জিম্বাবুয়ের সঙ্গে আসছে উইন্ডিজও!
নভেম্বরের তৃতীয় সপ্তাহে মাঠে গড়িয়ে ১৫ ডিসেম্বর শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। তাই বিপিএল শুরুর আগে নভেম্বরে ও বিপিএল শেষ হওয়ার পরে ডিসেম্বরে ফাঁকা সময় আছে বাংলাদেশ জাতীয় দলের সামনে। তবে এই ফাঁকা সময়টুকু কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ বাদ দিয়ে সীমিত ওভারের ক্রিকেটই খেলার কথা বাংলাদেশের। তবে সেখানে ওয়ানডে ও টি-২০ নাকি শুধু ওয়ানডে খেলবে তা এখনও ঠিক করেনি বিসিবি।
অন্যদিকে এই সময়ে জিম্বাবুয়ে ও শ্রীলংকা সফররত ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি তিন জাতির সিরিজ আয়োজন করা যায় কিনা সে চেষ্টাও করছে বিসিবি। তবে ডিসেম্বরের শেষ দিকে ভারতের প্রস্তাবিত তিন জাতি সিরিজ খেলবে বাংলাদেশ নাকি ভারত বা পাকিস্তানের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলা হবে সে সম্ভাবনাও রয়েছে।
আবার এসব সিরিজে বাংলাদেশ আয়োজক নাকি সফরকারী হবে সেগুলো নিয়েও আলোচনায় চলছে। তাই সবমিলিয়ে নানামুখী সিরিজ খেলার সম্ভাবনার দোলাচালে আছে বিসিবি। আর এসব বিষয়গুলো কিছুদিনের মধ্যেই চূড়ান্ত হওয়ার কথা। রোববার সাংবাদিকদেও এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
জিম্বাবুয়ে সিরিজের সূচি সম্পর্কে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা আশা করছি আগামী ২/১ দিনের মধ্যে জানতে পারবো। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমরা ওয়ার্ক আউট করছি কয়টা ওয়ানডে এবং কয়টা টি-২০ ম্যাচ খেলবো। আমাদের প্রধান কোচ বর্তমানে দেশের বাইরে আছেন, উনার সঙ্গে যোগাযোগ করেই ম্যাচের সংখ্যা ঠিক করা হবে।’
নভেম্বরে জিম্বাবুয়ের সঙ্গে টি-২০ খেলা না খেলা বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। নভেম্বরের সময়টাতে নতুন ভাবনা যোগ হয়েছে। এখানে জিম্বাবুয়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে এনে তিন জাতির একটি সিরিজ আয়োজনের কথা নতুন করে ভাবছে বিসিবি। তাই জিম্বাবুয়ে সিরিজের সূচি চূড়ান্ত করেনি বিসিবি। কারণ বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দল এখন শ্রীলংকা সফরে আছে।
এ বিষয়ে নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এখনও আলোচনার দ্বার পুরোপুরি বন্ধ করে দেয়া যায়নি। তারপরও বলব, যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। আপনারা জানেন ওয়েস্ট ইন্ডিজ দল শ্রীলংকায় খেলছে। ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের কোনো সিদ্ধান্ত আমরা এখনো পাইনি।’
এদিকে ভারতের প্রস্তাবিত তিন জাতি সিরিজের আনুষ্ঠানিক প্রস্তাবের বিষয়ে কিছুই জানে না বিসিবি। তবে বিসিসিআইয়ের সঙ্গে বিসিবির কথা হয়েছে। সেখানে আগামী ডিসেম্বরে একটি সিরিজ খেলার কথাও আলোচনা হচ্ছে।
এ বিষয়ে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের সঙ্গে শুধু বিসিসিআই-ই না আরও কয়েকটা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আমরাও আশা করছি ডিসেম্বরে কিছু খেলায় অংশগ্রহণ করা যায় কিনা। সেটা দেশে কিংবা দেশের বাইরে যেকোনো জায়গায় হতে পারে।’











