ছেলেদের পুজোর সাজ মানেই এখন আর শুধু ধুতি-পাঞ্জাবি নয়
যতদূর চোখ যায়, কেবল কাশফুল আর কাশফুল। দিনের দিগন্তজোড়া চনমনে রোদ, আকাশজুড়ে পেঁজা তুলার সাদা মেঘের মানচিত্র, মাঝে মধ্যে বৃষ্টির তোড়জোড়Ñ এই হলো শরৎকাল। শরৎকালে প্রকৃতির এই অপরূপ
মোহনীয় রূপের সঙ্গে বাতাসে এখন ভেসে বেড়াচ্ছে শারদীয় দুর্গোৎসবের আমেজ। কেমন হবে দুর্গোৎসবে ছেলেদের সাজপোশাক, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমান
চারদিকে চলছে এখন পুজোর প্রস্তুতি। আর পুজোর প্রস্তুতির মধ্যে অন্যতম ছেলেদের সাজপোশাক। ছেলেদের পুজোর সাজ মানেই এখন আর শুধু ধুতি-পাঞ্জাবি নয়। ধুতি-পাঞ্জাবি ছাড়াও ফতুয়া, টি-শার্ট, শার্টে এখন পুজোর আবহ ফুটিয়ে তোলা হচ্ছে। তবে তাই বলে ধুতি-পাঞ্জাবির আবেদনও ফুরানোর নয়।
পুজোর পোশাক সম্পর্কে রঙের স্বত্বাধিকারী ও ডিজাইনার বিপ্লব সাহা বলেন, এবার পুজোর সময়টা যেহেতু বিদায়ী গরম আর হালকা শীতের সন্ধিক্ষণে, তাই এ সময় পুজোর পোশাক নির্বাচনে আরামের দিকটাতেও নজর দিতে হবে। সকালে ম-পে অঞ্জলি দিতে যাওয়ার সময় সুতি কাপড়ের পাঞ্জাবি-পাজামা কিংবা ট্রাউজার, ফতুয়া পরতে পারেন। অষ্টমী জাঁকজমকপূর্ণ হয়। তাই অষ্টমীর রাতের অনুষ্ঠানে তসর, বলাকা সিল্ক, অ্যান্ডি সিল্ক, অ্যান্ডি সুতি পাঞ্জাবি মানাবে বেশ।
অঞ্জলি সাজে স্নিগ্ধতা ও শুভ্রতার একটা ব্যাপার থাকা উচিত। তাই এ সময় হালকা রঙ ও নকশার পোশাক বেছে নিন। খাদি, ভয়েল, লিলেন কটন পাঞ্জাবি, ফতুয়া এ সময় বেশ মানানসই। দুপুরে বন্ধুবান্ধবের আড্ডায় কিংবা পূজাম-পে ঘোরার সময় টি-শার্ট, শার্ট, ফতুয়া পরতে পারেন। রাতের অনুষ্ঠানে পাঞ্জাবি, শেরওয়ানি বা ফরমাল ড্রেস বেছে নিন।
আবার পুজোর পাঁচ দিন পাঁচ রকম পোশাকেও সেজে উঠতে পারেন। এ ক্ষেত্রে ষষ্ঠী ও সপ্তমীতে সিম্পল ফতুয়া, জিন্স, শার্ট পরুন। অষ্টমী যেহেতু গর্জিয়াস তাই এ দিনটিতে পরতে পারেন পাজামা-পাঞ্জাবি, সঙ্গে ট্রেডিশনাল লুক আনতে গায়ে রাখতে পারেন উত্তরীয়। নবমীর রাতেও পাঞ্জাবি পরতে পারেন। তবে এদিনটিতে পাজামার বদলে ধুতি কিংবা প্যান্ট পরলে লুক চেঞ্জ হবে। দশমীতে রঙ খেলা হয়। এদিন সাদা-লাল পাঞ্জাবিতে বেশ জমকালো লাগবে। আর রাতের বেলা ফরমাল শার্ট-প্যান্ট, একরঙা পাঞ্জাবির সঙ্গে প্রিন্স কোট পরে বাজিমাত করতে পারেন। ধুতি পরার ইচ্ছা থাকে অনেকের কিন্তু ঝামেলার কারণে পরতে চান না। এ কারণে ফ্যাশন হাউসগুলো এখন এনেছে প্যান্ট ধুতি অর্থাৎ সেলাই করা ধুতি। এতে ধুতি বাঁধার ঝামেলা নেই। ধুতির সঙ্গে মিলিয়ে পরতে পারেন রাজকীয় মোটিফের পাঞ্জাবি।
