‘সংক্ষিপ্ত’ সফর করে ফিরলেন চিকিৎসকরা, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন : ১৭ চিকিৎসককে শোকজ
স্টাফ রিপোর্টার সরাইল : আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডটকমের শিরোনাম ছিল “চিকিৎসক শুন্য সরাইল প্রমোদ ভ্রমনে তারা।” এ ছাড়া আরো বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিকে মজাদার শিরোনামে প্রকাশিত হয় সরাইল হাসপাতালের ডা. নোমান মিয়ার নেতৃত্বে চিকিৎসকদের চাঁদার টাকায় কক্সবাজার ভ্রমনের কাহিনী। পাঁচ দিনের সফর তড়িত সংক্ষিপ্ত করেন তারা। গত শুক্রবার রাতেই তারা চলে আসেন সরাইলে। শনিবার সরকারি ছুটির দিনও হাসপাতালে ছিলেন বেশ কয়েকজন চিকিৎসক। কিন্তু ওইদিন তাদের চোখে মুখে ছিল বিষাদের চাপ। সর্বত্রই টেনশন। ওইদিন গঠন করা হয় ৩ সদস্যের তদন্ত টীম। ১৭ চিকিৎসককে দেওয়া হয়েছে কারন দর্শানো নোটিশ। আজ বুধবার তদন্তে আসবেন কর্মকর্তারা। রবিবার বেলা পোনে ১২টা। হাসপাতালের প্রবেশমুখে দাঁড়িয়ে কথা বলছিলেন, ডা. মো দেলোয়ার হোসেন ও ডা. মো. মশিউর। এ দু’জনের আলোচনার কেন্দ্র বিন্দুও ছিল ভ্রমণ ও পত্রিকার রিপোর্ট কেন্দ্রিক। টাকা রিসিভ করে হাতের লেখা দেওয়ায় কিছুটা সমস্যা হবে বলে বলতে থাকেন ডা. মশিউর। কিছুক্ষণের মধ্যেই একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ডা. মশিউরকে উদ্দেশ্য করে বলেন, ‘স্যার, আপনাদের ভ্রমণটা তো ভালো হলো না’। তাঁর এ কথায় সায় দিয়ে ডা. মশিউর বলেন, ‘কি আর করা’।
তবে ডা. দেলোয়ার ও ডা. মশিউর এমন আলোচনার কথা অস্বীকার করলেন এ প্রতিবেদকের কাছে। ডা. মশিউর বলেন, ‘সরকারি ছুটিতে আমি ঢাকার বাসায় গিয়েছিলাম। আর টাকা পেয়ে কোন কিছু লেখিনি কিংবা স্বাক্ষর করেনি’। এখানে উল্লেখ্য, এমআরদের কাছ থেকে টাকা পেয়ে ‘ ত্রিশ হাজার টাকা বুঝিয়া পাইলাম’ লিখে তাতে স্বাক্ষর করেছিলেন ডা. মশিউর। এদিকে কক্সবাজার যাওয়ার কথা অস্বীকার করেছেন আবাসিক মেডিকেল অফিসার মো. নোমান মিয়া। বেলা ১টার দিকে নিজ অফিস কক্ষে বসে তিনি বলেন, ‘আমি ছুটিতে আখাউড়ার গ্রামের বাড়ি গিয়েছিলাম। তবে ছুটির দিনেও কর্মস্থল ত্যাগ করতে লিখিত নেওয়ার বিষয়টি আমি জানতাম না’। ওষুধ কোম্পানির জেনারেল ম্যানেজারের কাছে লেখা আবাসিক মেডিক্যাল অফিসারের (আরএমও) ধন্যবাদ পত্রে ২৫ অক্টোবর রবিবার পর্যন্ত চিকিৎসকরা কক্সবাজার সফর করবেন বলে উল্লেখ ছিল। কিন্তু গনমাধ্যমে বিষয়টি প্রচার হওয়ায় সফর ‘সংক্ষিপ্ত’ করে দুইদিন আগেই ফিরে এসেছেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। কক্সবাজার সফরে যাওয়া সব চিকিৎসকই রবিবার হাসপাতালে রোগী দেখেছেন। সরজমিনকালে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলেই কক্সবাজার যাওয়ার বিষয়টি তাঁরা বেমালুম চেপে যান। লিখিত অনুমতি নিয়ে যাওয়ার নিয়ম সম্পর্কে তাঁরা অবহিত ছিলেন না। এ জন্য মৌখিক অনুমতি নিয়ে তাদের বাড়িতে গিয়েছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও তাঁরা একই কথা বলেছেন।
এদিকে লিখিতভাবে না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (টিএইচও) পক্ষ থেকে চিকিৎসকদেরকে রবিবার পত্র দেওয়া হয়েছে। এরা হলেন- আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো.নোমান মিয়া, মেডিকেল অফিসার ডা. মো. নাসির উদ্দিন, ডা. কাজী শাহরিয়ার আজহার, ডা. আনাস ইবনে মালেক, ডা. মহিবুর রহমান, ডা. নাফিসা আলম, ডা. কাজী সামসুল আবেদীন, ডা. সৈয়দা তাসরিন আহমেদ, ডা. একেএম মোস্তাকিম বিল্লাহ, ডা. এ এইচ এম মশিউর রহমান, ডা. শেখ নিলুফার ইয়াসমিন, ডা. এনামুল হক, ডা. কাজী মো.ফারুক, ডা. আনাস ইবনে মালেক, ডা. ফাহমিদা আলতাফ, ডা. নাফিজ মোহাম্মদ খান ও ডা. সুমাইয়া বিনতে জলিল। এর আগে পত্রিকায় প্রকাশিত খবরের আলোকে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হুসাইনকে প্রধান করে ভারপ্রাপ্ত সিভিল সার্জন স্বাক্ষরিত এক পত্রে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। কমিটির অন্য সদস্যরা হলেন- জেলা সদর হাসপাতালের সিনিয়র কন্সালটেন্ট (মেডিসিন) ডা.ফরহাদ হোসেন মো. শাহেদ ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আবদুল কাদির। কমিটিকে পাঁচ কর্ম দিবসের করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। প্রসঙ্গত: গত বুধবার রাতে ওই ১৮ চিকিৎসকসহ তাঁদের পরিবারের আরো ২০-২২ সদস্য বিলাস বহুল শীততাপ নিয়ন্ত্রিত বাসে চড়ে কক্সবাজারের উদ্দেশ্যে সরাইল ছাড়েন। আর এ ভ্রমণের জন্য তাঁরা নিজের পকেটের টাকা খরচ করেন নি। ভ্রমণের টাকা তাঁরা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের (এমআর) কাছ থেকে জুগিয়েছেন বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এমআরদের কাছ থেকে টাকা নিয়ে প্রাপ্তি পত্র ও ধন্যবাদপত্রও দেওয়া হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনা আখতার বেগম বলেন, ‘লিখিত না দিয়ে কর্মস্থল ত্যাগ করায় ১৭ চিকিৎসককে কারণ দর্শাতে বলা হয়েছে’।











