‘কানকাটা আতঙ্ক’ ব্রাহ্মণবাড়িয়ার এক গ্রামে উল্লাসে সন্ত্রাসীরা
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার কাছাইট গ্রামে বিরাজ করছে ‘কানকাটা’ আতঙ্ক । এ গ্রামের এক তরুন মামুন মিয়ার (১৬) দু-কান কেটে নিয়ে গ্রামঘুরে উল্লাস করেছে সন্ত্রাসীরা। এমন পরিনতি করার হুমকী দেয়া হচ্ছে আরো অনেককে। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ কাউকেই গ্রেফতার করেনি। এমনকি গ্রামে পর্যন্ত যায়নি পুলিশ। এই অবস্থায় সন্ত্রাসীদের আস্ফালনে অসহায় হয়ে পড়েছে ঐ গ্রামের কয়েক’শ মানুষ। তারা বাড়ির বাইরে যেতে পারছেনা। শহর থেকে কয়েক কিলোমিটার দূরের এই গ্রাম থেকে প্রতিদিন প্রায় একশো লোক শহরে কাজ করতে আসে। তাদের কাজে আসাও বন্ধ।
মামুনের কান কেটে নেয়ার ঘটনাটি ঘটে গত ১৬ ই অক্টোবর সকালে । বাড়ি থেকে শহরে কাজে যাওয়ার পথে কাঞ্চনপুর গ্রামে পৌছলে তাকে রাস্তা থেকে ধরে নিয়ে যাওয়া হয় মো: মলাই মেম্বারের বাড়িতে। সেখানে মলাই মিয়ার নির্দেশে মো: আলী আজম,মিজান মিয়া,আবদুর রহমান,মো: ইরন মিয়া,আয়ুব আলী,দানা মিয়া,মো: শাহীন মিয়া,সাইদ মিয়া,মো: ইউসুফ মিয়া,মো: লিটন মিয়া বেদম মারধোর করে মামুনকে। ঐসময় ধারালো দা দিয়ে মামুনের দু-কান কেটে ফেলে সন্ত্রাসীরা। কাটা কান নিয়ে তারা কাছাইট গ্রামে এসে উল্লাস করে আর বলে,‘ একজনের কান কেটে সমান করছি,বাকী কয়ডারেও সমান করুম’। এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরজমিনে ঐ গ্রামে গিয়ে দেখা যায় অনেকটাই অবরুদ্ধ জীবনযাপন করছেন কাছাইট গ্রামের মানুষ। প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় তটস্থ তারা। কয়েক মাস আগে পুলিশের সামনেই মারধোর করা হয়েছে এ গ্রামের এক যুবককে। দিনমজুর শ্রেনীর গ্রামের এ অসহায় মানুষগুলো কোন বিচারই পাচ্ছেনা। জানা যায়-৭/৮ মাস আগে কাছাইট রতন মিয়ার দোকানে মোবাইলফোন চার্জ করতে দেয় পাশ্ববর্তী কাঞ্চনপুর গ্রামের সায়েদ। কিছুক্ষন পরেই সে দোকানে এসে তার মোবাইল থেকে ব্যাটারী খুলে নেয়া হয়েছে বলে চিৎকার-চেচামেচি শুরু করে। তখন দোকানে উপস্থিত কাছাইট গ্রামের শহিদ মিয়ার ছেলে হুমায়ুন তাকে দোকানের বাইরে গিয়ে চিল্লাচিল্লি করতে বলে। একথা বলার কারনে হুমায়ুনের সঙ্গে সায়েদের হাতাহাতি হয়। এরপর সায়েদ তার গ্রাম থেকে লোকজনকে নিয়ে এসে হুমায়ুনকে মারধোর করে। এ ঘটনার পর রমজান নামের আরেকজনকে মারধোর করা হয়। পুলিশের সামনেই কাঞ্চনপুর গ্রামের লোকজন রমজানকে মারধোর করে বলে অভিযোগ করেন কাছাইটের লোকজন। ৮ মাস আগের বিরোধের জের ধরে সর্বশেষ হুমায়ুনের ছোট ভাই মামুনের ওপর হামলা চালানো হয়। ফাদ পেতে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বেদম মারধোর করে দু-কান কেটে নেয়া হয় মামুনের।
আলী আজম আর মিজান ধারালো ক্ষুর ও দা দিয়ে কান কাটে মামুনের। এরপর কাটা কান নিয়ে কাছাইট গ্রামে এসে তা দেখিয়ে সবাইকে শাসিয়ে যায়। কাছাইট গ্রামের মুসলিম মিয়া ও আবদুল্লাহ বলেন- তারা আরো অনেকের কান কেটে নেবে বলে হুমকী দিচ্ছে। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের পক্ষেই রয়েছে। মামলা করার পরও পুলিশ তাদের ধরছেনা। তাদের হামলার ভয়ে আমরা শহরে কাজেকর্মেও যেতে পারছিনা। মামুনের কান কেটে নেয়ার ঘটনায় তার পিতা শহিদ মিয়া বাদী হয়ে ঐদিনই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ১১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন আসামীদের ধরার জন্যে গ্রামে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এখনো কোন আসামী ধরা পড়েনি।











