চার খুনিকে গ্রেপ্তারের দাবি পুলিশের
'বড় ভাইয়ের' নির্দেশে তাভেল্লা হত্যা
রাজধানীর গুলশানের কূটনৈতিক পাড়ায় পশ্চিমা দেশের একজন নাগরিককে হত্যা করে বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা নেই বলে প্রমাণের চেষ্টা করেছিল একটি মহল। বিদেশি একজন শ্বেতাঙ্গ নাগরিককে হত্যার জন্য খুনিদের সঙ্গে চুক্তি করেছিল ‘ষড়যন্ত্রকারীরা’। ষড়যন্ত্রকারীদের হোতা ছিলেন একজন কথিত ‘বড় ভাই’। তিনি পরিকল্পনা বাস্তবায়নে তিন ‘খুনির’ সঙ্গে কয়েক লাখ টাকায় হত্যার চুক্তি করেছিলেন। ইতালির নাগরিক সিজারে তাভেল্লা প্রকৃতপক্ষে হত্যাকারীদের টার্গেট ছিলেন না। তবে বিদেশি এবং শ্বেতাঙ্গ বলেই তাঁকে হত্যা করে খুনিরা। চাঞ্চল্যকর তাভেল্লা খুনের মামলায় চার আসামিকে গ্রেপ্তারের পর গতকাল সোমবার এ দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
পুলিশ কর্মকর্তারা দাবি করেছেন, তাভেল্লা খুনের ঘটনায় জড়িত হিসেবে গত রবিবার রাজধানীর গুলশান ও বাড্ডা এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো-তামজিদ আহমেদ রুবেল ওরফে শ্যুটার রুবেল ওরফে মোবাইল রুবেল, মিনহাজুল আবেদীন রাসেল ওরফে ভাগ্নে রাসেল ওরফে কালা রাসেল, রাসেল চৌধুরী ওরফে চাকতি রাসেল ওরফে বিদ্যুৎ রাসেল ও শাখাওয়াত হোসেন শরীফ। শরীফের বাসা থেকে তাভেল্লা হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার চারজনই অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে মামলা আছে। গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, তাভেল্লা তাদের (গ্রেপ্তারকৃতদের) টার্গেট ছিলেন না। বরং যেকোনো একজন ‘হোয়াইট কালার ফরেনার’ (শ্বেতাঙ্গ বিদেশি) তাদের টার্গেট ছিল। তাদের বড় ভাইয়ের নির্দেশ ছিল, বাংলাদেশে বিদেশি নাগরিকরা সেফ (নিরাপদ) না, এটা প্রমাণ করতে একজন বিদেশি শ্বেতাঙ্গ নাগরিককে হত্যা করতে হবে। এতে সরকারকে চাপে ফেলা যাবে এবং নিজেদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করা সম্ভব হবে।’ তবে কমিশনার সেই বড় ভাইয়ের পরিচয় সম্পর্কে কিছুই জানাননি। আর তাভেল্লা হত্যাকাণ্ডের সঙ্গে আইএসের কোনো যোগসূত্র নেই বলেও দাবি করেন তিনি।
রবিবার আটকের পর ওইদিনই চারজনকে তাভেল্লা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তদন্তসংশ্লিষ্টরা বলছেন, শ্যুটার রুবেল খুব কাছ থেকে তাভেল্লাকে পিস্তল দিয়ে গুলি করে। গতকাল সোমবার আদালতে হাজির করলে রুবেল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। বাকি তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য মহানগর হাকিম আদালতের মাধ্যমে আট দিন করে রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিএমপি কমিশনার কালের কণ্ঠকে বলেন, হত্যাকাণ্ডে পয়েন্ট ৩২ বোরের একটি পিস্তল ব্যবহার করা হয়েছে। অস্ত্র উদ্ধার এবং সেই ‘বড় ভাইকে’ গ্রেপ্তার করা গেলে এই খুনের পুরো মোটিভ পরিষ্কার হবে। তবে গ্রেপ্তারকৃতরা ইতিমধ্যে স্বীকার করেছে, একজন বিদেশি নাগরিককে হত্যার উদ্দেশ্যে তাভেল্লাকে খুন করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন তাঁদের বলেছে, ২৭ লাখ টাকায় হত্যার চুক্তি হয়। আবার আরেকজন বলেছে ৫০ লাখ। তবে ৫০ লাখ টাকার মধ্যেই চুক্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সেই ‘বড় ভাইয়ের’ নামও প্রকাশ করা হবে। তবে গ্রেপ্তার চারজনের স্বজনরা দাবি করেছে, বেশ কয়েক দিন আগেই চারজনকে আটক করেছিল