সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সতীর বয়স এখন ষোল

news-image

রফিক আর আমেনার একমাত্র মেয়ে সতী। বাবার দেয়া নাম সতী হলেও মা ডাকে মুখপুড়ি বলে। কাউকে ছেড়ে দিয়ে কথা বলে না সতী। কারোর সঙ্গে কথায় অমত বা দ্বিমত হলে সাটাং করে জবাব দিয়ে ফেলে। বয়সের ধার ধারে না। নিজের মতটাকে টেনেটুনে দাঁড় করিয়ে ছাড়ে। রীতিমতো যুদ্ধ করতে প্রস্তুত থাকে সব সময়। মায়ের কাছে মেয়ের এই আচরণ মুখপুড়ির মতোন। সতীর খেলার সাথী বলতে এলাকার ছেলে কালাম। সে সতী বলেই ডাকে। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েলেখা করে দাঁড়িয়ে যায় কালাম। শত চেষ্টায়ও এগুতে পারে না। গরিব বাপের একটা চায়ের দোকান আছে রাস্তার মোড়ে। কালাম বাপের ব্যবসা দেখে, আর ফাঁক পেলে সতীর সঙ্গে গল্প করে, মার্বেল খেলে, রিকশার চাকা চালায় পিচের রাস্তায়। সাইকেলে ছুটে দৌড়ায় শহরময়। বয়স, বয়সের শারীরিক কোনো পরিবর্তনই সতীকে আটকাতে পারে না। পথচারীরা কৌতূহলে তাকায়। উঠতি বয়সের ছেলেরা শিস দিলেও তোয়াক্কা নেই। সতীর ডোন্ট কেয়ার ভাবটা বেশ শক্ত। ভাঙে না সহজে। সতী কেবল স্কুল গণ্ডি পার করেছে। খুব ভালো রেজাল্ট করতে পারেনি। সতীর আপসোস নেই তাতে। কিন্তু মায়ের ঘুম হারাম হয়ে গেছে। বোনপুতকে মুখপুড়ির জন্য ঠিক করে রেখেছে মা এক্কেবারে হামাগুড়ি থেকেই। বোন রোমেলার স্বামী আসাদের অগাধ টাকা। ব্যবসা রয়েছে। জমিজমাও বিস্তর। বোনপুত রাসেল পাস কোর্সে ডিগ্রি দেবে। নারায়ণগঞ্জের এক স্থানীয় কলেজে পড়ছে। একমাত্র ছেলে। বোনের আবদার, সতী যেন মোটামুটি লেখাপড়া করে। রাসেলের সমান না হোক, কাছাকাছি হোক পড়ালেখায়। বোনের শ্বশুরবাড়িতে যেন তার ইজ্জত থাকে। বেড়ে ওঠার এদিক, ওদিক সেই কথা বহুবার শুনিয়েছে মা সতীকে। স্মরণ করিয়ে দিয়েছে। লাভ হয়নি। সতী এক কান দিয়ে ঢুকিয়ে, অন্য কান দিয়ে বের করে দেয়। ওসব ধরে রাখার কোনো ইচ্ছাশক্তি নেই সতীর। বরং সাইকেল নিয়ে শহর চষে বেড়ানো অনেক সুখের।
শহরের প্রধান সড়ক, অলিগলি সুযোগ পেলেই ছুটে। শহরের যে দৃশ্যের মাঝে কেউ সৌন্দর্য খুঁজে পাওয়ার কথা ভাবতে পারে না, তেমন দৃশ্যে তন্ময় হয়ে সৌন্দর্য খুঁজে পায় সতী। ষোলো বছরের দুরন্তপনায় সতী, সতীর মতোই থেকেছে বরাবর। হঠাৎ ঘর থেকে উধাও হয়ে যাওয়া, আবার ঘরে ফিরে আসায় মহানন্দ সতীর। তোর খালা আসছে কাল। মায়ের কথায় গুরুত্ব দেয়ার কোনো কারণ খুঁজে পেল না সতী। বোন, বোনের বাসায় তো আসবেই, না মা? বেড়াতে আসছে না। আমার বোনের অত সময় নেই বেড়ানোর। বড় সংসার, তাকে একাই সামলাতে হয়। অনেক গুণ বোনটার।
শাড়ির আঁচল বারবার ঝেড়ে আমেনা শোনাতে লাগলেন নিজের বোনের কথা। তোমার তেমন গুণ হল না যে, মা? মুখপুড়ি মেয়ের প্রশ্ন আমেনার মাথায় আগুন ধরিয়ে দেয়। ধান দিলে খই হয়ে যাবে তাপে নির্ঘাত। এ কেমন প্রশ্ন! মুখের কোনো শ্রী নেই! কী করে তুই পরের ঘর করবি?
