মেসির হাতেই ব্যালন ডি’অর দেখছেন ম্যাথাউস , মেসিই ব্যালন ডি’অরের একমাত্র দাবিদার : ম্যাথুজ
এখনো অনেকটা সময় বাকি। বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার ফিফা ব্যালন ডি'অর জয়ীর নাম ঘোষণা করা হবে সেই জানুয়ারিতে। তার আগে ঘোষিত হবে ২৩ জনের তালিকা, সেটা ছোট করে জানানো হবে চূড়ান্ত তিনের নাম। এই সব প্রক্রিয়াই তো শেষ হয়নি এখনো। অথচ তার আগেই লোথার ম্যাথাউস বেছে নিয়েছেন এবারের ব্যালন ডি'অর জয়ীকে। ১১ জানুয়ারির গালা নাইটের মঞ্চে যে তিনজন উঠুক না কেন, জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক পরিষ্কার দেখছেন পুরস্কারটি উঠছে লিওনেল মেসির হাতে। আর্জেন্টাইন খুদে জাদুকরের হাতে 'সোনার বল'টা না উঠলেই বরং অবাক হবেন তিনি। বার্সেলোনার ত্রিমুকুট জেতার পথে মেসির অবদান সবচেয়ে বেশি। বরাবরের মতো। কাতালানদের ফুটবল ইতিহাসের দ্বিতীয় ত্রিমুকুট জেতার পথে আর্জেন্টাইন অধিনায়ক গোল করেছেন ৫৮টি। শুধু গোলের জন্য নয়, বরং বার্সেলোনার সাফল্যের পথে যেভাবে নিজের সেরাটা দিয়েছেন মেসি, তাতে একমাত্র তাঁকেই পুরস্কারটির যোগ্য হিসেবে দেখছেন ম্যাথাউস। 'ফিফা ডটকম'-এ দেওয়া সাক্ষাৎকারে ব্যালন ডি'অর নিয়ে প্রশ্ন আসতে তাই এক মুহূর্ত ভাবলেন না, বললেন, 'আমার মতে একজন খেলোয়াড়ই এটার দাবিদার- লিওনেল মেসি।' এতটা জোর দিয়ে বলার কারণ ব্যাখ্যায় ১৯৯১ সালের ব্যালন ডি'অর জয়ীর বক্তব্য, 'বার্সেলোনার হয়ে ও আরো একবার দুর্দান্ত পারফর্ম করেছে। শুধু চ্যাম্পিয়নস লিগে নয়, বরং দলের ঘরোয়া দুটি শিরোপা জেতার পথেও; যদিও জাতীয় দল আর্জেন্টিনার হয়ে সাফল্য ফসকে যাচ্ছে বারবার।'
২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করেছে মেসি। ২৪ বছর আগেও এই জার্মানি কাঁটা হয়ে দাঁড়িয়েছিল আর্জেন্টিনার শিরোপা জয়ের মঞ্চে। ওই দলের অধিনায়ক আবার ছিলেন ম্যাথাউস। ফুটবলের মহাযজ্ঞে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই জার্মান মেসিতে এতটাই মজে আছেন যে, অন্য কারো হাতে ব্যালন ডি'অর দেখাটা কল্পনাও করতে পারছেন না, 'মেসি অসাধারণ মানের এবং প্রতিনিয়ত দেখিয়ে চলেছে ওর খেলা তুলনাহীন। আমি ভীষণ অবাক হব যদি দেখি পুরস্কারটা অন্য কেউ নিয়ে যাচ্ছে।' ব্যালন ডি'অরের সঙ্গে সেরা কোচকেও বেছে নিয়েছেন ম্যাথাউস। তাঁর ভোট বার্সেলোনা কোচ লুই এনরিকের বাক্সে, 'তিনি (এনরিকে) সবচেয়ে ফেভারিট। এ বছর যেহেতু বিশ্বকাপ কিংবা ইউরো হয়নি তাই স্বাভাবিকভাবে বেছে নিতে হবে ক্লাব ফুটবলকে, আর সেখানে বার্সেলোনা সবাইকে ছাড়িয়ে।'