পুলিশ। গত রবিবার তাদের গ্রেপ্তারের ‘নাটক সাজানো’ হয়েছে। গ্রেপ্তার চারজনকে গতকাল সংবাদ সম্মেলনে হাজির করা হয়। আছাদুজ্জামান মিয়া বলেন, “আমরা ধারাবাহিক তদন্ত করে তাভেল্লা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং খুনিদের গ্রেপ্তার করেছি। রবিবার ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলামের তত্ত্বাবধানে ডিবির একাধিক টিম ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাভেল্লা হত্যাকাণ্ডে জড়িত চার আসামিকে গ্রেপ্তার করে। তার মধ্যে চাকতি রাসেলকে আমরা গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করি। ভাগ্নে রাসেলকে আমরা বাড্ডার সাঁতারকুল এলাকা থেকে গ্রেপ্তার করেছি। শ্যুটার রুবেলকে রবিবার রাতে বাড্ডার একটি গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করেছি। এ সময় ভাগ্নে রাসেলের স্বীকারোক্তি ও তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক শরীফকেও গ্রেপ্তার করি। মধ্য বাড্ডায় শরীফের ট/১১৯ নম্বর বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ আমাদের জানায়, ভাগ্নে রাসেল তাকে (শরীফ) অনুরোধ করে ‘আমাদের একটি অপারেশন আছে। আপনার মোটরসাইকেলটি আমাদের দিতে হবে।’ তাদের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে এর আগেও সে এভাবে মোটরসাইকেল দিয়েছে এবং যথাসময় ফেরতও পেয়েছে। ঘটনার দিন (২৮ সেপ্টেম্বর) সকালে শরীফ মোটরসাইকেলটি দেয় এবং রাতে ভাগ্নে রাসেল সেটি ফেরত দেয়।”
ডিএমপি কমিশনারের ভাষ্য মতে, ‘ভাগ্নে রাসেল ও চাকতি রাসেল নেশায় আসক্ত এবং বিভিন্ন মামলায় তারা এর আগে কারাভোগ করেছে। তাদের বিরুদ্ধে অনেক মামলা আছে। দুর্ধর্ষ ও ঠাণ্ডা মাথার খুনি হিসেবে রুবেলের ক্রিমিনাল রেকর্ড আমাদের কাছে রয়েছে। শরীফও এলাকায় ইয়াবা ব্যবসায়ী এবং অস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত বলে আমরা তথ্য-প্রমাণ পেয়েছি। দুই রাসেল ও রুবেলকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, ঘটনার দিন প্রথমে চাকতি রাসেল গুলশানের ৯০ নম্বর রোডে পূর্ব দিকে সিটি করপোরেশন অফিসের সামনে পূর্বপরিকল্পনা অনুযায়ী একজন বিদেশিকে হত্যার জন্য অপেক্ষা করে।
পরে ভাগ্নে রাসেল ও শ্যুটার রুবেল মোটরসাইকেলে একই জায়গায় গিয়ে মিলিত হয়। তাভেল্লা যখন ৯০ নম্বর রোড ধরে পূর্ব থেকে পশ্চিম দিকে আসেন তখন ভাগ্নে রাসেল ও চাকতি রাসেল তাঁর (তাভেল্লা) বিষয়টি রুবেলের নজরে আনে। তারা মোটরসাইকেল নিয়ে তাভেল্লাকে অনুসরণ করে এবং ৯০ নম্বর রোডের মাথায় গিয়ে মোটরসাইকেলটি ইউটার্ন করিয়ে এনে ৮৩ নম্বর রোডের মাথায় দাঁড়ায়। এর মধ্যে তাভেল্লা যখন ৯০ নম্বর রোডের পশ্চিম মাথার দিকে চলে যান তখন শ্যুটার রুবেল তাঁকে লক্ষ্য করে গুলি করে। তাভেল্লা মাটিতে লুটিয়ে পড়লে রুবেল দৌড়ে গিয়ে ৮৩ নম্বর রোডের সংযোগস্থল থেকে মোটরসাইকেলে ওঠে এবং তিনজন মিলে পালিয়ে যায়।
কমিশনার আছাদুজ্জামান মিয়া আরো বলেন, আমরা ব্যাপকভাবে তল্লাশি করি, সিসিটিভি ফুটেজের সাহায্য নিই। খুনিদের নিশ্চিতভাবে শনাক্ত করার পরই আমরা অভিযান চালাই। প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা তাদের অবস্থান শনাক্ত করি এবং তাদের গ্রেপ্তার করি। আমরা রবিবার তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি, একজন কথিত বড় ভাই তাদের (গ্রেপ্তারকৃতদের) বলেছে, একজন বিদেশিকে হত্যা করতে হবে। সে জন্য তোমাদের টাকা