সেটা তো আমিও ভাবছি মা। আচ্ছা মা, তোমার বোনের এত্ত গুণ, তোমার বাবা কী তাকে বেশি ভালোবাসতেন?
এবার মেয়ের প্রশ্নে মা উত্তেজিত হলেন না, বরং চুপসে গেলেন। টের পেলেন আমেনা, মাথায় নিভু প্রায় আগুন। অব্যক্ত কষ্টের জলে হালকা ভিজেছে চোখ। আমি সবার ছোট। সবাই বেড়ে ওঠার পর যখন আমি বেড়ে উঠতে লাগলাম, তখন বাবার চাকরির বয়স শেষ। কপাল। বিয়েটাও হল যেনতেন। দীর্ঘশ্বাসের দৈর্ঘ্য বেশ বড় আমেনার।
এজন্য তোমার শরীরে এত রোগজ্বালা! আচ্ছা মা, বাবাকে তোমার পছন্দ নয়?
মুখপুড়ি, সে কথা কী কখনও একবারও বলেছি! বলোনি।
তবে তোমার আপসোস আছে, আমি টের পাই। প্রায়ই বাবার সঙ্গে তুমি ঝগড়া কর। আর কপালের দোষ দাও। অবলীলায় সতী, কথার পথে হাঁটে। প্রসঙ্গ বদলায় আমেনা। রাসেলের বড় ফুপুও আসছে। ওরা পাক্কা কথা বলে যাবে। একটু পরিষ্কার, পরিচ্ছন্ন থেকো।
আমার বিয়ের বয়স হয়নি, মা! আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না!
সতী যেন আমেনার ভাবনার গালে কষে চড় মারল। হতভম্ব আমেনা। তাড়াতাড়ি কোথায়? বয়স ষোল তোর। আমার তো পনেরোতে হয়েছে। মনে আছে বিয়ের দিন সারারাত তোর বাপ আমার মাথা টিপে দিয়েছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম। দ্যাখ সতী, আমি রোমেলাকে কথা দিয়েছি! আর এক্ষুণই তোকে তুলে দেব, সে কথা কে তোকে বলল? গোছগাছ করতেই তো বছর খানেক লেগে যাবে।
আমেনার কথায় গ্রাহ্য নেই সতীর। জোর করলে, অঘটন ঘটবে। অঘটনের পূর্বাভাস নিজ মুখে দেয় সতী। সহ্যের বাঁধ ভাঙে আমেনার। সি সার্ফে গলা চড়িয়ে প্রশ্ন করে আমেনা, তুই আমার পেটে থেকেছিস, না আমি তোর পেটে থেকেছি? আমার সন্দেহ হয়, আসলে আমি কোথায় থেকেছি! সতী, তার সন্দেহের কথা বলে মায়ের সামনের থেকে সরে যায়।
রফিক, স্ত্রী আমেনার কাছে অসহায়। অসহায়ত্বের কারণ, রফিকের স্বল্প আয়ের চাকরি। পুরো মাস সহজভাবে যায় না। মাঝামাঝিতে এসেই মাস আটকে যায়। অভাবের গিট্টুগুলো খানিক পর পর। ধারদেনায় সে সব গিঁট খুলতে হয়। আমেনার নিজ পরিবার, বংশ নিয়ে অহংকার বেশ বরাবরই। অলংকারের মতোন অহংকার, অঙ্গসজ্জায়। বিয়ের পর থেকেই সেই ধাক্কায় জর্জরিত হয়েছে রফিক। মাস আটকে গেলে, আমেনার এই আচরণের দাপট বেড়ে যায়। অথচ বাপের বাড়ি থেকে অভাব দূর করার আওয়াজ আসে না। নিজেও আনে না। সব সামলাতে হয় রফিককে একা।
বাবার বুকে মুখ লুকায় সতী। বাবা! মাকে বারণ কর! প্লিজ বাবা! রফিক শক্ত করে মেয়েকে বুকে ধরে রাখতে পারে না। আলগা থাকে শরীরের অঙ্গপ্রতঙ্গ। অভাব অনটনের শর্ত যেন। আমাকে জোর করলে, আমি কিন্তু একটা অঘটন ঘটিয়ে ফেলব। সতীর গলায় জোর। বেশ শক্ত হয়ে কথাটা বলে।
মেয়ের চুলের গন্ধ নেয় খুব গোপনে রফিক। বড্ড মায়াবী এই গন্ধ। চোখে শ্রাবণের নদী জেগে ওঠে। তোর মা ওদের কথা দিয়ে ফেলেছে। কী করে ফিরবে?
