শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অরক্ষিত হাতিরঝিল- স্বপ্নাকে ধাক্কা, ছিনতাইয়ের খপ্পরে আকতার

news-image

ইভটিজার, ছিনতাইকারী আর চোরের অভয়ারণ্য যেন হাতিরঝিল। প্রেমিক-প্রেমিকার গোপন আড্ডায় ছোঁ মারা, পরিবার নিয়ে ঘুরতে যাওয়া কারও পিছু লাগা কিংবা কোন কিশোরী, যুবতীকে দেখলে হামলে পড়া- এসব নিত্যচিত্র। অথচ রমনা, তেজগাঁও শিল্পাঞ্চল, রামপুরা আর বাড্ডা- এ চার থানার আওতায় রাজধানীর বৃহত্তর আকর্ষণীয় এ স্থানটি। কর্মব্যস্ততায় হাঁফিয়ে ওঠা মানুষ একটু স্বস্তি পেতে ছুটে আসেন এখানে। এ-মাথা থেকে ঘুরে বেড়ান ও-মাথা। ঝিলের সৌন্দর্য উপভোগ করে ফিরে যান ঘরে। কিন্তু এখানে এসে সেই স্বস্তি কি পাচ্ছেন তারা? সরজমিন ঘুরে দেখা গেছে নানা চিত্র। বুধবারের ঘটনা। আবির ও স্বপ্না ঝিলের সৌন্দর্য উপভোগ করছেন। হঠাৎ পাশ থেকে স্বপ্নাকে ধাক্কা দিয়ে চলে যান এক যুবক। শুধু তাই নয়, ধাক্কার সময় মুখে বলেন, ‘ওই ছেমরি চল আমার সাথে।’ ভেবাচ্যাকা খেয়ে যায় স্বপ্না। হতভম্ব আবিরও। কী করবে বুঝে উঠতে পারছিলেন না। ভয়ে জবুথবু হয়ে বসে পড়েন তারা। জিজ্ঞেস করতেই স্বপ্না বলেন, ‘ভাই এখানে এসেছি ঘুরে বেড়াতে। কিন্তু ইভটিজারের যন্ত্রণায় সেটা হয়তো আর হবে না।’ ওপরের ঘটনা বর্ণনা করে তারা বলেন, এমনটা হলে একসময় মানুষ এখানে আসা বন্ধ করে দেবে। আবির ও স্বপ্না ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএতে পড়ছেন। আবির থাকেন মগজারের একটি ছাত্র হোস্টেলে এবং  স্বপ্না থাকেন রামপুরায় পরিবারের সঙ্গে। শুধু কি তাই? না আরও আছে। ছিনতাইকারীদের যেন নতুন কর্মস্থল এই হাতিরঝিল এলাকা। ১৭ই সেপ্টেম্বর রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন হাতিরঝিলের বড় ঝরনার পাশে বসে আকতারুল ইসলাম। হঠাৎ তিন যুবক তাকে ঘিরে ধরে। ছুরি দেখিয়ে ম্যানিবাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে টহল পুলিশকে বিষয়টি জানানো হয়। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তিনি দক্ষিণ মহাখালীর একটি মেসে থাকেন বলে জানান।

