পেনশনারদের ১৬ কোটি ৬ লক্ষাধিক টাকা আত্বসাত ব্রাহ্মণবাড়িয়ায় ২২ জনকে আসামী করে মামলা
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া সোনালী ব্যাংক প্রধান শাখা (ট্রেজারী শাখা) থেকে পেনশনারদের ১৬ কোটি ৬ লাখ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক ও হিসাব রক্ষন বিভাগের ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িযা সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়স্থ সোনালী ব্যাংকের প্রধান শাখার সাবেক ব্যবস্থাপক সিরাজুল হককে এ মামলার প্রধান আসামী করা হয়েছে। মামলার এজাহারে ২০০৬ সালের মার্চ থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২৬০০ থেকে ২৭০০ পেনশন গ্রহীতাকে একমাসে একাধিকবার পেনশন প্রদান দেখিয়ে এবং পেনশন বিলে প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে এই টাকা আত্বসাত করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। মামলার অন্যান্য আসামীরা হচ্ছেসোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার সাবেক ব্যবস্থাপক বর্তমানে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের পরীক্ষন ও নিরীক্ষা বিভাগ-১ এর সহকারী মহাব্যবস্থাপক কিশোরগঞ্জের নিকলী উপজেলার মজলিশপুরের ফজলুর রহমান,সাবেক অফিসার ও যগ্ম জিম্মাদার বর্তমানে সোনালী ব্যাংক সরাইল শাখার সিনিয়র অফিসার ক্যাশ আখাউড়ার টনকী গ্রামের মোতাহার হায়দার মোল্লা,সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখায় কর্মরত এক্সিকিউটিভ অফিসার ও যুগ্ম জিম্মাদার(সাধারণ) বাঞ্চারামপুরের ফরদাবাদের মো: আবদুল ওয়াদুদ, একই শাখার সাবেক ক্যাশ অফিসার বিজয়নগর উপজেলার মেরাশানীর মিজানুর রহমান,প্রাক্তন ক্যাশ অফিসার বর্তমানে প্রধান কার্যালয়ের পার্সোনাল ম্যানেজমেন্ট ডিভিশনএ কর্মরত অবস্থায় বরখাস্তকৃত বিজয়নগর উপজেলার হাজীপুর গ্রামের খলিলুর রহমান,জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার উলচাপাড়ার সিদ্দিকুর রহমান,সাবেক হিসাব রক্ষন কর্মকর্তা নরসিংদীর কান্দারপাড়ার অনিল চন্দ্র দাশ,সাবেক জেলা হিসাব রক্ষন কর্মকর্তা বর্তমানে রাষ্ট্রপতির কার্যালয়ে প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা হিসেবে কর্মরত মানিকগঞ্জের শানবান্ধা গ্রামের অবিনাশ চন্দ্র মন্ডল,সাবেক জেলা হিসাব রক্ষন কর্মকর্তা বর্তমানে অবসরপ্রাপ্ত চাদপুরের মতলব উপজেলার মালিক নেওয়াজ,প্রাক্তন জেলা হিসাব রক্ষন কর্মকর্তা বর্তমানে ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার এফসি (আর্মি পি-১) হিসেবে কর্মরত বরিশালের বানারীপাড়া উপজেলার শাহ মো: মঞ্জুর আহমেদ,প্রাক্তন জেলা হিসাব রক্ষন কর্মকর্তা বর্তমানে শরীয়তপুর জেলা হিসাবরক্ষন কর্মকর্তা হিসেবে কর্মরত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আবদুল হান্নান,প্রাক্তন জেলা হিসেব রক্ষন কর্মকর্তা বর্তমানে শিক্ষা মন্ত্রনালয়ের প্রধান হিসাব রক্ষন কার্যালয়ের হিসাব রক্ষন কর্মকর্তা কুমিল্লার দেবীদ্বার উপজেলার আবু তাহের, জেলা হিসাব রক্ষন কার্যালয়ের প্রাক্তন সুপার ও বর্তমানে কুমিল্লা বুড়িচং উপজেলার হিসাব রক্ষন কর্মকর্তা নোয়াখালীর চাটখীল উপজেলার মোখলেছুর রহমান,জেলা