শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল গুলিতে আক্রান্ত

news-image

'ওরা বৃষ্টির মতো গুলি ছুড়ছিল'
গফরগাঁওয়ের আ. লীগ নেতা বুলবুল দুষলেন এমপিকে 

 
'ওরা বৃষ্টির মতো গুলি ছুড়ছিল। হঠাৎ গুলি থামিয়ে ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে আসে এবং আঘাত শুরু করে। তাকিয়ে দেখি বাঁ হাতের আঙুল প্রায় বিচ্ছিন্ন, কবজির অনেকটাও কেটে গেছে। একটি আঙুল চামড়ার সাথে ঝুলে আছে, রক্ত ঝরছে। আঙুলটি চেপে ধরতেই ওরা ডান হাতের ওপর কোপ বসিয়ে দিল।' ভয়াবহ হামলার এ বর্ণনা দিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল। শনিবার দুপুরে গফরগাঁওয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনাকালে তিনি আক্রান্ত হন। আর এ হামলার জন্য তিনি দায়ী করেন নিজ দলের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাহমি গোলন্দাজ বাবেলকে।

শনিবার রাতেই ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুলকে ঢাকায় এনে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। তাঁর হাতে অস্ত্রোপচার করা হয়েছে। পর্যবেক্ষণ শেষে গতকাল বিকেলে তাঁকে স্থানান্তর করা হয়েছে কেবিনে। হাসপাতালের বেডে শুয়েই তিনি জানান সেদিনের ঘটনা ও রাজনীতির পূর্বাপর। আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল বলেন, 'কোনোমতে এতিমখানার ভেতরে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পেলাম। চিকিৎসকরা জানিয়েছেন, বাঁ হাতেও অস্ত্রোপচার লাগবে। তবে তা প্রাথমিক ধকল কাটিয়ে ওঠার পর।' হামলার কারণ সম্পর্কে তিনি বলেন, 'বাবেল এমপি হওয়ার পর এলাকার মানুষের ওপর অত্যাচার-নির্যাতন শুরু করেছেন। বিভিন্ন প্রকল্পের কাজে ও নিয়োগে দুর্নীতির চরম পর্যায়ে পৌঁছে গেছেন। প্রকাশ্যেই চালাচ্ছেন ইয়াবা ব্যবসা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর অত্যাচার-নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না। এসব থেকে মুক্তির জন্য মানুষ আমার কাছে আসে। এমপির অপকর্মের বিরুদ্ধে কথা বলায় দলীয় নেতাকর্মীদের ভিড় আমার দিকে বেড়ে গেছে। এ অবস্থায় আমাকে ঠেকাতে লোকজন পাঠিয়ে এ হামলা চালানো হয়েছে। হামলাকারীদের মধ্যে সামনের দিকে ছিল আতাউর, রিয়েল, সজিব, কাওসার, কাসেম, তাজমুন, শরীফ, ইমামসহ বেশ কয়েকজন, যাদের সবাই এমপি বাবেলের ক্যাডার। এসব সন্ত্রাসীর মাধ্যমেই এমপি ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।'

 

অভিযোগ সম্পর্কে গফরগাঁও এলাকার সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল  বলেন, 'আমার এলাকায় কোনো ঘটনা ঘটলে এর দায় আমার ওপর আসবে, এটা অস্বাভাবিক কিছু নয়। তিনি আলোচনায় আসার কৌশল হিসেবেও এমনটা করতে পারেন। হামলা সম্পর্কে আমি কিছু জানি না। তবে শুনেছি ওবায়দুল্লাহ আনোয়ার অনেক দিন পর গাড়িবহর নিয়ে এলাকায় এসেছেন বড় রাজনীতিবিদদের মতো করে। তিনি আমার বিরুদ্ধে ও আমার আব্বার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এতে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে এগিয়ে গেলে কিছু একটা গণ্ডগোল হয়।'

বিরোধ প্রসঙ্গে এমপি বাবেল বলেন, "আমার সাথে তাঁর কোনো বিরোধ নেই, ছিল আব্বার সাথে। আব্বা মারা যাওয়ার পর তিনিও আর এলাকায় আসেননি। এমনকি নেতাকর্মীদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। উপজেলা নির্বাচনের সময় হঠাৎ করেই তিনি আমার কাছে এসে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান। কিন্তু আমি অন্য ত্যাগী নেতাদের বাদ দিয়ে তাঁকে মনোনয়ন দিতে রাজি না হওয়ায় তিনি আমার ওপর ক্ষুব্ধ হতে পারেন। তাঁর পরিবারকে এলাকার মানুষ 'রাজাকার পরিবার' বলে জানে, তাই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁকে গ্রহণ করতে পারছে না। আমার বিরুদ্ধে অভিযোগ-অপপ্রচার সবটাই উদ্দেশ্যমূলক।"

বিরোধ প্রসঙ্গে ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল বলেন, 'আমি ১৯৯৭ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতি করছি। সে সময় বাবেলের বাবা তৎকালীন এমপি আলতাফ হোসেন গোলন্দাজের সঙ্গে বিরোধ দেখা দেয়। পরে বিএনপি-জামায়াতের শাসনামলে মামলা-নির্যাতনের মুখেও আমি এলাকায় ছিলাম। ২০০৮ সালে দলের মনোনয়ন চেয়ে পাইনি। একপর্যায়ে রাজনীতি থেকে দূরে সরে যাই। কয়েক বছর পর মানুষের অনুরোধে আবার এলাকায় যাতায়াত শুরু করি। আর এখনো ২০০৬ সালের কমিটিই বহাল আছে। আমি চেষ্টা করছি সংগঠনকে সক্রিয় করার।'

যুবলীগ নেতা গ্রেপ্তার : ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুলের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতি আতাউর রহমানকে আটক করেছে পুলিশ। যশোরা ইউনিয়নের বখুরা গ্রাম থেকে মধ্যরাতে তাঁকে আটকের পর গতকাল সকালে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে হামলার ঘটনায় গফরগাঁও থানায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তফাজ্জেল হোসেন জানান, মামলার এজাহার নিয়ে কেউ আসেনি। তবে হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে আতাউর রহমানকে আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার করা যুবলীগ নেতা আতাউর রহমান স্থানীয় জে এম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ। তাঁর মুক্তির দাবিতে গতকাল সকালে এ মাদ্রাসার শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করেছে।