ভূ-গর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির বিরল ছবি প্রকাশ করলো ইরান
প্রথম দেখায় মনে হবে জেমস বন্ড ছবির সেটের মতো – দুর্ভেদ্য পর্বতের ভেতর ইউনিফর্মধারী সেনা ও ভয়ালদর্শন ক্ষেপনাস্ত্র। মাটির নীচে খুব গভীরে পুরে রাখা হয়েছে সমরাস্ত্র। কিন্তু প্রকৃতপক্ষে এটি ইরানের সত্যিকার ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা স্থাপনার ছবি। দেশটির আধা-রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ফার্স নিউজ অ্যাজেন্সি এ ছবিগুলো প্রকাশ করেছে। এ খবর দিয়েছে সিএনএন। খবরে বলা হয়েছে, স্বচ্ছতার বিরল এক নজির গড়ে, ইরান বুধবার টানেলের ভেতর অবস্থিত ওই ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা স্থাপনার ছবি প্রকাশ করে। একটি পর্বতের নীচে মাটির প্রায় ১৬৪০ ফুট গভীরে রাখা হয়েছে এসব ক্ষেপনাস্ত্র। কয়েকদিন আগে রাষ্ট্রীয় গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছিল যে, নতুন প্রজন্মের দূর পাল্লার ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেছে ইরান। এর পরই এ নতুন ফুটেজ প্রকাশিত হলো।
এক মার্কিন কর্মকর্তা বলেন, ইরানের ওই ক্ষেপনাস্ত্র পরীক্ষা জাতিসংঘের প্রস্তাবনার লঙ্ঘণ হতে পারে। নিজেদের হাতে থাকা তথ্যের ভিত্তিতে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা ১৯২৯-এর লঙ্ঘণ ওই পরীক্ষা। ওই প্রস্তাবনা মোতাবেক, ব্যালাস্টিক মিশাইল স¤পর্কিত কোনো কর্মকান্ডে ইরান জড়িত থাকতে পারবে না। অবশ্য ইরানের সঙ্গে গত জুলাইয়ে হওয়া পারমাণবিক চুক্তির কোনো লঙ্ঘণ এ পরীক্ষায় হয়নি বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। কেননা, ওই চুক্তিতে শুধুমাত্র ইরানের পারমাণবিক অস্ত্র লাভের পথ বন্ধ করার বিষয়টি ছিল।
এক জ্যেষ্ট সেনা জেনারেল রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, নিজের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি স¤পূর্ণরূপে সংস্কার করছে ইরান। বিদ্যমান মজুদ আধুনিক সমরাস্ত্র দিয়ে প্রতিস্থাপন করছে। ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ নামে ওই কর্মকর্তা বলেন, আগামী বছরের মধ্যে বর্তমান মজুদের পরিবর্তে নতুন ও আধুনিক দূর পাল্লার ক্ষেপণাস্ত্র থাকবে ইরানের। এ ধরণের ক্ষেপণাস্ত্র সবগুলো ঘাঁটিতে রাখা হয়েছে। টেলিভিশনে প্রকাশিত ভূগর্ভস্থ স্থাপনাটির মতো প্রচুর স্থাপনা ইরানের রয়েছে বলে দাবি করেন ওই কর্মকর্তা। এ মাসের শুরুর দিকে তেহরান বিশ্ববিদ্যালয়ে দেয়া এক ভাষণে হাজিজাদেহ দাবি করেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রে সব সামরিক ঘাঁটি ইরানের ক্ষেপনাস্ত্রের আওতায় রয়েছে।