কথা দিয়ে ফেললেই সব শেষ হয়ে যায় বাবা? সতীর প্রশ্নে চিকন বাঁশের মতোন শরীর দুলে ওঠে রফিকের। শরীরে চামড়ার ভাঁজগুলোর টান ধরেছে বেশ কিছুদিন। খসখসে ভাবটা বেশ পুরনো হলেও এখন নতুন হয়ে ওঠে। বয়সের কারুকাজ দেহ ক্যানভাসে। রাসেলকে আমার ভালো লাগে না বাবা! আমি রাসেলকে খুন করে ফেলব, বলে দিলাম! কথা শেষ করে বের হয়ে যায় সতী।
মেয়েকে বাঁধা দেয়ার শক্তি নেই রফিকের। ভয় আছে ব্যাপক, ভয়াবহ। রান্নাঘর নিয়ে ব্যস্ত আমেনা। ঘরদোর পরিষ্কার করতে লোক লাগিয়েছে। নিজের বোন হলেও নতুন অতিথি। নতুন সম্পর্কের কারণে। রফিক, আমেনার পেছনে এসে দাঁড়ায়। রফিকের স্বভাব খুব ভালো বুঝে নিয়েছে আমেনা। বিশেষ করে সামনে আর পেছনে দাঁড়াবার বিষয়টি। রফিকের বুকে যখন অর্থবল থাকে, তখন সামনে এসে দাঁড়ায়। আর যখন থাকে না, তখন পেছন দাঁড়ায়।
কী সমস্যা তোমার! কর্কশ বিস্ময় আমেনার।
তুমি কী আরেকটু ভাববে?
সরু হয়ে যায় আমেনার চোখ। আমি জানি তুমি কী বলবে! ওই মুখপুড়ি তোমাকে পাঠিয়েছে! ওকে সাবধান করে দাও, আমার উপরে যেন কথা না বলে! নিজের ভালোমন্দ বুঝবার বয়স ওর হয়নি! আবোল-তাবোল যেন না বলে!
বয়স হয়নি বলেই তো এখন ওসব ভাবার দরকার নেই।
রফিকের কথায় আমেনার মনের চুলোয় জ্বলন্ত খড়িতে আরও খানিকটা খনিজ তেল পড়েছে। দাউ দাউ আগুন জ্বলে উঠে। কোমড়ের কাপড় শক্ত করে এদিক, ওদিক টেনে কণ্ঠদুয়ার পুরোটা খুলে দেয় আমেনা, কাল রোমেলা আসছে, আর আজ তুমি মেয়ের সঙ্গে যোগ দিচ্ছো! আর আমাকে অপমান করতে চাইছ! কী আছে তোমার? কী পার করতে, মেয়ের জন্য? নিজেদের মধ্যে একটা ভালো সম্বন্ধ এসেছে, আর তুমি নষ্ট করতে চাইছ, লজ্জ্বা করে না তোমার?
এসব প্রশ্ন পুরনো। বহুবার শোনা। নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় রফিক। মনে আর জায়গা নেই, নতুন দুঃখ রাখবার। সরে না গিয়ে উপায় কী রফিকের।
মেজাজ খারাপ নিয়ে এসে বসে সতী কালামের দোকানে। চার পায়ের এক পা ভাঙা বেঞ্চিতে ধপাস করে বসে। দুপুরে চায়ের কাস্টমার এমনিতেই কম। কাজের চাপ নেই কালামের। বিধ্বস্ত হয়ে আছে সতী।
কোনো সমস্যা?
উত্তর নেই। কালাম উত্তর খোঁজে না। বেশ যত্ন করে এককাপ চা বানায়, এগিয়ে দেয় সতীর দিকে। বন্ধুর ভালোবাসার ছোঁয়া আছে চায়ে। সতী খুব দ্রুত চুমুকে শেষ করে চা।
সাইকেল ম্যানেজ করতে পারবি?
এই কড়া দুপুরে সাইকেল চালাবি!