দেওয়া হবে। নির্দিষ্ট অঙ্কের টাকায় ভাড়াটে খুনি হিসেবে চুক্তিবদ্ধ হয় রুবেল, ভাগ্নে রাসেল ও চাকতি রাসেল। চুক্তি অনুযায়ী, পূর্ব পরিকল্পনার সূত্র ধরে তারা এই খুন করে। জিজ্ঞাসাবাদে তারা আরো জানিয়েছে, যে টাকায় চুক্তি হয়েছিল সেই টাকার অর্ধেক ঘটনার আগেই পরিশোধ করা হয়েছে। বাকি টাকা ঘটনার পরে দেওয়ার কথা ছিল। কিন্তু এখনো তারা বাকি অর্ধেক টাকা পায়নি। ঘটনার পর পুলিশের তৎপরতা দেখে তারা পালিয়ে ছিল। তাদের তথ্য যাচাই-বাছাই করে আমরা সেই কথিত বড় ভাইকে খুঁজছি। তার অস্তিত্ব আমরা শনাক্ত করছি এবং গ্রেপ্তারের চেষ্টা করছি। পাশাপাশি এই ঘটনার কী মোটিভ এবং বড় ভাইয়ের পেছনে অন্য মদদদাতা কারা, সুবিধাভোগী কারা, সেই বিষয়গুলো আমরা নিবিড়ভাবে তদন্ত করছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। প্রকৃত অপরাধী আমরা গ্রেপ্তার করেছি। তাদের অপরাধ প্রমাণের জন্য উপযুক্ত তথ্য-প্রমাণও ইতিমধ্যে সংগ্রহ করেছি। কথিত বড় ভাইকে গ্রেপ্তার করলে এর পেছনে কারা আছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারব।
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এটি কোনো টার্গেট খুন ছিল না। বাংলাদেশে নৈরাজ্য তৈরি এবং ভীতি সৃষ্টির উদ্দেশ্যেই এ কাণ্ড ঘটানো হয়েছে। বিদেশি একজন নাগরিককে খুন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করা এবং সরকারকে চাপে ও বেকায়দায় ফেলাই ছিল এর উদ্দেশ্য। বিদেশি নাগরিক, বিশেষ করে পশ্চিমা নাগরিকরা বাংলাদেশে নিরাপদ নয়-এটি প্রমাণ করে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে চাপে ফেলার অপকৌশল হিসেবে এই পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কত টাকার চুক্তিতে হত্যা করা হয়েছে-প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, ‘জিজ্ঞাসাবাদে তিনজন টাকার অঙ্কের ব্যাপারে ভিন্ন কথা বলেছে। এটা আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।’
ডিএমপি কমিশনার বলেন, ‘যারা বাংলাদেশকে অশান্ত করতে চায়, যারা বিদেশি নাগরিক বাংলাদেশে নিরাপদ নয়-এটা প্রমাণ করে সরকারকে চাপে ফেলতে চায়, তারা কারা, আপনি-আমি সবাই জানি। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৯২ দিন যারা অবরোধের নামে মানুষ জ্বালিয়ে-পুড়িয়ে মেরেছে, নির্বিচারে মানুষ খুন করেছে তাদের সম্পৃক্ত থাকার বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’ রাজনৈতিক নেতারা বিরোধী পক্ষকে দায়ী করে অভিযোগ তুলছেন। এতে তদন্তে প্রভাব পড়বে কি না, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘পেশাদার পুলিশ বাহিনী হিসেবে বাংলাদেশে প্রচলিত আইন, পেনাল কোডের বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই।’ কথিত সেই বড় ভাইয়ের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘কথিত বড় ভাইয়ের রাজনৈতিক পরিচয় নিশ্চিত না হয়ে পেশাদার বাহিনী হিসেবে আমাদের এটা বলা সমীচীন বলে মনে করি না। তবে তার তথ্যাদি আমরা পেয়েছি। আমরা তাকে শনাক্ত করে গ্রেপ্তার করলেই তার রাজনৈতিক পরিচয় পাওয়া যাবে। যেহেতু গ্রেপ্তারকৃতরা আমাদের কাছে অপরাধ স্বীকার করেছে, তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে, এটি পুলিশ আইনের ২৭ ধারা অনুযায়ী আদালতে গ্রহণযোগ্য, সুতরাং আমাদের সফলতা আছে। অস্ত্রটি কোথায় আছে, কার কাছে আছে, সেই সম্পর্কেও আমাদের কাছে তথ্য আছে। এখন সেই ব্যক্তিকে খুঁজে বের করে অস্ত্রটি উদ্ধার করতে আমাদের সময় দিতে হবে।’