চার থানা নিয়ে হাতিরঝিল গঠিত হলেও এর নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। এ ঝিলের বিস্তৃতি এফডিসির চৌরাস্তা থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত। অপরাধ বেশি হয় সন্ধ্যার পর।  বিশেষ করে অপরাধ সংঘটিত হয় রমনা থানাধীন বৌ-বাজার বস্তির পাশে এবং তেজগাঁওয়ের বেগুনবাড়ির বস্তির পাশের এলাকায়। রাত হলেই দুর্বৃত্তরা ছিনতাই, চুরি, দল বেঁধে ইভটিজিংয়ে লিপ্ত হয়ে পড়ে।  এত বড় এলাকায় শুধু রমনার নয়াটোলা পুলিশ ফাঁড়ি থাকলেও ওই এলাকায় আর পুলিশের ফাঁড়ি গড়ে ওঠেনি। এতে অপরাধের মাত্রা বাড়ছে। সরজমিন কয়েকদিন ঘুরে দেখা গেছে, দিনে এখানে লোকজনের আনাগোনা কম থাকলেও সন্ধ্যার পর ওই এলাকায় ভিড় বাড়তে থাকে। এ সময় অনেক দম্পতি, কিংবা প্রেমিক-প্রেমিকা, আবার বন্ধুরা একসঙ্গে বসে আড্ডা দিচ্ছেন।  আবার অভিজাতদের সন্তানরা ওই এলাকায় উচ্চগতিতে মোটরসাইকেল কেউবা প্রাইভেট কার চালান। এত বড় এলাকায় শুধু এফডিসি ক্রসিংয়ের একটি পুলিশের টহল টিম এবং রামপুরা বনশ্রীর অপর একটি টহল টিম ডিউটি করে। টিমের সদস্যরা সন্দেহভাজন ব্যক্তি ও গাড়িতে তল্লাশি করেন। আর রমনার নয়াটোলা পুলিশ ফাঁড়ির একটি লেগুনাকে ওই এলাকায় ঘুরতে দেখা গেছে। দিনের বেলায় হাতিরঝিলে রিকশা চলাচল করতে না দেখা গেলেও রাতে ঠিকই দেখা যায়। অনেক সময় রিকশা থেকে দুর্বৃত্তরা ছোঁ মেরে ভ্যানিটি ব্যাগ, কিংবা গলা থেকে স্বর্ণের চেইন, কান ছিঁড়ে দুল নিয়ে পালিয়ে যায়। 
থানা সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে হাতিঝিল কেন্দ্রিক তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জিডি হয়েছে ১৮টি। আর রমনা থানায় জিডি হয়েছে ২৫টি। যার বেশিরভাগই ছিনতাই ও চুরির। ছিনতাইয়ের শিকার মো. সাজ্জাদ হোসেন বলেন, তিনি পান্থপথের একটি শিক্ষা প্রকল্পে কাজ করেন। মাঝেমধ্যে তিনি ওই এলাকায় ঘুরতে যান। ১৫ই সেপ্টেম্বর রাতে তিনি হাতিরঝিলের মগবাজারের বৌ-বাজার বস্তির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দুই যুবক তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। চিৎকার করেও কোন লাভ হয়নি। কেউ এগিয়ে আসেনি। দুর্বৃত্তরা নির্বিঘ্নে ওই এলাকার একটি গলি দিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি নয়াটোলা পুলিশ ফাঁড়িতে জানানো হয়। তারা থানায় যোগাযোগ করতে বলেন। পরে এ ঘটনায় থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। জিডি নম্বর-১১০৭। তিনি তেজগাঁওয়ের শাহিনবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। সুমন ও আশা দম্পতি এসেছেন হাতিরঝিলে। তারা গুলশানে নিকেতনে থাকেন। দুজনই একটি করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করেন। দিনের বেলায় তেমন কোন সময় পান না। তাই রাতে ঘুরতে আসেন। কখনো রিকশায় ঘুরতে আসেন। ব্যক্তিগত গাড়ি থাকলেও গাড়ি নিয়ে আসেন না। তারা জানান,  স্থানটি খোলামেলা। ঘুরতে ভাল লাগে। কিন্তু, এখানে এসে বিড়ম্বনায় পড়তে হয়। একশ্রেণীর বখাটে যুবক বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। মান-সম্মানের কথা চিন্তা করে কোন কথা বলি না। তবে টহল পুলিশের দল আশপাশে থাকলে অবশ্যই বিষয়টি জানাতাম। কিন্তু, কোন সুযোগ থাকে না। তিনি হাতিরঝিল কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান। মগবাজারের বস্তির তুলা ব্যবসায়ী আশিকুল হক বলেন, বস্তির কিছু বখাটে ছেলে এসব অপকর্মের সঙ্গে যুক্ত। বস্তির লোকজন তাদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছিল। কিন্তু পরে তারা আবার জামিনে ছাড়া পেয়ে বেরিয়ে এসেছে। বিষয়টি নিজেও স্বীকার করেছেন  তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মিজানূর রহমান। ডিএমপির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মানবজমিনকে জানিয়েছেন, শিগগিরই হাতিরঝিল নামে একটি থানা হতে যাচ্ছে। ওই থানার জমি অধিগ্রহণের কথাবার্তা চলছে। থানা হলে হাতিরঝিল এলাকার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা মজবুত হবে। পুলিশের রমনা জোনের ডিসি আব্দুল বাতেন বলেন, হাতিরঝিলও তো বড় এলাকা। পুলিশের কয়েকটি জোনের মধ্যে ওই এলাকা পড়ে। তিনি আরও জানান, রমনার নয়াটোলা পুলিশ ফাঁড়ি হওয়ার কারণে ওই এলাকায় অপরাধের মাত্রা কমেছে। টহল টিমের সংখ্যা আরও বাড়ানো হবে বলে তিনি জানান।