ে গেছে। সেইসঙ্গে এটা এক বিশাল এন্টেনার মতো সেন্সরের কাজ করে।
তবে শিকার ধরে খেতে বা বেঁচে থাকার জন্যে এ দাঁতটির তেমন প্রয়োজন নেই। কিন্তু বংশবৃদ্ধিতে এটি কাজ করে। এ ছাড়া বিশেষ অবস্থায় বেঁচে থাকতে এর প্রয়োজন রয়েছে। সম্ভবত দাঁতের আকার দেখেই স্ত্রী প্রজাতি আকৃষ্ট হয়। দাঁতসহ এর চেহারা দেখে সবাই ভাবেন, নারহোয়েল ভয়ংকর একটা প্রাণী। কিন্তু অদ্ভুত হলেও সত্য যে, এরা লাজুক এবং ভীতু। বহুকাল ধরে এদের শিকার করছে মানুষ। তবে বর্তমানে এটি কমেছে। এখন শিকার এদের জীবনধারণে সমস্যা নয়। তবে শব্দ দূষণ বড় ধরনের সমস্যা। বৈশ্বিক উষ্ণতার কারণে আর্কটিকের বরফ গলছে এবং এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করছে। এতে যে শব্দ দূষণ হচ্ছে তা নারহোয়েলের জন্যে দারুণ ক্ষতিকর।
তবে যেভাবেই, এই মিথলজিকেল প্রাণীকে রক্ষায় যেকোনো উপায় গ্রহণে প্রস্তুত বিজ্ঞানীরা। সূত্র : বিবিসি











