শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র চীন সাগরে ঢুকলে সেনাবাহিনী রুখে দেবে

news-image

দক্ষিণ চীন সাগরে তৎপরতার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করে দিয়েছে চীন। এ সাগরে প্রায় সমগ্র অংশজুড়ে নিজের একক সার্বভৌমত্ব দাবি করে বেইজিং বলেছে, তাদের সমুদ্রসীমায় কাউকে ঢুকতে দেয়া হবে না। এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে মিলে দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। খবর এএফপি ও রয়টার্সের।
বৃহস্পতিবার চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমস এক নিবন্ধে বলেছে, যুক্তরাষ্ট্রের আচরণ উসকানিমূলক। চীনের উপকূলীয় দ্বীপ থেকে ১২ নটিক্যাল মাইল এলাকায় মার্কিন বাহিনী ঢুকতে চাইলে, চীনা সেনাবাহিনী অবশ্যই তা রুখে দেবে। এছাড়া চীনা পররাষ্ট্র মন্ত্রণলয়ের মুখপাত্র হুয়া চুনিং বৃহস্পতিবার বলেন, ‘দক্ষিণ চীন সাগরে সার্বভৌমত্ব লংঘনের আমরা তীব্র বিরোধিতা করছি।’


উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকায় নিজের সার্বভৌমত্ব দাবি করে বেইজিং। এমনকি প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রের উপকূলীয় এলাকাকেও নিজের বলে মনে করে চীন। তবে বেইজিংয়ের এসব আগ্রাসী মন্তব্য আমলে নিচ্ছে না ওয়াশিংটন। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার বলেন, বিশ্বের অন্যান্য স্থানের মতো দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায়ও মার্কিন সামরিক বাহিনী উপস্থিত থাকবে এবং তৎপরতা চালাবে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী ম্যারিস পেইনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন কার্টার। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘স্পর্শকাতর দক্ষিণ চীন সাগরেও মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির কোনো ব্যতিক্রম ঘটবে না। আন্তর্জাতিক আইন মেনে যেখানেই সম্ভব সেখানেই মার্কিন বিমান বাহিনী উড্ডয়ন করবে; মার্কিন নৌবাহিনী যাতায়াত করবে এবং তৎপরতা চালাবে। দক্ষিণ চীন সাগরেও এর কোনো ব্যতিক্রম হবে না।’ কার্টার আরও বলেন, যুক্তরাষ্ট্র নিজ পছন্দ অনুযায়ী স্থান এবং সময়ে এ কাজ করবে। কৌশলগতভাবে দক্ষিণ চীন সাগর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এলাকা। বিশ্বের এক-তৃতীয়াংশ তেলবাহী জাহাজ এ রুটে চলাচল করে। প্রশান্ত মহাসাগরের প্রান্তিক অংশের ৩৫ লাখ বর্গকিমি. এলাকাই দক্ষিণ চীন সাগর নামে পরিচিত। সিঙ্গাপুর থেকে মালাক্কা প্রণালী ঘুরে তাইওয়ান প্রণালী পর্যন্ত বিশাল এলাকাজুড়ে এর বিস্তৃতি। এর চারপাশ ঘিরে রয়েছে চীন, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্র“নাই ও ফিলিপিন্স। এসব দেশও এ সাগরের মালিকানা দাবি করে থাকে। ফিলিপিন্সের পক্ষে ভারত : দক্ষিণ চীন সাগর বিতর্কে ফিলিপিন্সকে সমর্থন জানিয়েছে ভারত। বুধবার ভারত-ফিলিপিন্স তৃতীয় যৌথ কমিশন বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ সমর্থন জানান। দক্ষিণ চীন সাগর সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে ম্যানিলার পাশে নয়াদিল্লি থাকবে বলে আশ্বস্ত করা হয়। ম্যানিলা এ সাগরকে পশ্চিম ফিলিপিন্স সাগর বলে উল্লেখ করে থাকে। ২০১৩ সালের প্রথম দিকে আন্তর্জাতিক সমুদ্রবিষয়ক আদালতে এ নিয়ে মামলা করে ফিলিপিন্স। চলতি মাসে তার রায় হওয়ার সম্ভাবনা রয়েছে।