তোর সমস্যা? কালাম, সতীর প্রশ্নে হেসে ফেলে। এই হাসিটা সতীকে স্বাভাবিক রাখবার উদ্দেশ্যেই, সতী তা ভালো করে জানে।
চুলোর আগুন নিভে যায়। দুটো সাইকেলে দুটো প্রাণ ছুঁটে যায় গন্তব্যহীন পথে। কথায়, নীরবতায় অনেকটা সময় জুড়ে ওরা থেকে যায় বন্ধুত্বের মাঝে। আর সতী ভুলে থাকে কষ্ট। কালাম, তোর সঙ্গে যতক্ষণ থাকি, বাঁধাহীন লাগে নিজেকে। ইস্ সারা জীবন যদি এমনই দূরন্ত থাকা যেত! সতীর কথা মুগ্ধ হয়ে শোনে কালাম। সেও কী সম্ভব কোনোদিন, কালাম অন্যমনস্ক হয়ে যায় হঠাৎ হঠাৎ।
সকালবেলা চলে এসেছে আমেনার বোন রোমেলা, বোনজামাই আসাদ, ছেলে রাসেল আর বোনের ননাস। বেশ ঘটা করে আসা। হাতে দই আর মিষ্টি। আমেনার ব্যস্ততা তাদেরকে ঘিরে। সেইসঙ্গে কড়া নজরে রেখেছে সতীকে। কোনভাবেই যেন সতী ঘর থেকে বের হতে না পারে। বলা যায় না, কখন কী করে বসে। বিছানা ছাড়েনি সতী। অলস হয়ে শুয়ে আছে। আমেনা দু’বার ডেকে গেছে। তৈরি হওয়ার আদেশ দিয়েছে। সতীর মন নেই সেদিকে। তৃতীয়বারের মতোন আমেনা এসে দেখে, সতী শুয়ে। রাগ উপচে পড়ে।
এখনও শুয়ে! কেমন আচরণ তোর! তুই বুঝতে পারছিস না, আজকের দিনটি কি?
মায়ের কথায় বিছানা ছাড়ে সতী। উত্তর করে না।
তৈরি হয়ে নে! ভালো একটা শাড়ি পরিস। চোখে কাজল, কপালে টিপ দিস। চুল খোঁপা করবি। গড়গড় করে আদেশ দিয়ে আমেনা চলে যায়। সে নিজেও ভালো একটা শাড়ি পরেছে। হালকা সাজগোজও আছে। ম্যাচিং করে চুড়ি, কপালে টিপও আছে। অর্থের টানটান সংসারে আমেনার এমন সাজ আগে কখনও দেখেনি সতী। আজ আমেনা বেশ সেঁজেছে। মাকে দেখতে ভালো লাগছে। সতী, চোখ আড়াল করে মাকে দেখে নিয়েছে বেশ ক’বার। যেন মায়ের রূপ, মেঘের আড়ালেই ছিল এতদিন। ড্রইংরুম বলতে ছোট্ট একটা ঘর। সর্বোচ্চ ছয়জন বসা যায়। ছেলেকে কেন্দ্রে রেখে আমেনার বোন পরিবার নিয়ে তেমনভাবে বসেছে। সামনের টেবিলে রাখা নাশতা গাদাগাদি, ঠাসাঠাসি করে গোছানো। বাবাও আলমারি থেকে ইস্ত্রি করা পাঞ্জাবি গায়ে দিয়েছে। অবাক হয় সতী, তবে বুঝতে পারে এটাও মায়ের আদেশ, যা অগ্রাহ্য কবার সাহস বাবার চিকন বুকে নেই।
সবাইকে অবাক করে দিয়ে সতী গতকালকের পরিধেয় কাপড়ে মেহমানের সামনে এসে বসে। চুলে চিরুনি পরেনি। আঙুল চালিয়ে কোনো রকম ব্যবস্থায় চুলকে পরিমার্জিত করে রাখার চেষ্টা হয়েছে।
আমেনার চোখ অবিশ্বাসে টলমল। রফিকও খানিকটা বিব্রত। হবু বরবেশে আসা রাসেল হয়তো সতীকে চিনে উঠতে পারেনি। দাঁত দিয়ে নখ কাটছে এক মনে। রোমেলা সতীকে এভাবে দেখবে আশা করেনি। কিছুটা বেদনাহত দৃষ্টি তার।
কেমন আছ সতী? খালা সব সময় সতীকে তুই সম্বোধনেই কথা বলেছে। আজ তুমিতে যাওয়ায় কিছুটা অপ্রস্তুত সতী। তারপরও মাথা নেড়ে ভালো না থাকার অভিব্যক্তি প্রকাশ করে।
কেনো! কি হয়েছে তোমার? শরীর খারাপ?
