শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় প্রতিপক্ষকে জায়গা দখলে দিতে সংখ্যালঘু যুবককে গ্রেপ্তার করল পুলিশ!

news-image

নিজস্ব প্রতিবেদক :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিরুদ্ধে এক সংখ্যালঘু পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষকে বিরোধপূর্ণ জায়গা বুঝিয়ে দিতে ওই পরিবারের এক সদস্যকে পুলিশ আওয়ামী লীগের অফিস পুড়ানো মামলায় গ্রেপ্তার করেছে বলে অভিযোগ উঠেছে। 
এ নিয়ে আখাউড়া তোলপাড় চলছে। পুলিশের এ কর্মকান্ডে হতবাক হয়েছে খোদ আওয়ামী লীগ। ক্ষোভ বিরাজ করছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। সবাই অচিরেই ওই যুবকের মুক্তি দাবি ও জড়িত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ অক্টোবর গভীর রাতে আখাউড়া থানা পুলিশ পৌর এলাকার রাধানগরের নিজ বাড়ি থেকে টিটন বনিক (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করে। পুলিশের এ অভিযানের সময় টিটনদের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকা মো. সাইফুল ইসলাম নামে পুলিশের সঙ্গে ছিলেন। সাইফুলের দেখানো মতে পুলিশ টিটন ও তার ছোট ভাই শিপন বনিককে আটক করে নিয়ে আসে। তবে এলাকাবাসী বিক্ষুব্দ হয়ে উঠলে ১১ অক্টোবর সকালে পুলিশ মনাকে ছেড়ে দিলেও আওয়ামী লীগের অফিস পুড়ানো মামলা গ্রেপ্তার দেখানো হয়।
এলাকাবাসী জানান, টিটন ও মনাকে আটকের পর পরই সাইফুল দলবল নিয়ে বিরোধপূর্ণ বাড়ি দখল নিয়ে নেন। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী জড়ো হয়ে এর প্রতিবাদ জানায়। এলাকার জনপ্রতিনিধিদের অভিযোগের মুখে পুলিশ আবার ওই বাড়িটি দখল মুক্ত করে দেয়।
উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, গত বছরের ১২ মার্চ উপজেলা আওয়ামী সড়ক বাজারের অফিস পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের ওই সময়কার সাধারন সম্পাদক মো. মনির হোসেন বাবুল ১৩ মার্চ আখাউড়া থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিষয়টি রহস্যজনক মনে হলেও তখন ধারণা করা হয় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে।
আওয়ামী লীগের নেতারা জানান, বিষয়টি নিয়ে এখন আর কারো মধ্যে আলোচনা নেই। কিন্তু হুট করে পুলিশ আবার তৎপর হয়ে উঠায় সবার মাঝে সন্দেহের দানা বাধে। আর এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তারের সময় প্রতিপক্ষ উপস্থিত থাকায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। 
এলাকার লোকজন ও ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা সাইফুলের পক্ষ নিয়ে পুলিশকে বিশেষভাবে ম্যানেজ ও বিভ্রান্ত করে ওই যুবককে গ্রেপ্তার করিয়েছেন। ওই দুই নেতা নিয়মিতই সাইফুলের দোকানে বসে আড্ডা দেন। তারা এখন আবার ওই যুবককের বাড়িটি দখলের চেষ্টা চালাচ্ছেন। গত বুধবার রাতে সাইফুল দলবল নিয়ে বাড়িটি দখলের চেষ্টা চালায় ও ব্যাপক ভাঙচুর করে।      
টিটনের ছোট ভাই শিপন অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের নির্দেশে পুলিশে বুধবার রাতে আমাদের বাড়িতে আসে। তখন সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন। এর কিছুক্ষণ পরই সাইফুল লোকজন নিয়ে এসে হামলা করে। এ ঘটনায় থানায় মামলা দিতে চাইলে ওসি জানান অভিযোগে মুর্তি ভাঙ্গার কথা উল্লেখ করা যাবে না। মুর্তি ভাঙ্গার কথা উল্লেখ না করে মামলা দিতে গেলে জানানো হয় প্রতিপক্ষ পাল্টা মামলা দিয়ে গেছে। 
পুলিশের অভিযোগে উল্লেখ করা হয়েছে, অফিস পুড়ানোর ঘটনার সময় টিটন বনিককে ঘুরাফেরা করতে অনেকে দেখেছেন। তবে বাজারের একাধিক ব্যবসায়ি জানিয়েছেন, ঘটনার সময় শুধু না সারাদিনই আওয়ামী লীগ অফিসের কাছে টিটনকে তারা কেউ দেখেন নি। 
মো. সাইফুল ইসলাম বলছেন, তিনি ওই জায়গাটি কিনেছেন। কিন্তু তাকে তা বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে এলাকার গণ্যমান্য বক্তিদের নিয়ে বেশ কয়েকটি সালিস বৈঠকও হয়েছে। তবে এ নিয়ে কোনো হামলা-ভাঙচুরের কথা তিনি অস্বীকার করেন। 
অবশ্য শিপন জানিয়েছেন, জায়গাটি নিয়ে আরেক পক্ষের সঙ্গে মামলা চলছে। তার বাবা ওই জায়গা বিক্রি করলেও সাইফুলের কাছ থেকে টাকা বুঝে পাননি। এছাড়া বিক্রির শর্তে উল্লেখ আছে যে, প্রতিপক্ষের সঙ্গে বিরোধ মেটানোর পরই জায়গা বুঝিয়ে দেওয়া হবে। এ অবস্থায় সাইফুল ইসলাম আমাদের পক্ষ হয়ে মামলাও লড়ে যাচ্ছেন।   
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমত আরা এ্যানি বলেন, ‘আওয়ামী লীগের অফিস পুড়ানো মামলার তদন্তে থাকা এস.আই করিম গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে। কারো পক্ষ নিয়ে গ্রেপ্তারের বিষয়টি ঠিক নয়। এছাড়া ওই যুবকের বিরুদ্ধে সহিংসতার আরেকটি মামলা আছে’। গ্রেপ্তারের সময় প্রতিপক্ষে সাইফুল নামের ব্যক্তি কেন উপস্থিত ছিল সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেন নি।