৮ জনের সাক্ষ্য নেয়ার আবেদন সালাউদ্দিন কাদেরের
হঠাৎ সুপ্রিম কোর্টে নতুন আবেদন দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। যে আবেদনে তার রিভিউ শুনানিতে আট বিশিষ্ট ব্যক্তির সাফাই সাক্ষ্য নেয়ার আর্জি জানানো হয়েছে। যাদের মধ্যে পাকিস্তানের সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধানসহ ৫ পাকিস্তানি নাগরিক রয়েছেন। তালিকায় নাম রয়েছে সাবেক মার্কিন কূটনীতিক ওসমান সিদ্দিক এবং হাইকোর্টের বিচারপতি শামীম হাসনাইনের। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বিচারের এ পর্যায়ে এসে এ ধরনের আবেদন নজিরবিহীন। এ আবেদন আমলে নিলে বিচারিক অরাজকতা সৃষ্টি হবে। অন্যদিকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ন্যায়বিচারের স্বার্থে সাক্ষীদের বক্তব্য শোনার অন্তর্নিহিত ক্ষমতা আদালতের রয়েছে।
যে পাঁচ পাকিস্তানি নাগরিকের নামে সমন চাওয়া হয়েছে তারা হলেন পাকিস্তানের সাবেক তত্ত্বাধায়ক সরকারের প্রধান মোহাম্মদ মিয়া সুমরো, স্থপতি মুনিব আরজুমান্দ খান, ডন গ্রুপের চেয়ারম্যান আমবর হারুন সায়গল, সাবেক মন্ত্রী ইসহাক খান খাকওয়ানি, ভিকারুননিসা নূনের নাতি রিয়াজ আহমেদ নূন। এ ছাড়া পিজিতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক, হাইকোর্টের বিচারপতি শামীম হাসনাইন ও তার মা জিনাত আরা বেগমের নামেও সমন চাওয়া হয়েছে।
এ আবেদনের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এ মামলার বিচারের সময় সালাউদ্দিন কাদের চৌধুরী নানান ধরনের তথ্য-উপাত্ত উপস্থাপন করেছেন। আর এগুলো যাচাই-বাছাই করেই ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগ বিচার করেছেন। এ কথার পক্ষে এখন কয়েকজনকে সমন চেয়ে একটি দরখাস্ত করেছেন। এটা আদালতে বিচার্য। তিনি বলেন, ফৌজদারি মামলায় রিভিউর সুযোগ খুবই সীমিত। সাধারণত আদালতের কোন ভুল পরিলক্ষিত হলে পুনর্বিবেচনার সুযোগ থাকে। আর তিনি এ আবেদন করেছেন নির্ধারিত সময়ের পরে। অর্থাৎ রিভিউ করতে সময় হচ্ছে ১৫ দিন। কিন্তু সে সময়তো শেষ হয়ে গেছে। এটা তামাদি হয়ে গেছে। এখন এ দরখাস্ত আমলে নিলে অরাজকতা সৃষ্টি হবে। প্রতিটি আসামি একের পর এক দরখাস্ত করবে।
অন্যদিকে, খন্দকার মাহবুব হোসেন বলেন, আপিল বিভাগ সংবিধানের ১০৪ অনুচ্ছেদের ক্ষমতাবলে এসব ব্যক্তির সমন দিয়ে তাদের বক্তব্য শুনতে পারেন। তাহলে যুদ্ধের সময় যে সালাউদ্দিন কাদের চৌধুরী পাকিস্তানে ছিলেন তা একেবারে স্পষ্ট হয়ে যাবে। তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর সুনির্দিষ্ট ডিফেন্স হচ্ছে মুক্তিযুদ্ধের সময় তিনি চট্টগ্রামে ছিলেন না। তিনি ১৯৭১ সালের মার্চ মাসের আগে থেকে ঢাকার নটর ডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে ধানমন্ডির পৈতৃক বাসায় থাকতেন এবং ২৯শে মার্চ পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ১৯৭৪ সালের এপ্রিল মাসে ঢাকায় আসেন। পাঞ্জাব যাওয়ার সময় কাইউম রেজা চৌধুরী তাকে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে নিজ গাড়িতে করে পৌঁছে দেয়ার কথা বলেছেন। খন্দকার মাহবুব বলেন, ইতিমধ্যে দেশি ও আন্তর্জাতিক মিডিয়ায় এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়েছে। এসব রিপোর্ট পর্যালোচনায় দেখা যায়, যদি আদালত অনুমতি দেন তবে উপরোক্ত ব্যক্তিরা তাদের এফিডেবিট প্রদত্ত বক্তব্যের ব্যাপারে বাংলাদেশে এসে সত্যতা নিশ্চিতের ইচ্ছা প্রকাশ করেছেন।
গত ৩০শে সেপ্টেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে এ রায়ের অনুলিপি পেয়ে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে মৃত্যুপরোয়ানা জারি করেন। এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছিলেন গত ১৬ই জুন। বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। একই বেঞ্চ গত ২৯শে জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সামপ্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ই জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে আপিলেও তার মৃত্যুদণ্ড বহাল থাকে। অন্যদিকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনাল রায় দিয়েছিলেন ২০১৩ সালের ১লা অক্টোবর। প্রসিকিউশনের আনা ২৩টি অভিযোগের মধ্যে নয়টিতে তিনি ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হন। এর মধ্যে চারটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়।











