শীতের সবজি বাজারে
১৫ দিনের মধ্যে সরবরাহ দ্বিগুণ হবে বলে মনে করছেন কৃষকরা, দামও নাগালের মধ্যে আসার সম্ভাবনা বন্যার সঙ্গে লড়াই করা কৃষকদের ক্ষেতে অবশেষে সবজি উৎপাদন শুরু হয়েছে। এর ফলে বাজারে সবজি সরবরাহও বেড়েছে। এদিকে কক্সবাজারের চকরিয়া, চট্টগ্রামের দোহাজারী এবং বান্দরবানের লামা ও আলীকদমে শীতের আগাম সবজি উৎপাদন শুরু হয়েছে। এই কারণে চট্টগ্রামের আড়তে সবজি সরবরাহ বাড়ায় দামও কিছুটা কমেছে। তবে আগামী ১৫ দিনের মধ্যে সরবরাহ দ্বিগুণ হবে বলে মনে করছেন কৃষকরা। ওই সময় দামও নাগালের মধ্যে চলে আসবে বলে আড়তদারদের ধারণা। চকরিয়ার কাকারা ইউনিয়নের কৃষক মোহাম্মদ তাহের বলেন, 'চার দফা বন্যার সঙ্গে লড়াই করে নিঃস্ব হওয়া এখানকার কৃষকরা সবজি ফলিয়ে টিকে থাকতে চাইছেন। কিন্তু সবজি ধরার আগ মুহূর্তে অবিরাম বর্ষণে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছি।
কোরবানির ঈদের পর থেকে গাছ থেকে চিচিঙ্গা, ঢেঁড়স ও খিরা সংগ্রহ শুরু হয়েছে। গত এক সপ্তাহ ধরে চলা বৃষ্টি না হলে আরো আগেই সবজি বাজারে আসত।' আড়তদাররা জানান, চট্টগ্রামে সবজির বৃহৎ আড়ত রিয়াজউদ্দিন বাজারে কোরবানির ঈদের পর শীতের আগাম সবজি আসা শুরু হয়। তবে গত কদিনে সবজির সরবরাহ বেড়েছে নিশ্চিত করে রিয়াজউদ্দিন বাজারের একতা বাণিজ্যালয়ের কর্ণধার নাসির উদ্দিন বলেন, 'বৃষ্টি না হলে আরো এক সপ্তাহ আগে থেকেই শীতের সবজি বাজারে আসত। বাজারে ক্রেতা চাহিদার শীর্ষে থাকা চকরিয়া ও দোহাজারীর সবজি আসা শুরু হয়েছে। ফলে দামও কিছুটা কমেছে।'
ব্যবসায়ীরা জানান, রিয়াজউদ্দিন বাজারে দুই ধরনের সবজি বিক্রি হয়। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে আসা সবজিগুলোকে 'লাইনের সবজি' এবং চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকার সবজিগুলো 'স্থানীয় সবজি' বা 'দেশি সবজি' হিসেবে বিক্রি হয়। এর মধ্যে স্থানীয় সবজির চাহিদা বেশি। এগুলোর দামও 'লাইনের সবজির' তুলনায় বেশি।
সরেজমিন দেখা যায়, রিয়াজউদ্দিন বাজারের আড়তে গতকাল বুধবার স্থানীয়ভাবে উৎপাদিত মুলা কেজি ৬০ টাকা এবং লাইনের মুলা ৫৫ টাকায় বিক্রি হয়েছে। আর বরবটি বিক্রি হয় মানভেদে ৪৫ থেকে ৫৫ টাকা এবং স্থানীয়ভাবে উৎপাদিত চিচিঙ্গা ২৮ থেকে ৩০, তিত করলা ৫০ থেকে ৫৫ এবং ঢ়েঁড়স ৫০ থেকে ৫৫ টাকা।জানা যায়, রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা কৃষকের ক্ষেতে গিয়ে সবজি সংগ্রহ করে নিয়ে আসেন। আর আড়তদাররা কমিশনের ভিত্তিতে সেগুলো বাজারে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। কিন্তু সামপ্রতিক বন্যায় বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না। এ বিষয়ে কৃষক মোহাম্মদ শফিউল্লাহ বলেন, 'কাকারার ক্ষেত থেকে ব্যবসায়ীদের কাছে চিচিঙ্গা বিক্রি করছি ৩৫ টাকায়, খিরা ১৫ ও ঢেঁড়স ৫২। অথচ চকরিয়া সদরে নিয়ে গেলে কেজিপ্রতি সবজিতে তিন থেকে পাঁচ টাকা বেশি দরে বিক্রি করা যায়। তবে এখানে সবজি আগে উৎপাদন হওয়ায় ব্যবসায়ীরা নিজেরাই মাঠে চলে আসছেন।'
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ বলেন, 'এ পর্যন্ত এখানে ১২০০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে। ইতোমধ্যে মুলাসহ বেশ কিছু সবজি বাজারে এসেছে। পুরোদমে উৎপাদন শুরু হতে আরো ১৫ দিন লাগবে।
' বন্যায় সরকারি প্রণোদনা ছাড়াই কৃষকরা মাঠে সবজি চাষ করেছেন। চকরিয়া উপজেলায় দফায় দফায় বন্যার কারণে পার্বত্য এলাকা লামার অংলাপাড়ায় গিয়ে ছয় কানি জমিতে খিরা চাষ করেছেন তরুণ কৃষক আবু বকর।
তিনি বলেন, 'কোরবানির ঈদের পর প্রথমদিকে ৩৫ টাকা কেজি দরে খিরা ব্যবসায়ীরা ক্ষেত থেকেই কিনে নিয়েছেন। এখন তা কমে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এ পর্যন্ত আমি এক হাজার মন খিরা বিক্রি করেছি। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় সরাসরি ট্রাকে সবজি চট্টগ্রামে নিতে পারছেন ব্যবসায়ীরা। এতে পরিবহন খরচও কমে যাচ্ছে।' পার্বত্য উপজেলা আলীকদম থেকেও আসছে প্রচুর সবজি। কোরবানির ঈদের আগে থেকেই সেখান থেকে সবজি আসছে চট্টগ্রামে। সেখানকার কৃষক মোহাম্মদ আমিন বলেন, 'আমি এবার এক কানি জমিতে সবজিচাষ করেছি। আমার উৎপাদিত চিচিঙ্গা কেজি ৩২ টাকা, তিত করলা ৪০, ঢেঁড়স ৪৫ এবং বরবটি ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছি।' তিনি জানান, তাঁর দেড় কানি জমিতে চাষকৃত বেগুন গাছে এখন ফুল এসেছে। আগামী ১৫ দিনের মধ্যেই বাজারে আসবে সবজি।











