ভারত-দ. আফ্রিকা মুখোমুখি আজ : অঘোষিত ফাইনাল
ভারত ও দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতায় রয়েছে। তাই সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। আজ যে দল ফাইনালে বিজয়ী হবে সে দল জিতে নিবে ওয়ানডে সিরিজ। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই অঘোষিত ফাইনালের মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
ভারত সফরের শুরুটা দুর্দান্তই হয়েছিল দক্ষিণ আফ্রিকার। তিন ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় প্রোটিয়ারা। সেই সুখস্মৃতিটা ওয়ানডে সিরিজে ভালো কাজে দিয়েছে তাদের। কারণ, ভারতের সঙ্গে লড়াইটা ভালোই করেছে তারা। দু’বার সিরিজে লিড নেয় সফরকারীরা।
দক্ষিণ আফ্রিকা দু’বার লিড নিলেও, হাল ছেড়ে দেয়নি ভারত। দু’বারই বীরত্বের সঙ্গে সিরিজে সমতা আনে টিম ইন্ডিয়া। বিশেষভাবে চতুর্থ ওয়ানডেতে ভারতের জয়টি ছিলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, ওই ম্যাচটি ভারতের কাছে ছিলো বাঁচা-মরার লড়াই। হেরে গেলেই শেষ হয়ে যেত সিরিজের জয়ের আশা। কিন্তু সেখানে বিরাট কোহলিতে রক্ষা হয় স্বাগতিকদের।
চেন্নাইয়ের লোকাল হিরো ধোনিকে জয় উপহার দেন কোহলি। ব্যাট হাতে বিরাট এক ইনিংস খেলেন কোহলি। তার ১৪০ বলে ১৩৮ রানের ইনিংসটি ছিলো দর্শনীয়। তাতেই ৮ উইকেটে ২৯৯ রান সংগ্রহ করে ভারত। এরপর অবশ্য বাকি কাজটা সারে স্বাগতিক বোলাররা।
তবে কোহলির ইনিংসকে ম্লান করার আপ্রাণ চেষ্টা করেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। কিন্তু সেটি সম্ভব হয়নি দলের অন্য কেউ ডি ভিলিয়ার্সকে প্রয়োজনীয় সঙ্গ না দেয়াতে। তাই ডি ভিলিয়ার্সের ১১২ রানের ইনিংস বৃথাই যায়। তবে এক দিক দিয়ে ওই সেঞ্চুরির স্বাদটা আনন্দভরেই নিয়েছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি র্স্পশ করে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি বার তিন অংকে পা দেয়া খেলোয়াড় এখন ডি ভিলিয়ার্স।
পঞ্চম ম্যাচটি যে খুবই গুরুত্বপূর্ণ তা কোহলির মতে ভালোই জানেন ভারত দলপতি মহেন্দ্র সিং ধোনিও। তাই আসল পরীক্ষাতেও উত্তীর্ণ হতে চাইছেন ধোনি, চতুর্থ ওয়ানডেটি আমাদের কাছে ছিলো অগ্নি-পরীক্ষা। সেই চ্যালেঞ্জে জিতেছি আমরা। এখন আমাদের সামনে আসল পরীক্ষা। এটাতে উত্তীর্ণ হলেই সব কষ্ট জয় করা হয়ে যাবে। এমন পরীক্ষা দিতে আমরা প্রস্তুত আছি। দক্ষিণ আফ্রিকাও প্রস্তুত। আমাদের সহজে ছেড়ে দেবে না। আগের ম্যাচের মতো পারফরমেন্স বজায় থাকলে জয় পাওয়া সহজই হবে। ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে হবে। বোলারদের উইকেট নিতে হবে এবং প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে হবে। চতুর্থ ম্যাচে করে দেখিয়েছে কোহলি, রায়না, রাহানে, হরভজন, ভুবেনশ্বর। পঞ্চম ম্যাচেও সবাই ভালো করবে এবং জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়বে। সিরিজ জয়ের জন্য আমরা লড়াইয়ে নামবো।
সিরিজ জয়ের ভাবনাটা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের মনেও, ভারত কতোটা শক্তিশালী প্রতিপক্ষ তা তারা দেখিয়েছে। দু’বার সিরিজে পিছিয়ে পড়েও, এখনো লড়াইয়ে শক্তভাবে টিকে রয়েছে। আগের ম্যাচেই আমাদের জয় পাওয়া উচিত ছিলো। কিন্তু ব্যাটসম্যানরা মোটেও ভালো করেনি। এমন ম্যাচে ব্যাটসম্যানদের মুখ্য ভূমিকা থাকা জরুরি। দু’জন বড় ইনিংস খেললেই ম্যাচ জয় সম্ভব হতো। তবে এসব নিয়ে এখন ভেবে কিছু পাওয়া যাবে না। আমাদের চিন্তায় পঞ্চম ম্যাচ। সিরিজ জয়ের জন্য যা করা দরকার সব করতে প্রস্তুত ছেলেরা। আগের ম্যাচের ভুলগুলো পরের ওয়ানডেতে আর করতে চায় না তারা।











