দিল্লিতে দিনে ৬ ধর্ষণ
ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের কাছে প্রতিদিন গড়ে ১৪টি নারী উত্ত্যক্তকরণ ও ৬টি ধর্ষণের অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতো সরকারি হিসাব। এর বাইরেও অনেক ঘটনা হারিয়ে যাচ্ছে মান-সম্মানের ভয়ে। সম্মানহানির ভয়ে অনেক নির্যাতিতা ও তার পরিবার এমন ঘটনাকে ধামাচাপা দিয়ে যাচ্ছেন। পুলিশের দাবি, এ ধরনের ৯০ শতাংশ মামলা সমাধান করতে সক্ষম হয়েছে তারা। বেশির ভাগ ক্ষেত্রেই পরিচিত কারও দ্বারাই এসব নির্যাতনের শিকার হন নারীরা। এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এ বছরের প্রথম নয় মাসের তথ্য-উপাত্ত প্রকাশ করেছে দিল্লি পুলিশ। সে অনুযায়ী, রাজধানীতে প্রতিদিন ৬টি ধর্ষণের মামলা ও ১৪টি উত্ত্যক্তকরণের মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। অপরদিকে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র (এনসিআরবি) দেয়া উপাত্ত অনুযায়ী, ২০১৩ ও ২০১৪ সালের মধ্যে নথিভুক্ত ধর্ষণের মামলাগুলোর মধ্যে ৩৬৪টির ক্ষেত্রে ১০ বছর বা তারও কমবয়সী মেয়েরাই ভুক্তভোগী! এ বছরের উপাত্ত এখনও প্রকাশ করেনি এনসিআরবি। তবে শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের কর্মীদের দাবি, শিশুদের বিরুদ্ধে এ ধরনের অপরাধ বরং বেড়েছে। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত শিশুদের প্রতি যৌন অপরাধের দায়ে দিল্লি পুলিশের দ্বারা নথিভুক্ত মামলার সংখ্যা ১৪৯২টি। পুলিশের দাবি, ধর্ষণ ও উত্ত্যক্তকরণের মামলাগুলোর ৯০ শতাংশ তারা সমাধান করতে সক্ষম হয়েছেন। এগুলো সাধারণত ভুক্তভোগীদের পরিচিত কারো দ্বারাই ঘটে। এ বছরের শুরু থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত দিল্লি পুলিশের কাছে ১৫৫৭টি ধর্ষণ ও ৩৮৭৬টি উত্ত্যক্তকরণের মামলা দায়ের হয়েছে। ২০১৪ সালের পুরো বছর ধর্ষণ মামলা দায়ের হয়েছে ১৫৫১টি ও উত্যক্তকরণের মামলা ৩০৭৬টি। এবার ৯ মাসেই গতবছরের সংখ্যা ছাড়িয়ে গেছে। ২০১৩ সালে ১৬৩৬টি ধর্ষণ মামলা ও ৩৫১৫টি উত্ত্যক্তকরণের মামলা রুজু হয় দিল্লিজুড়ে। পুলিশ জানিয়েছে, বেশির ভাগ মামলাই সমাধান হয়েছে। অভিযুক্তরা আটক হয়েছে। যেহেতু অভিযুক্তরা ভুক্তভোগীদের পূর্ব-পরিচিত থাকে বেশির ভাগ ক্ষেত্রে, সেহেতু এসব মামলা প্রতিরোধ তুলনামূলকভাবে বেশি কঠিন। তিনি এ-ও বলেন, ভুক্তভোগীদের অপরিচিত কারও দ্বারা এসব অপরাধ ঘটে খুবই কম।