নেইমারও ব্যালন ডি'অর দেখছেন মেসির হাতে। 'মুন্দো দেপোর্তিভো'কে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকা ক্লাব সতীর্থের বাক্সে ফেলছেন নিজের ভোট, 'লিও ফেভারিট। এই বছর ব্যালন ডি'অরের দাবিদার মেসি, ইতিমধ্যে ঠিক হয়ে গেছে বিশ্বসেরা খেলোয়াড়ের নাম।' তাহলে কি নিজেকে রাখছেন না বিশ্বসেরা খেলোয়াড়ের দৌড়ে? এত দ্রুত মেসিকে টপকে যাওয়ার সাহস দেখাতে চান না, বরং 'প্রিয়' খেলোয়াড়ের কাছ থেকে নেইমার শিখতে চান আরো, 'আশা করছি মেসির সঙ্গে খেলে নিজেকে আরো পরিণত করতে পারব। ও আমার আদর্শ। যদি ভালোমতো সব কিছু শিখতে পারি তাহলে হয়তো একদিন আমিও জিতব। অবশ্যই সেরা তিনে থাকতে চাই, আর সেটা হলে দারুণ হবে।' সেটা জানতে আরো কিছুদিনের অপেক্ষা। যদিও বিশ্বসেরা খেলোয়াড়ের সিংহাসন বদল হচ্ছে বলেই ধারণা ফুটবল বিশ্লেষকদের। ম্যাথাউস তো বলেই দিয়েছেন! মেইল অনলাইন
মেসিই ব্যালন ডি'অরের একমাত্র দাবিদার : ম্যাথুজ
জার্মানির বিশ্বকাপ গ্রেট লোথার ম্যাথুজের চোখে লিওনেল মেসিই সেরা। এই বছরের ফিফা ব্যালন ডি'অর জেতার জন্য মেসির কোনো প্রতিদ্বন্দ্বী দেখছেন না তিনি। আর্জেন্টিনা ও বার্সেলোনার খেলোয়াড়কেই সমর্থন দিচ্ছেন ম্যাথুজ। সেই সাথে বর্ষসেরা কোচের পুরস্কার জেতার জন্য তার ফেভারিটও বার্সেলোনার লুই এনরিক।
মেসি বার্সেলোনাকে গেল মৌসুমে দ্বিতীয় ট্রেবল জেতায় বড় সহায়তা করেছেন। ৫৮ গোল করেছেন বার্সেলোনার হয়ে। এ ছাড়া আর্জেন্টিনাকে এই বছরের কোপা আমেরিকার ফাইনালে নিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মেসি।
এসব দেখে মেসিকে ব্যালন ডি'অর জেতার একমাত্র দাবিদার মানছেন ম্যাথুজ। "এই পুরস্কারের দাবিদার শুধু একজন খেলোয়াড়ই; লিওনেল মেসি।" ১৯৯০ সালের ফিফা বিশ্ব বর্ষসেরা খেলোয়াড় ম্যাথুজ ফিফার ওয়েবসাইটে বলেছেন, "ক্লাবের সাথে অন্য এক উচ্চতায় উঠে গেছে সে। শুধু চ্যাম্পিয়ন্স লিগই জেতেনি সে, জিতেছে কোপা (দেল রে) এবং লিগা ডাবল। যদিও আর্জেন্টিনার পক্ষে শিরোপাটা পায়নি। সবকিছুর পরও গোল করার রেকর্ড তার পক্ষে কথা বলছে। বলছে তার শ্রেষ্ঠত্বের কথা ও বার্সার সাথে তার বিজয়ের কাহিনী।" ম্যাথাউজ চারবারের ফিফা ব্যালন ডি'অর জয়ী মেসির প্রসঙ্গে আরো বলেছেন, "অসাধারণ মানের একজন সে। খেলায় তার স্বাতন্ত্র্য সব সময়ই থাকে। শিরোপাটা তার কাছে না গেলে আমি অবাকই হবো।"
এই জার্মান বলছিলেন কোচিং অ্যাওয়ার্ডের কথাও। তার চোখে বার্সেলোনার কোচ এনরিক ফেভারিট। তার প্রসঙ্গ টেনে ম্যাথাউজ বলেছেন, "এই বছর বিশ্বকাপ কিংবা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ছিল না। স্বাভাবিকভাবে ক্লাব ফুটবলের দিকেও নজর দিতে হবে। আর বার্সেলোনা ছিল সবার সেরা।"