ঘরের আশপাশে ব্যস্ত আমেনার কানে রোমেলার কথা পৌঁছাতেই ছুটে আসে। নাহ্! কী হবে সতীর? অনেক সুস্থ সে! কোনো অসুখ-বিসুখ নেই তো! ঘুম থেকে উঠেছে কেবল। তাই ওরকম লাগছে। যাও সতী, তৈরি হয়ে এসো! নিজের বোনের কাছে এতটা অপরিচিত হয়ে থাকার কী মানে বুঝে ওঠে না রফিক ও সতী।
কন্যাদায়গ্রস্থের মায়ের আচরণ মোটেও ভালো লাগে না সতীর। আমেনাও তুই থেকে তুমিতে চলে এসেছে। এ ধরনের ভদ্রতা অসহনীয়। রাসেল টের পেল, সতী তার সামনেই বসে আছে। খালাত ভাইটাও যেন অপরিচিত।
রাসেলের ফুপুর পালা এবার। তোমার নাম কী?
পাগলমার্কা প্রশ্ন। সতীর সমস্ত শরীরে বিদ্যুৎ বয়ে যায়। সর্ট সার্কিট হওয়ার মতোন অবস্থা।
বাহ্ রে আপনি বুঝি আমার নামই জানেন না? পাল্টা প্রশ্ন শুধু রাসেলের ফুপুকেই নয়, উপস্থিত সবাইকে ভড়কে দেয়। আমেনা অপ্রস্তুত। ভ্রুক্ষেপ নেই সতীর। সতী যেন উত্তাল ঢেউ নিয়ে বইতে শুরু করেছে। আমার নাম সতী। বয়স ষোল। মেট্রিক পরীক্ষায় কোনো রকম পাস করেছি। ভালো কলেজে পড়ার খুব একটা চান্স নেই। হয়তো প্রাইভেটে ইন্টারমিডিয়েট দিতে হবে। আমার প্রিয় বন্ধু কালাম। ভালো লাগে ওর সঙ্গে সাইকেল চালিয়ে শহর ঘুরতে আর ওর দোকানে বসে চা খেতে।
এ কী বলে মেয়ে! আকাশ খান খান হয়ে ভেঙে পড়ে আমেনার মাথায়। ঘর জুড়ে নীরবতা। ছয় জোড়া চোখ অপলকে দেখছে সতীকে।
এক পর্যায়ে আমেনা সতীকে টেনে নিয়ে যায় পাশের ঘরে। দরজা বন্ধের শব্দটা বেশ জোরে হয়। আমেনার রাগ, শব্দ হয়ে আছড়ে পড়ে ড্রইংরুমে। কথা পাকাপাকি আর হয় না। ফিরে যায় রোমেলা সান্ত্বনা নিয়ে, আল্লাহ যা করেছেন, ভালোই করেছেন। এমন মুখপুড়ি মেয়েকে ঘরের বউ করা ঠিক হতো না। আমেনার বাসায় বসেই এমন সত্য উপলদ্ধি করেছে তারা। রাসেলের ফুপু দু’রাকাত নফল নামাজও আদায় করেছেন।
সারারাত কেঁদে বুক ভাসিয়েছে আমেনা। ঘরের দরজা খোলেনি সতী। রফিক দু’পায়ে ভর করে রাত পার করেছে। ফজরের আজান কানে যেতে আর পারেনি রফিক নিজেকে শান্ত রাখতে। সতীর ঘরের দরজায় শব্দ করে ধাক্কা দিয়েছে। সতী! দরজা খোলো! রফিকের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসে। সঙ্গে আসে অজানা আশংকা। বন্ধ দরজার ওপারটা বড্ড নিশ্চুপ। আমেনার কান্নাও থেমে যায় রফিকের অশান্ত আচরণে। রফিকের সঙ্গে আমেনাও বলে ওঠে, সতী! দরজা খোলো! সতী দরজা খোলে না। দু’জনার সব শক্তি ঢেলে দেয় দরজায়। খুলে যায় বন্ধ দরজা। খাটের উপর বসে আছে সতী। দরজার পানে দৃষ্টি। আমেনা আর রফিক বুকে জড়িয়ে নেয় সতীকে।
সতীর কণ্ঠ ভেজা, মা! তোমার ভাঙা কপালের টুকরোগুলো, একদিন আমি জোড়া লাগিয়ে দেব! বিশ্বাস রেখো, মা!