সকালের পোশাকের রঙ নির্বাচনে তরুণরা প্রাধান্য দিতে পারেন সাদা, ঘিয়া কিংবা শরতের নীলকে। বয়স্করা ঘিয়া, চাপা সাদা, বাদামি শেডের রঙগুলো বেছে নিতে পারেন। রাতের অনুষ্ঠানে লাল, কালো, সবুজ, চকোলেট, মেরুনের মতো ডার্ক রঙগুলো বেছে নিন। এতে উৎসবের আমেজ ফুটে উঠবে।
ফ্যাশন হাউস ঘুরে দেখা যায়, পাঞ্জাবির গলায় এবার ব্যান্ড কলার, শার্টের কলার ছাড়াও সাদামাটা কাট বেশ চলছে। তরুণদের জন্য পকেটসহ পাঞ্জাবিতে কাঁধের ওপর জুড়ে দেওয়া হয়েছে বেল্ট। কোনো কোনো পাঞ্জাবির কনুই ও কাঁধে কাজ করা হয়েছে। সুতার কাজ ছাড়াও ভিন্ন কাপড়ের প্যাচওয়ার্ক, মেশিন এম্ব্রয়ডারি, ব্লক বেশ চলছে। ফ্যাশন ডিজাইনার শাহিন আহমেদ বলেন, সিøম ফিট পাঞ্জাবিই এখন বেশি ট্রেন্ডি। শঙ্গ, ম-পের নকশার ব্লক চোখে পড়বে বেশ। রাতের অনুষ্ঠান উপযোগী খাদি সিল্ক, তসরের ওপর ভারী এম্ব্রয়ডারি পাঞ্জাবি নজর কাড়বে। সুতির একরঙা, প্রিন্ট, মখমলসহ বিভিন্ন ধরনের প্রিন্স কোট পাওয়া যাচ্ছে এখন।
ধুতি, পাজামা, পাঞ্জাবির সঙ্গে পায়ে মোকাসিন, দুই ফিতার স্যান্ডেল, স্টাইলিশ চটি কিংবা ট্রেডিশনাল কোলাপুরি স্যান্ডেল মানাবে বেশ। মেনস ক্লাব এক্সক্লুসিভ স্যালুনের রূপ বিশেষজ্ঞ মো. জামান বলেন, পুজোর আগে ফ্রেশিয়াল করে নিলে সতেজ লাগবে। পুজোর দিনগুলোতে নানাভাবেই চুলের স্টাইল করতে পারেন। ক্রু কাট, মেসিলুক, বাজ কাট হেয়ার স্টাইল এ সময় বেশ জনপ্রিয়। পুজোর ভিন্ন ভিন্ন পোশাকের সঙ্গে চুলটাকে কোনো দিন জেল দিয়ে সেট করতে পারেন তো কোনো দিন এলোমেলো করে চুলে বোহেমিয়ান লুক আনতে পারেন, মন্দ লাগবে না রাতের এক সাজে ব্যাক ব্রাশ কিংবা একদিন ওয়ানটাইম হাইলাইটস করলেও।
সাধারণ নকশার অ্যান্ডি, সুতির লিলেন পাঞ্জাবি কিনতে পারবেন ৭০০ থেকে ১২০০ টাকায়, ভারী নকশার সুতি পাঞ্জাবি ১২০০ থেকে ২২০০ টাকা, তসর, সিল্কের এম্ব্রয়ডারি পাঞ্জাবি ২৫০০ থেকে ৮০০০ টাকা, সাধারণ অলিগড়ি ও চুড়িদার পাজামা ৩০০ থেকে ১০০০ টাকা, ধুতি ৪০০ থেকে ২০০০ টাকা, ধুতি সেট পাঞ্জাবি ২০০০ থেকে ৩৫০০ টাকা, ফতুয়া ৪০০ থেকে ৮০০ টাকা, শার্ট ৪০০ থেকে ১০০০ টাকা, টি-শার্ট ৪০০ থেকে ১৫০০ টাকা।
আড়ং, রঙ, অঞ্জন’স, লুবনান, ইয়োলোসহ বিভিন্ন ফ্যাশন হাউস ছাড়াও বিভিন্ন মার্কেটে পাওয়া যাবে নানা ডিজাইনের ছেলেদের পুজোর পোশাক।
মডেল : মোরশেদ বাপ্পি ও তারেক
পোশাক : ওয়েস্টরঙ