হিসাব রক্ষন কার্যালয়ের এসএএস সুপার বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা হিসেবে কর্মরত সিলেট বিয়ানীবাজারের আবদুল মোমিত চৌধুরী,জেলা হিসাব রক্ষন কার্যালয়ের এসএএস সুপার বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরের খলিলুর রহমান মোল্লা,সাবেক এসএএস সুপার কুমিল্লা সদর দক্ষিনের বর্তমান উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা চাদপুর শাহরাস্তি উপজেলার বিল্লাল হোসেন, সাবেক এসএএস সুপার কুমিল্লার চান্দিনার হিসাব রক্ষন কর্মকর্তা কুমিল্লার বুড়িচং উপজেলার কবির আহমেদ,প্রাক্তন অডিটর বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটের আনোয়ারুল ইসলাম খান,প্রাক্তন অডিটর বর্তমানে ঢাকা সিজিএ সুপার হিসেবে কর্মরত শহরের মুন্সেফপাড়ার নাজমুল আলম,প্রাক্তন জুনিয়র অডিটর বর্তমানে অডিটর হিসেবে কুমিল্লা জেলা হিসাব রক্ষন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত কুমিল্লা সদরের আবদুল বারেক,প্রাক্তন অডিটর আশুগঞ্জ উপজেলা হিসেব রক্ষন কার্যালয়ে বর্তমানে অডিটর হিসেবে কর্মরত শহরের পাওয়ার হাউজ রোডের ওয়াহিদুর রহমান। দুদক সুত্রে জানা যায়- অর্থ আতœসাতের ঘটনাটি ধরা পড়লে সোনালী ব্যাংক কর্র্তৃপক্ষ ২০১৩ সালে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ বিচারিক হাকিমের আদালতে একটি মামলা দায়ের করে। আদালতের এ মামলাটিকে অভিযোগ হিসেবে গ্রহন করে দুদুক অনুসন্ধান শুরু করে। দুদকের তৎকালীন সহকারী পরিচালক রফিকুল ইসলাম ও উপসহকারী পরিচালক হুমায়ুন কবির যৌথভাবে প্রথমে অনুসন্ধান চালান। দীর্ঘদিন অনুসন্ধানের করে তা অসম্পন্ন রেখে সহকারী পরিচালক রফিকুল ইসলাম অন্যত্র বদলী হয়ে যান। ২০১৪ সালে পরবর্তী সহকারী পরিচালক নুরুল হুদা ও উপসহকারী পরিচালক আতাউল কবির আবার অনুসন্ধান শুরু করেন। তারা অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেলে গত বছরের মার্চ মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট মামলার অনুমতি চাওয়া হয়। মামলার এজাহার বলা হয়-দুদকের অনুসন্ধানে ২০০৬ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত একজন পেনশনারকে একাধিকবার পেনশন পরিশোধ দেখিয়ে ৫৪ লাখ ৫৬ হাজার ৫৫২ টাকা এবং যোগফলে বেশী দেখিয়ে ৯৮ হাজার ৮৫৬ টাকা,২০০৭ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত একজন পেনশনারকে একাধিকবার পেনশন পরিশোধ দেখিয়ে ১ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৩৫০ টাকা এবং যোগফলে বেশী দেখিয়ে ৩ লাখ ৭০ হাজার ৭৯০ টাকা,একইভাবে ২০০৮ সালের জানুয়ারী থেকে ২০১১ সালের ফেব্রুয়ারী পর্যন্ত ভুয়া পেনশন পরিশোধ দেখিয়ে মোট ১৫ কোটি ৪৯ লাখ টাকা এবং পেনশন বিলে প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে যোগফলে ইচ্ছাকৃত ভুল করে টাকার অংক বাড়িয়ে ৫৭ লাখ ২ হাজার ৯৩৬ টাকা আত্বসাত করা হয়। সর্বমোট ১৬ কোটি ৬ লাখ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাত করা হয়। মামলার বাদী দুদকের সহকারী পরিচালক নুরুল হুদা বলেন -অনুসন্ধান শেষে দূর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদন পেয়ে তারা মামলাটি দায়ের করেছেন। এখন তদন্ত করা হবে।











