সিরিজে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা
দারুণ এক জয়ে গান্ধী-ম্যান্ডেলা সিরিজে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। সিরিজের তৃতীয় ম্যাচে ভারতকে ১৮ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের ক্যারিয়ারের সপ্তম ও ভারতের বিপক্ষে চতুর্থ সেঞ্চুরির উপর ভর করে টসে জিতে ব্যাটিং করতে নেমে ভারতের বিপক্ষে ৭ উইকেটে ২৭০ রান তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১১৮ বলে ১১ চার ও ১ ছক্কায় ১০৩ রান করেন ডি কক। এছাড়া ফাফ ডু প্লেসিস ৬০, ফারহান বেহারদিন ও ডেভিড মিলার ৩৩ করে রান করেন। টসে জিতে ব্যাটিং নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ইনিংসের শুরুতেই চমক দেখান ভিলিয়ার্স। নিয়মিত ওপেনার হাশিম আমলার পরিবর্তে ডেভিড মিলারকে ওপেনিংয়ে পাঠান তিনি। ভিলিয়ার্সের সিদ্ধান্তকে যথার্থ করেন মিলার। ওপেনিং জুটিতে ডি ককের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মত ওপেনিংয়ে নেমে মিলার ৪১ বলে ৪ বাউন্ডারিতে ৩৩ রান করেন।
হরভজনের বলে মিলার ফিরে গেলে তৃতীয় উইকেটে জুটি বাঁধেন ফাফ ডু প্লেসিস ও ডি কক। তবে ডু প্লেসিস দুবার জীবন পেলেও নিজের ইনিংসটিকে বেশিদূর নিয়ে যেতে পারেননি। মোহিত শর্মার বলে ভুবনেশ্বর কুমারের হাতে ক্যাচ দেন ৬০ রানে। সঙ্গী হারানোর পর দ্রুত সাজঘরে ফিরে যান ডি কক। এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন এই সেঞ্চুরিয়ান। ডি ককের বিদায়ের পর পরই সাজঘরে ফিরেন ভিলিয়ার্স। দলীয় রান ২০৫ থেকে ২১০ পর্যন্ত যেতেই ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। এরপর ষষ্ঠ উইকেটে ৩১ রানের জুটি গড়ে কিছুটা ধাক্কা সামাল দেন ডুমিনি ও বেহারদিন। ডুমিনি ১৪ রানে ফিরে গেলে ফারহান বেহারদিন শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। বলের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করে ৩৬ বলে ১ ছক্কায় ৩৩ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। এছাড়া ইনিংসের শেষ ওভারে স্টেইন ১২ রানে রান আউট হন। কুইনটন ডি কক এবং ফ্যাফ ডু প্লেসিসের ১১৮ রানের পার্টনারশিপে একটা সময় মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার স্কোর আনায়াসেই ৩০০ পেরিয়ে যাবে। কিন্তু শেষের দিকে ভারতীয় বোলারদের দাপটে তা আর হয়নি।
রাজকোটে সফরকারীদের ২৭০ রানেই আটকে ফেলতে পেরেছে ধোনি বাহিনী। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে এই সংগ্রহ করে সফরকারীরা। ভারতের পক্ষে মোহিত শর্মা নেন দুই উইকেট। এছাড়া অমিত মিশ্র, হরভজন সিং, অক্ষর প্যাটেল নেন একটি করে উইকেট। ২৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ভারত। ওপেনার শেখর ধাওয়ান ব্যক্তিগত ১৩ রানে ফিরে গেলেও আরেক ওপেনার রোহিত শর্মা হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তবে রোহিত ৬৩ রানে ফিরে গেলে দলের হাল ধরেন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। নিয়ে যেতে থাকেন দলকে জয়ের বন্দরে। অনেকদিন পর ব্যাটে রানের দেখা পেলেন ভারতের এই তারকা ব্যাটসম্যান। ধোনি-কোহলির ব্যাটে জয়ের সুবাস পাওয়া গেলেও হঠাত করেই হয় ছন্দপতন। ১৯০/২ থেকে হয়ে যায় ২১৬/৫। অর্ধশতক পূর্ণ হওয়ার আগেই ধোনিকে ফেরান মরকেল। নতুন ব্যাটসম্যান রায়না উইকেটে এসে কিছু না বুঝে উঠতেই ফিরে যান তাহিরের বলে মিলারকে ক্যাচ দিয়ে।
এক ওভার পরেই আবারো আঘাত হানেন মরকেল। এবারের শিকার কোহলি। অনেকদিন পর ব্যাটে রান পাওয়া কোহলি পারলেন না দলকে জয়ের বন্দরে ভেড়াতে। ৭৭ রানে মিলারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনিও। শেষ দিকে হরভজন সিং এবং অক্ষর প্যাটেল চেষ্টা করলেও স্টেইন, মরকেল, তাহিরের কাছে পেরে উঠতে পারেননি। শেষ অব্দি ভারতকে পরাজয় বরণ করে নিতে হয়। নির্ধারিত ৫০ ওভারে ২৫২ রানে থেমে যেতে হয় ভারতকে। ১৮ রানের এই জয়ে দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে গেলো। দুই দলের মধ্যকার ৫ ম্যাচ একদিনের সিরিজে এখন ১-১ সমতা রয়েছে।











