আফগানিস্তানের সংঘাত এশিয়ায় ছড়াতে পারে
আফগানিস্তানের সহিংসতা মধ্য এশিয়ার দেশগুলোতেও সংক্রমিত হতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে গতকাল শুক্রবার কাজাখস্তানে এক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট এ আশঙ্কা ব্যক্ত করেন। পুতিনের এমন মন্তব্যের একদিন আগে আফগানিস্তানে কয়েক হাজার সেনা রেখে দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। খবর এএফপি ও এনডিটিভির।
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর জোট কমনওয়েলথ অব ইনডিপেন্ডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলন চলছে। এতে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। সেখানে তিনি বলেন, 'আফগানিস্তানের অবস্থা বাস্তবিক অর্থে খুবই সংকটজনক। বিভিন্ন গোত্রের সন্ত্রাসীরা আরও বেশি প্রভাব বিস্তার করছে। নিজেদের আরও বিস্তৃত করার পরিকল্পনাও গোপন রাখছে না তারা।' তিনি বলেন, 'সন্ত্রাসীদের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে মধ্য এশিয়ার দেশগুলোয় ছড়িয়ে পড়া। তেমন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত বৃহস্পতিবার জানান, ২০১৬ সালের পরও আফগানিস্তানে মার্কিন সেনারা অবস্থান করবে। এর আগে তিনি বলেছিলেন দেশটিতে আর কোনো মার্কিন সেনা রাখা হবে না। নিজের গৃহীত নীতি থেকে সরে আসার এ বড় সিদ্ধান্তের কারণ হিসেবে ওবামা বলেছেন তালেবান জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে একা লড়ার মতো সক্ষমতা আফগান বাহিনী এখনও অর্জন করে উঠতে পারেনি।
সাবেক সোভিয়েত দেশ কিরগিজস্তান ও তাজাকিস্তানে রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে। দুটি দেশের সামরিক বাহিনীই দুর্বল ও সরঞ্জাম সংকটে ভুগছে। এ দুটির মতো মধ্য এশিয়ার অনেক দেশই আফগানিস্তানের সঙ্গে যুক্ত নিজেদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তায় মস্কোর ওপর নির্ভরশীল। মস্কো আফগানিস্তানের বর্তমান সহিংস পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখলেও তার মনোযোগ এখন নিবদ্ধ সিরিয়ার দিকে। সেখানে দুই সপ্তাহের বেশি সময় ধরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর ওপর বিমান হামলা করছে রাশিয়া। সিআইএস সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন জানান, সিরিয়ায় আইএসের সঙ্গে যুক্ত হয়ে লড়াই করছে রুশ ও সিআইএসভুক্ত দেশগুলোর অন্তত পাঁচ থেকে সাত হাজার নাগরিক।
৪৫৬ আইএস টার্গেটে হামলা :সিরিয়ার বিমান হামলা শুরুর পর এ পর্যন্ত ৪৫৬ আইএস টার্গেটে হামলা করেছে রাশিয়া। গতকাল রুশ কর্মকর্তারা এ কথা জানান। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় রুশ বিমান বাহিনী মাত্র ৩২টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। আগের দিন একই সময়ে হামলার সংখ্যা ছিল ৮৬টি। কারণ হিসেবে মন্ত্রণালয় বলেছে, 'সিরিয়ার সরকারি বাহিনীর কার্যকর স্থল আক্রমণের কারণে আইএস সন্ত্রাসীগোষ্ঠী তাদের রণক্ষেত্র পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, পশ্চাদপসারণ করছে।' বৃহস্পতিবার রাজধানী দামেস্ক, ইদলিব, হামা, দের ইজর ও আলেপ্পোয় হামলা করেছে রুশ বাহিনী।
সিরিয়ার সরকারি বাহিনী রুশ বিমান হামলার সহযোগিতা নিয়ে গতকাল আলেপ্পো প্রদেশে জোরালো অভিযান শুরু করে। আলেপ্পোর দক্ষিণাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি গ্রাম পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এ অভিযান শুরু করেছে তারা।
নিহত আড়াই লাখ সিরীয় : মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, চার বছর ধরে চলা গৃহযুদ্ধে আড়াই লাখের বেশি সিরীয় নিহত হয়েছেন। এর মধ্যে ৭৪ হাজার ৪২৬ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এদের মধ্যে ১২ হাজার ৫১৭টি শিশু ও ৮ হাজারের বেশি নারী রয়েছেন।