‘সাজানো নাটক’ দাবি পরিবারের : দক্ষিণ বাড্ডার ব/৮৯ বাসার বাসিন্দা শাহজাহান চৌধুরীর ছেলে রাসেল চৌধুরী। গতকাল তার বাসায় গেলে স্বজনরা দাবি করেন, ১০ অক্টোবর রাসেলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। গতকাল সন্তানকে গ্রেপ্তারের খবর টিভিতে দেখে অসুস্থ হয়ে পড়েছেন রাসেলের মা আফরোজা আক্তার। তিনি বলেন, ‘এত দিন আগে ধইরা নিল। এখন গ্রেপ্তার নাটক দেখায়। কী হবে আমার ছেলের?’ মধ্যবাড্ডার জ/২১ নম্বর বাড়িতে মামা তৌহিদ মিয়ার সঙ্গে থাকেন রুবেল। গ্রেপ্তারের খবর শুনে তৌহিদ মিয়া বিস্ময় প্রকাশ করে বলেন, ‘গত ১২ অক্টোবর থেকে আমার ভাগ্নেকে পাইনি। এরপর জিডি করি। আমার ভাগ্নের নামে কোনো মামলা নাই।’ মোটরসাইকেলের মালিক শরীফের বড় ভাই সোহাগ বলেন, শরীফকে ১৪ অক্টোবর রাতে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। সে বিএনপিকর্মী। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
ভাগ্নে রাসেলের বাবা সিরাজুল ইসলাম বলেন, গত ১৪ অক্টোবর মধ্য বাড্ডায় তাঁদের বাসার সামনে থেকে রাসেলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। অনেক খুঁজেও ছেলের হদিস পাননি তিনি। এরপর তিনি থানায় জিডি করেন। গতকাল টেলিভিশন দেখে জানতে পারেন রাসেলের গ্রেপ্তারের খবর। রুবেলসহ অন্যদের আগে আটক করে রবিবার গ্রেপ্তার দেখানো হচ্ছে-এমন প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি তথ্যনির্ভর নয়। আমি আগেই বলেছি। ঘটনা ঘটানোর পরই সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে খুনিদের শনাক্ত করতে পেরেছি। খুনিদের ঠিকানা শনাক্ত করার জন্য আমাদের একাধিক টিম রাত-দিন কাজ করেছে। আমরা রবিবার তাদের গ্রেপ্তার করেছি, আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম।’
আইএসের সম্পৃক্ততা নেই : ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলনে আরো বলেন, ‘এই ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতার কোনো ধরনের তথ্য-প্রমাণ, আলামত ও সাক্ষ্য-প্রমাণ আমরা পাইনি। আইএস এই কাজটি করেছে বলে যে প্রচারণা চালানো হয়েছে, সে ব্যাপারে আমরা ব্যাপকভাবে খোঁজখবর নিয়েছি। তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়েছি। আমরা মনে করি, প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্য আইএস নাটক সাজানো হয়েছে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, আমেরিকার একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স’ প্রথম আইএস সংশ্লিষ্টতার তথ্য প্রচার করে। এই বিষয়ে আমরা ব্যাপক অনুসন্ধান চালিয়েছি। আজ পর্যন্ত প্রযুক্তি বিশ্লেষণে এবং আইএস এর যত সাইট আসে সেসব সাইটে এ ধরনের কোনো খবরে তাভেল্লা খুনের তথ্য পাওয়া যায়নি। শুধু রিটা কাৎস পরিচালিত সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এই তথ্য দিয়েছে। যারা ঘটনাস্থলে উপস্থিত থেকে হত্যাকাণ্ড সংঘটিত করেছে তাদের আমরা গ্রেপ্তার করেছি। তাদের যারা মাস্টারমাইন্ড আছে তাদের গ্রেপ্তার করা গেলে আইএস বা রিটা কাৎস-এর তথাকথিত দাবির সঙ্গে তাদের কী সম্পর্ক রয়েছে সেটা নিশ্চিত হতে পারব।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের ৯০ নম্বর সড়কে নেদারল্যান্ডসভিত্তিক এনজিও আইসিসিওর কর্মকর্তা তাভেল্লাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।











