শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় শক্তির মদদদাতারা বিদেশি হত্যার পেছনে : তোফায়েল

news-image

দেশে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার প্ররোচনাদানকারীরাই সম্প্রতি বাংলাদেশে দুজন বিদেশিকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার ভারতীয় হাইকমিশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন। ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ এ সময় মঞ্চে ছিলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী দিনগুলোর কথা স্মরণ করেন। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লন্ডন ও দিল্লি হয়ে ঢাকায় ফেরা, পরবর্তীতে বঙ্গবন্ধুর জন্মদিনের আগেই বাংলাদেশ থেকে ভারতীয় সেনাদের ফিরে যাওয়ার স্মৃতিচারণাও করেন তিনি। তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর মতো তাঁর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছেন। তিনি বলেন, 'যখন আমরা অগ্রগতির পথে এগিয়ে চলেছি, আন্তর্জাতিক বিশ্বে যখন আমরা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছি, ঠিক সেই সময় দু-একটি ঘটনা ঘটিয়ে যারা আমাদের দেশকে ছোট করতে চায়, যারা আমাদের মর্যাদাহানি করতে চায়, একদিন বাংলার মানুষের কাছে তাদের মুখোশ উন্মোচিত হবে।'

 

বাণিজ্যমন্ত্রী বলেন, 'আমার বলতে দ্বিধা নেই, যারা ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন করতে দিতে চায়নি, যারা তৃতীয় শক্তি আনার প্ররোচনা দিয়েছিল, যারা ৯২ দিন ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত হয়ে মায়ের কোল খালি করে ব্যর্থ হয়েছে, তারাই দুজন বিদেশিকে হত্যা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে।' প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, 'বাঙালি বীরের জাতি। বাংলাদেশের অগ্রগতি বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই। ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হব। লক্ষ্য নির্ধারণ করে যারা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে তারা একদিন লক্ষ্যে পৌঁছবেই। যেমন জাতির পিতা পৌঁছেছেন, বঙ্গবন্ধুকন্যাও একদিন পৌঁছবেন।' ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক এখন সব ক্ষেত্রে উন্নতির চূড়ায় উঠছে। তিনি হাইকমিশনার পঙ্কজ শরণের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বলেন, পঙ্কজ শরণের অন্যত্র চলে যাওয়ার সময় হওয়ায় বাংলাদেশকে তাঁকে হারাতে হবে। ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি (আইটেক) এবং সাংস্কৃতিক সহযোগিতাবিষয়ক ভারতীয় কাউন্সিল (আইসিসিআর) দিবস উপলক্ষে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে আইটেক ও আইসিসিআর অ্যালামনাইরা ছাড়াও বাংলাদেশ থেকে ভারত সফরকারী যুব প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, এই সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশের বিশাল প্রতিভা ও সম্ভাবনার উদ্‌যাপন। এটি এ দেশের মানুষের স্বপ্ন ও প্রত্যাশার উদ্্যাপন। আইটেক ও আইসিসিআর অ্যালামনাইদের সম্মান জানানোর মাধ্যমে বাংলাদেশের মতো মহান দেশকে ভারত সম্মান জানাচ্ছে। পঙ্কজ শরণ বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভারতের কাছে বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ। এ সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে তার ওপর শুধু ভারত নয়, বাংলাদেশের জনগণের ভাগ্যও নির্ভর করছে। তিনি আশা করেন, আইটেক ও আইসিসিআর অ্যালামনাইদের ভারতে কারিগরিসহ বিভিন্ন খাতে অর্জিত জ্ঞান বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজে লাগবে। দুই দেশের মানুষের মধ্যে সরাসরি যে যোগাযোগ সৃষ্টি হয়েছে, তা উভয় দেশের অভিন্ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আইটেক ও আইসিসিআর অ্যালামনাইদের কয়েকজন ভারতে তাঁদের প্রশিক্ষণ নেওয়ার স্মৃতিচারণা করেন।